প্রতীকী ছবিঢাকার একটি ক্যাফের মালিক নীরব (ছদ্মনাম) এক বছর ধরে ব্যাংক থেকে নিজের টাকা তুলতে পারছেন না। তিনি বলেন, ‘যতবারই ব্যাংকে গেছি, কোনো সদুত্তর পাইনি।’ তাকে শুধু বলা হয়েছে, ব্যাংকে ‘তারল্য সংকট’ রয়েছে। নীরব শুধু একাই এমন পরিস্থিতিতে পড়েছেন, তা নন। অন্তত ছয়টি প্রতিষ্ঠানের আমানতকারীরা অভিযোগ করেছেন, তারা তাদের জমানো টাকা তুলতে পারছেন না। এই অর্থ তারা হয়তো রেখেছিলেন সন্তানদের বিয়ে বা মা-বাবার শেষকৃত্যের মতো জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য। খবর দ্য ইকোনমিস্টের।
বাংলাদেশের ব্যাংকিং খাতের বড় একটি অংশ এখন ‘দেউলিয়া’ হওয়ার দ্বারপ্রান্তে। এর একটি বড় কারণ হলো শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে সংঘটিত লুটপাট। তিনি টানা ১৫ বছর ক্ষমতায় ছিলেন এবং ২০২৪ সালে ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। দুর্নীতির কারণে ব্যাংকগুলো এখন খেলাপি ঋণের ভারে জর্জরিত, যার একটি বড় অংশ আর কখনোই ফিরে আসবে না। যে প্রভাবশালী ব্যক্তিরা (অলিগার্ক) ব্যাংকগুলো পরিচালনা করতেন এবং একই সঙ্গে সেখান থেকে বিপুল ঋণ নিয়েছিলেন, তাদের অনেকেই এখন কারাগারে অথবা পলাতক।
এর ফলে ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি ঋণ (এনপিএল)। তুলনামূলকভাবে ভারতে এই হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ। সামগ্রিকভাবে পুরো খাতই এখন দেউলিয়া দশায় রয়েছে; নিট সম্পদের পরিমাপক হিসেবে ব্যবহৃত ‘ক্যাপিটাল-টু-রিস্ক-ওয়েটেড অ্যাসেটস’ (মূলধন ও ঝুঁকিপূর্ণ সম্পদের অনুপাত) এখন ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশে নেমেছে।
প্রায় ১৮ কোটি মানুষের আবাসস্থল বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল দেশ। এ দেশে অর্থনৈতিক ক্ষেত্রে চমৎকার সাফল্য এবং রাজনৈতিক ক্ষেত্রে ভয়াবহ পরিস্থিতির যে ‘বাংলাদেশ প্যারাডক্স’ বা বৈপরীত্য রয়েছে, তা এখন অত্যন্ত খারাপ পরিণতির দিকে মোড় নেওয়ার ঝুঁকিতে পড়েছে। ১৯৭১ সালে স্বাধীনতার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা দেশটিকে ‘বাস্কেট কেস’ (তলাবিহীন ঝুড়ির সমতুল্য) হিসেবে অভিহিত করেছিলেন, যেখানে ছিল চরম দারিদ্র্য, বারবার বন্যা, আর বিশ্বের কাছে তাদের একমাত্র ‘রফতানি’ ছিল শরণার্থী।
অথচ পরবর্তী সময়ে বাংলাদেশ উন্নয়নের এক বিস্ময়কর সাফল্যের গল্প হয়ে ওঠে। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবার উন্নতি এবং শিক্ষা খাতের দুর্বলতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে দেশটি অভাবনীয় সাফল্য দেখায়। আর এসবই ঘটেছে দুর্বল শাসনব্যবস্থা ও ভঙ্গুর প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে। কারণ বাংলাদেশ দীর্ঘ সময় ধরে ত্রুটিপূর্ণ গণতন্ত্র এবং সামরিক অভ্যুত্থানের চক্রে আবর্তিত হয়েছে।
বর্তমানে নতুন গঠিত সরকার নিজেদের কর্তৃত্ব সুসংহত করতে হিমশিম খাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফেব্রুয়ারির নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের স্থলাভিষিক্ত হয়েছে। বিএনপি বর্তমানে এক কঠিন অর্থনৈতিক সংকটের মুখোমুখি। একদিকে রয়েছে ব্যাংকিং খাতের বিপর্যয়, অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সফল রফতানি শিল্প পোশাক খাতে ধর্মঘট। এ ছাড়া দেশে শৃঙ্খলা বজায় রাখতেও দলটি হিমশিম খাচ্ছে। শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন জানানোর পর রাজধানীতে ৫০টিরও বেশি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সরকারের দাবি, এর পেছনে আওয়ামী লীগের হাত ছিল। যদিও এটি সম্ভবত শেখ হাসিনার একটি কৌশল মাত্র। রক্তক্ষয়ী দমন-পীড়নে ভূমিকার জন্য তিনি অনুপস্থিত থাকা অবস্থায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। শেখ হাসিনা যদি সত্যিই ফিরে আসেন, তবে তিনি নতুন সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিবাদের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেন।
বাংলাদেশের উত্তাল রাজনীতির সঙ্গে অর্থনীতির সংযোগ ঘটেছে ব্যাংকিং খাতের মাধ্যমে। শেখ হাসিনার শাসনামলে ব্যাংক লুটের ঘটনা নিয়ে অন্তর্বর্তী সরকারের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত করেছিলেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘ব্যাংক লুটপাটের স্বৈরাচারী পদ্ধতির উত্তরাধিকার— আমরা ঠিক এই বিষয়টিই মোকাবিলা করছি।’
খেলাপি ঋণ বা মন্দ ঋণের বড় অংশই রয়েছে দুই ধরনের ব্যাংকে; সুদের বিষয়ে ধর্মীয় বিধিনিষেধ মেনে চলো ইসলামী ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রীয় ব্যাংক। উভয় ধরনের ব্যাংকেরই উচ্চপদগুলোতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছিল। তবে দেশের সাধারণ বাণিজ্যিক ব্যাংকগুলোর অবস্থা তুলনামূলক ভালো।
উদাহরণ হিসেবে নেওয়া যাক ইসলামী ব্যাংকের কথা। এটি দেশটির অন্যতম বড় ঋণদাতা প্রতিষ্ঠান। জামায়াতে ইসলামীর সঙ্গে এই ব্যাংকটির সম্পর্ক ছিল। পরবর্তীতে এস আলম শিল্পগোষ্ঠী জোরপূর্বক ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ আনা হয়েছিল, যা তারা অস্বীকার করে। এস আলমের মালিক মোহাম্মদ সাইফুল আলম মাসুদ শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী। ইসলামী ব্যাংকের মোট ঋণের প্রায় অর্ধেকই পরবর্তীতে এস আলমের বিভিন্ন কোম্পানিকে দেওয়া হয়। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সিঙ্গাপুরের নাগরিক মোহাম্মদ সাইফুল আলম লোকচক্ষুর আড়ালে চলে গেছেন। জামায়াতে ইসলামীর দাবি, ইসলামী ব্যাংকের বিরুদ্ধে আনা আগের অভিযোগগুলো ছিল সম্পূর্ণ সাজানো। এর উদ্দেশ্য ছিল ব্যাংকটির নিয়ন্ত্রণ আওয়ামী লীগের পছন্দের ব্যক্তিদের হাতে তুলে দেওয়া।
ইতিবাচক দিক থেকে দেখলে খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধির পেছনে স্বচ্ছতা বাড়াও একটি কারণ। ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংক ঋণগ্রহীতাদের বকেয়া ঋণের মূল অঙ্কের দুই শতাংশ পরিশোধের সুযোগ দেয়। এর মাধ্যমে তারা পরবর্তী এক বছরের জন্য অন্যান্য কিস্তি পরিশোধ স্থগিত রাখার এবং অবশিষ্ট অর্থ পরিশোধের জন্য ১০ বছর সময় পাওয়ার সুযোগ পায়। একবার এই দুই শতাংশ অর্থ পরিশোধ করা হলে সেই ঋণগুলো আর ‘খেলাপি ঋণ’ হিসেবে গণ্য হতো না।
২০২০ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করেছিল যে, খেলাপি ঋণের প্রকৃত অনুপাত সরকারিভাবে উল্লেখিত প্রায় ১০ শতাংশের দ্বিগুণ পর্যন্ত হতে পারে। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের আমলে খেলাপি ঋণের সংজ্ঞায় পরিবর্তন আনা হয়। এর মাধ্যমে ৯০ দিন বা তার বেশি সময় ধরে বকেয়া থাকা ঋণকেও খেলাপি হিসেবে গণ্য করা হচ্ছে, যা একটি আন্তর্জাতিক মানদণ্ড। এখন খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩৩ শতাংশে।
ব্যাংকিং খাতের এই সংকট উন্নয়নের গতিকে রুদ্ধ করে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার ২০২৫ সালের প্রায় ১০ শতাংশ থেকে কমে এ বছর ৪ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে, যা গত ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন। এ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির হার মাত্র ৩ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই হার শেখ হাসিনার পতনের আগেকার ৬ দশমিক ৫ শতাংশের তুলনায় অনেক কম। অন্তর্বর্তী সরকার দাবি করেছিল, আগের সেই হার অতিরঞ্জিত ছিল। তবে প্রবৃদ্ধির এই মন্থর গতির কারণ কেবল আর্থিক সমস্যা নয়। জ্বালানি সংকটের কারণে, বিশেষ করে ইরান যুদ্ধের শুরুর মাসগুলোতে অনেক কারখানা বন্ধ হয়ে গেছিল। বর্তমানে ধর্মঘটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে।
বিশ্বব্যাংকের ধারণা, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো দারিদ্যের হার বাড়তে পারে, যা কয়েক দশক ধরে দারিদ্র্য কমার যে ধারা ছিল, তার বিপরীত। কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত ব্যাংকগুলোকে জরুরি সহায়তা হিসেবে ৬২০ কোটি ডলার (জিডিপির ১ দশমিক ২ শতাংশ) দিয়েছে। তবে এটি যথেষ্ট হওয়ার সম্ভাবনা কম। রেটিং সংস্থা মুডিসের প্রাক্কলন অনুযায়ী এই খাতকে পুনর্গঠন বা মূলধন জোগানোর জন্য আগামী কয়েক বছরে জিডিপির ১০ শতাংশ সমপরিমাণ অর্থের প্রয়োজন হতে পারে।
নতুন সরকারের পদক্ষেপ গ্রহণের ধীরগতি নিয়েও উদ্বেগের লক্ষণ রয়েছে। গত জুন মাসে সরকার সংকটে থাকা কিছু ঋণগ্রহীতার জন্য কিস্তি পুনর্নির্ধারণের সুযোগ দেয়। এ ছাড়া নতুন একটি নিয়মের মাধ্যমে ব্যাংকগুলোর জন্য ঋণগ্রহীতাদের কাছ থেকে সুদ আদায়ের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, যার ফলে ঋণদাতারা ঝুঁকির বিপরীতে সঠিক সুদহার নির্ধারণ করতে পারছেন না। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা কোনো সমস্যা এড়িয়ে যাচ্ছি না বা ভবিষ্যতের ওপর চাপিয়ে দিচ্ছি না। আমরা বরং ব্যালেন্স শিট বা আর্থিক বিবরণী পরিষ্কার করার চেষ্টা করছি। কোনো ভালো সম্পদ বা প্রকল্প যদি সহায়তার প্রয়োজন বোধ করে অর্থাৎ যার মেয়াদ কিছুটা বাড়ানো যেতে পারে, তবে আমরা তাদের ঋণ পরিশোধের জন্য প্রয়োজনীয় সময় বা সুযোগ দেওয়ার চেষ্টা করব।’
বিদেশ থেকে উল্লেখযোগ্য সহায়তা না পাওয়ায় ধুঁকতে থাকা ব্যাংকগুলোর মূলধন পুনর্গঠনের জন্য সরকারের হাতে খুব সীমিত সম্পদ রয়েছে। কর ফাঁকির ব্যাপক প্রবণতার কারণে সরকারের কর আহরণ অত্যন্ত কম। জিডিপির মাত্র সাত শতাংশ রাজস্ব হিসেবে সংগ্রহ করতে পারে তারা। দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটেও এটি খুবই নগণ্য। যেমন— পাকিস্তানে এই হার প্রায় ১০ শতাংশ। এ ছাড়া খাদ্য ও জ্বালানি খাতে ভর্তুকি দেওয়ার ফলে সরকারের বাজেটে জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ ঘাটতি রয়েছে। এই ঘাটতি মেটাতে সরকারকে ব্যাংকগুলোর (মূলত ভালো মূলধনসম্পন্ন বেসরকারি ব্যাংকগুলোর) ওপর নির্ভর করতে হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের জরুরি তারল্য সহায়তা বাজারে অর্থের সরবরাহ বাড়িয়ে দিচ্ছে, যা প্রকারান্তরে মূল্যস্ফীতিকে উসকে দিচ্ছে।
বাংলাদেশের স্থবিরতা ও উচ্চ মূল্যস্ফীতিতে আক্রান্ত অর্থনীতি এখন আর রাজনীতির প্রভাব থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না। একজন অর্থনীতিবিদের মতে, বিএনপির সঙ্গে যুক্ত প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীগুলো ১৫ বছর ধরে লুটপাটের সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিল এবং তারা খুব বেশি দিন আর বঞ্চিত থাকতে চাইবে না। এই পরিস্থিতি তাদের জন্য ব্যাংকগুলোকে ঢেলে সাজানোর (বা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার) একটি কারণ হতে পারে, যা একই সঙ্গে তাদের নতুন অনুগত গোষ্ঠীকে পুরস্কৃত করার পথও খুলে দেবে। একজন সাবেক সরকারি কর্মকর্তার কথায়, ‘মৌলিকভাবে, বাংলাদেশে আসলে কিছুই বদলায়নি।’
সময়ের আলো/প্রিন্ট/জেডি