ইসলামিক ব্যাংকিংয়ে সুশাসন প্রশ্নবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

ইসলামী ব্যাংকিং খাতে আস্থা ও সুশাসন নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। একদিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী নিজেদের

2026-11-18T02:30:26+00:00
2026-11-18T02:30:26+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বিজনেস
ইসলামিক ব্যাংকিংয়ে সুশাসন প্রশ্নবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:৩০ এএম 
ছবি : সংগৃহীত
ইসলামী ব্যাংকিং খাতে আস্থা ও সুশাসন নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। একদিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী নিজেদের জমা অর্থ তুলতে না পেরে আন্দোলনে নেমেছেন অন্যদিকে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকের চেয়ারম্যানের ওপর বহিরাগত চাপ প্রয়োগ ও তাকে হেনস্থার অভিযোগ উঠেছে। দুটি ঘটনা পৃথক হলেও ব্যাংকিং প্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনায় সুশাসনের ঘাটতি উদ্বেগ বাড়িয়েছে সংশ্লিষ্টদের।

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অভিযোগ, হেয়ারকাট বাতিলের সিদ্ধান্ত হলেও অর্থ উত্তোলনের ক্ষেত্রে আগের বিধিনিষেধ পুরোপুরি কাটেনি। বিশেষ করে দীর্ঘমেয়াদি আমানতের মেয়াদ শেষ হওয়ার পরও টাকা ফেরত পেতে জটিলতায় পড়ছেন তারা।

মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রামের আগ্রাবাদ ব্যাংকপাড়া এলাকায় আখতারুজ্জামান সেন্টারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম কমিটির সদস্যরা। তাদের দাবি, রেজল্যুশন ব্যবস্থা বাতিল, স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু এবং আমানতের বিপরীতে মুনাফার হার বাড়াতে হবে।

কর্মসূচিতে অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক এ কে এম আলাউদ্দিন আজাদ বলেন, অনেক গ্রাহক পাঁচ থেকে ছয় বছর মেয়াদি আমানত, ডাবল ও ট্রিপল বেনিফিট স্কিম এবং ডিপিএসে অর্থ রেখেছিলেন। মেয়াদ শেষ হলেও তারা টাকা ফেরত পাচ্ছেন না। বরং রেজল্যুশনের শর্ত দেখিয়ে আরও দুই বছর টাকা ব্যাংকে রাখার কথা জানানো হচ্ছে। তিনি বলেন, ব্যাংকের অনিয়ম ও লুটপাটের অভিযোগের পরিণতি ভোগ করতে হচ্ছে সাধারণ আমানতকারীদের। নিজেদের সঞ্চয়ের অর্থ ফেরত পেতে তাদের আন্দোলনে নামতে হচ্ছে।

আমানতকারীদের আরেকটি অভিযোগ, সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতের বিপরীতে ৪ থেকে ৫ শতাংশ মুনাফা দেওয়া হচ্ছে। অথচ অন্য বাণিজ্যিক ব্যাংকে একই ধরনের আমানতে ৯ থেকে সাড়ে ৯ শতাংশ পর্যন্ত মুনাফা পাওয়া যাচ্ছে।

আলাউদ্দিন আজাদ জানান, অনেক আমানতকারী ব্যাংকটির পুনরুদ্ধার চান। তবে অর্থ উত্তোলনের সীমাবদ্ধতা ও কম মুনাফার কারণে কেউ কেউ তিন মাস মেয়াদি আমানতসহ বিভিন্ন মেয়াদের আমানত ভেঙে অন্য ব্যাংকে অর্থ সরিয়ে নিচ্ছেন।

আমানতকারীদের দাবি, ব্যাংকের অ্যাপ ও কার্ড সেবা চালু এবং এক মাস, ১০০ দিন ও ছয় মাস মেয়াদি আমানতসহ বিভিন্ন ধরনের আমানত উত্তোলনের সুযোগ দিতে হবে। অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শারমিন আক্তার বলেন, অন্যান্য তফসিলি ব্যাংকের মতো সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদেরও স্বাভাবিক নিয়মে অর্থ জমা ও উত্তোলনের অধিকার দিতে হবে।


নিয়োগে চেয়ারম্যানকে চাপের অভিযোগ : ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক (জিএম) পদে নিয়োগকে কেন্দ্র করে বহিরাগত হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী ব্যাংকের সাবেক ডিএমডি মাহবুব আলম ও সাবেক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) আমিনুর রহমানকে ওই পদে নিয়োগ দিতে তদবির করছিলেন জামায়াতে ইসলামীর পল্টন থানার সাবেক আমির শাহিন আহমেদ খান।

ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেনের অভিযোগ, পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে তার ওপর চাপ প্রয়োগের পাশাপাশি অশালীন ভাষায় গালাগাল করা হয়েছে। বিষয়টি তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জানিয়েছেন বলেও জানান।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, মাহবুব আলম ও আমিনুর রহমানকে নিয়োগ দেওয়ার বিষয়ে বেশ কয়েক দিন ধরেই বিভিন্ন পর্যায়ে সুপারিশ ও তদবির চলছিল। ব্যাংকের গুরুত্বপূর্ণ একটি সহযোগী প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগ নিয়ে এমন অভিযোগ ওঠায় প্রতিষ্ঠানটির প্রশাসনিক সিদ্ধান্ত কতটা স্বাধীনভাবে নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আর্থিক চাপের মধ্যে প্রশাসনিক অস্থিরতা : নিয়োগ নিয়ে বিতর্কের মধ্যেই ইসলামী ব্যাংকের আর্থিক অবস্থার অবনতির তথ্য সামনে এসেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির নিট লোকসান হয়েছে ৩ হাজার ৩০৩ কোটি টাকা। এর মধ্যে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে লোকসান ১ হাজার ৯৭৬ কোটি টাকা। অথচ আগের বছরের একই সময়ে ব্যাংকটি প্রায় ৭৯ কোটি টাকা মুনাফা করেছিল।

এদিকে ব্যাংকটির মালিকানা সরকারের হাতে চলে যাচ্ছে— এমন খবর ছড়িয়ে পড়ার পর অভ্যন্তরীণ অস্থিরতা বেড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। আর্থিক লোকসান, মালিকানা নিয়ে অনিশ্চয়তা এবং নিয়োগে বহিরাগত প্রভাবের অভিযোগ মিলিয়ে ব্যবস্থাপনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

দুটি প্রতিষ্ঠানের সংকটের ধরন আলাদা হলেও উভয় ক্ষেত্রেই আমানতকারীদের স্বার্থ, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্ন সামনে এসেছে। সংশ্লিষ্টদের মতে, শুধু আর্থিক পুনরুদ্ধার বা মূলধন জোগান নয়, আমানতকারীদের অর্থ ব্যবহারের স্বাধীনতা, স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া এবং বহিরাগত প্রভাবমুক্ত পরিচালনা নিশ্চিত করলেই ব্যাংকগুলোর প্রতি আস্থা ফিরিয়ে আনা সম্ভব।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   ইসলামিক ব্যাংকিং  সুশাসন  প্রশ্নবিদ্ধ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: