ছবি : সংগৃহীত দেশের তৈরি পোশাক রফতানি বাড়লেও উচ্চমূল্যের পোশাকের বাজারে প্রত্যাশিত অগ্রগতি নেই। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশের পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। তবে এই প্রবৃদ্ধির প্রায় পুরোটাই এসেছে মৌলিক বা বেসিক পোশাক থেকে। বিপরীতে উচ্চমূল্যের ও উন্নত ধরনের পোশাকের রফতানি বেড়েছে মাত্র শূন্য দশমিক ৬৭ শতাংশ। ফলে সামগ্রিক রফতানি বাড়লেও পণ্যবৈচিত্র্যে অগ্রগতির বদলে মৌলিক পোশাকের ওপর নির্ভরতা আরও বেড়েছে।
রফতানি বেড়েছে ৭৬ কোটি ডলার
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে বাংলাদেশ ১ হাজার ৩৭৫ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি করেছে। গত অর্থবছরের একই সময়ে রফতানির পরিমাণ ছিল ১ হাজার ২৯৯ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রফতানি বেড়েছে প্রায় ৭৫ কোটি ৬০ লাখ ডলার।
তবে এই বাড়তি রফতানি আয়ের প্রায় ৭৩ কোটি ডলার এসেছে মৌলিক পোশাক থেকে। অর্থাৎ মোট রফতানি প্রবৃদ্ধির প্রায় ৯৭ শতাংশের অবদান বেসিক পোশাকের। অন্যদিকে উচ্চমূল্যের পোশাক থেকে বাড়তি রফতানি এসেছে মাত্র ১ কোটি ২০ লাখ ডলার।
মৌলিক পোশাকের ওপর নির্ভরতা বাড়ছে : আলোচ্য সময়ে মৌলিক পোশাক রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ২৭ শতাংশ বেড়ে ১ হাজার ৭৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। মোট পোশাক রফতানিতে এই শ্রেণির পণ্যের অংশও বেড়েছে। গত অর্থবছরের প্রথম চার মাসে মোট রফতানিতে বেসিক পোশাকের অংশ ছিল ৭৭ দশমিক ৩৫ শতাংশ। এবার তা বেড়ে হয়েছে ৭৮ দশমিক ৪১ শতাংশ।
মৌলিক পোশাকের রফতানি বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে তিনটি পণ্য। এর মধ্যে বটমওয়্যার বা ট্রাউজারজাতীয় পোশাকের রফতানি বেড়েছে ২৮ কোটি ৭০ লাখ ডলার। সোয়েটার ও কার্ডিগানের রফতানি বেড়েছে ১৯ কোটি ৫০ লাখ ডলার। আর টি-শার্ট ও ভেস্টের রফতানি বেড়েছে ১৪ কোটি ১০ লাখ ডলার। এই তিন পণ্য মিলেই মোট পোশাক রফতানি বৃদ্ধির প্রায় ৮২ শতাংশ এসেছে।
প্রধান পণ্যগুলোর মধ্যে সোয়েটার রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে সবচেয়ে বেশি, ৮ দশমিক ৪৩ শতাংশ। এ ছাড়া ছোট আনুষঙ্গিক পণ্য বা স্মল অ্যাকসেসরিজের রফতানি বেড়েছে ১১ দশমিক ২৬ শতাংশ। তবে এই পণ্যশ্রেণির রফতানির পরিমাণ ছিল মাত্র ৪ কোটি ৬০ লাখ ডলার।
আধা-মৌলিক পোশাকেও গতি কম : শার্ট ও ব্লাউজের মতো পণ্য নিয়ে গঠিত আধা-মৌলিক বা সেমি-বেসিক পোশাকের রফতানিতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি নেই। জুলাই-অক্টোবর সময়ে এ শ্রেণির পোশাক রফতানি বেড়েছে মাত্র ১ দশমিক ২৩ শতাংশ। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১১১ কোটি ডলারে।
মোট পোশাক রফতানিতে আধা-মৌলিক পোশাকের অংশও কমেছে। গত অর্থবছরের একই সময়ে এই অংশ ছিল ৮ দশমিক ৪২ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম চার মাসে তা নেমে এসেছে ৮ দশমিক ০৫ শতাংশে।
উচ্চমূল্যের পোশাকে প্রবৃদ্ধি মাত্র শূন্য দশমিক ৬৭ শতাংশ : পোশাক রফতানির সবচেয়ে দুর্বল চিত্র দেখা গেছে উন্নত বা উচ্চমূল্যের পণ্যের ক্ষেত্রে। আলোচ্য সময়ে এ ধরনের পোশাকের রফতানি বেড়েছে মাত্র শূন্য দশমিক ৬৭ শতাংশ। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১৮৬ কোটি ডলারে।
সামগ্রিক পোশাক রফতানি বৃদ্ধিতে এই শ্রেণির অবদানও খুবই সামান্য। চার মাসে মোট পোশাক রফতানি বেড়েছে প্রায় ৭৫ কোটি ৬০ লাখ ডলার। এর মধ্যে উচ্চমূল্যের পোশাক থেকে বাড়তি রফতানি এসেছে মাত্র ১ কোটি ২০ লাখ ডলার।
উন্নত পোশাকের কয়েকটি উপশ্রেণিতে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও অন্য কয়েকটিতে রফতানি কমেছে। আউটারওয়্যার বা বাইরের পোশাকের রফতানি বেড়েছে ৩ কোটি ৮০ লাখ ডলার। টেকনিক্যাল ওয়্যারের রফতানি বেড়েছে ১ কোটি ৬০ লাখ ডলার। তবে এই দুই পণ্যের ইতিবাচক প্রবৃদ্ধি অন্য পণ্যগুলোর রফতানি কমে যাওয়ার প্রভাব কাটাতে পারেনি।
ড্রেস ও স্পোর্টসওয়্যারের রফতানি কমেছে : উচ্চমূল্যের পোশাকের কয়েকটি গুরুত্বপূর্ণ উপশ্রেণিতে রফতানি কমেছে। জুলাই-অক্টোবর সময়ে ড্রেসের রফতানি কমেছে ১২ দশমিক ৮৩ শতাংশ। স্পোর্টসওয়্যার ও অ্যাকটিভওয়্যারের রফতানি কমেছে ৮ দশমিক ২৪ শতাংশ। আর স্যুট ও এনসেম্বলের রফতানি কমেছে ১৪ দশমিক ৯৭ শতাংশ।
এই তিন শ্রেণির পোশাকের রফতানি সম্মিলিতভাবে প্রায় ৪ কোটি ১০ লাখ ডলার কমেছে। এর প্রভাব পড়েছে মোট পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যের অংশেও। গত অর্থবছরের প্রথম চার মাসে মোট পোশাক রফতানিতে উন্নত পোশাকের অংশ ছিল ১৪ দশমিক ২৩ শতাংশ। চলতি অর্থবছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৫৪ শতাংশে।
পণ্যবৈচিত্র্যে পিছিয়ে বাংলাদেশ : রফতানির এই চিত্রে বাংলাদেশের তৈরি পোশাক খাতের একটি বড় সীমাবদ্ধতা ফুটে উঠেছে। সামগ্রিক রফতানি আয় বাড়লেও পণ্যের ধরনে বৈচিত্র্য আসছে না। বরং যেসব মৌলিক পোশাক বাংলাদেশ আগে থেকেই বেশি উৎপাদন ও রফতানি করে, সেগুলোর ওপর নির্ভরতা আরও বাড়ছে।
অন্যদিকে তুলনামূলক বেশি মূল্য সংযোজন হয় এমন পোশাকের রফতানিতে প্রবৃদ্ধি অত্যন্ত সীমিত। উচ্চমূল্যের পোশাকের কয়েকটি উপশ্রেণিতে রফতানি কমে যাওয়ায় মোট রফতানিতে এ ধরনের পণ্যের অংশও হ্রাস পেয়েছে।
অর্থবছরের প্রথম চার মাসের এই চিত্র মূলত প্রথম প্রান্তিকের প্রবণতারই ধারাবাহিকতা। অর্থাৎ বাংলাদেশের পোশাক রফতানি বাড়লেও সেই প্রবৃদ্ধির ভিত্তি এখনও মূলত প্রচলিত ও মৌলিক পণ্য। উচ্চমূল্যের পোশাকের বাজারে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় রফতানি পণ্যের বৈচিত্র্য বাড়ানোর চ্যালেঞ্জও রয়ে গেছে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি