প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৩২ পিএম
ছবি : সংগৃহীত আমদানির নথিতে এক পণ্যের নাম উল্লেখ থাকলেও কায়িক পরীক্ষায় মিলেছে অন্য পণ্য। কোথাও আবার ঘোষণার তুলনায় বেশি পাওয়া গেছে ভিন্ন ধরনের পণ্য। এভাবে পণ্যের ভুল ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকির তিনটি ঘটনা শনাক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। ঢাকার পানগাঁও ও মোংলা কাস্টমস হাউসে এসব চালানের চূড়ান্ত শুল্কায়ন শেষে অতিরিক্ত রাজস্ব ও জরিমানা বাবদ আদায় হয়েছে ১ কোটি ২৫ হাজার ২৮৮ টাকা।
বুধবার এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, অধিদফতরের অ্যানালাইসিস উইংয়ের ঝুঁকি বিশ্লেষণে চালান তিনটিতে অসংগতি ধরা পড়ে। পরে চালানগুলো আটকে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।
এর মধ্যে পানগাঁও কাস্টমস হাউসে এম/এস নবিলা ফ্যাশন ও রুবাবা বুটিকসের দুটি চালানে অসংগতি পাওয়া যায়। গত ৭ ও ৮ নভেম্বর দাখিল করা বিল অব এন্ট্রি নম্বর ২০৯৫ ও ২০৯৭-এর বিপরীতে চালান দুটির মোট ঘোষিত ওজন ছিল ৩৪ হাজার ৮২৮ কেজি। আমদানিকারকরা পণ্য হিসেবে স্কার্ফ ও শালের ঘোষণা দিলেও পরীক্ষায় স্কার্ফের তুলনায় লেডিস শাল ও মিনি শালের পরিমাণ বেশি পাওয়া যায়।
পণ্য দুটির এইচএস কোড ও করহার একই হলেও শুল্কায়ন মূল্যের পার্থক্য থাকায় রাজস্ব ফাঁকির সুযোগ ছিল বলে জানায় এনবিআর। চূড়ান্ত শুল্কায়নের পর প্রথম চালান থেকে ৪৯ লাখ ৮৮ হাজার ৭৮৯ টাকা ৫৬ পয়সা এবং দ্বিতীয় চালান থেকে ৩৯ লাখ ৬৩ হাজার ৪১৮ টাকা ৪৪ পয়সা অতিরিক্ত রাজস্ব আদায় করা হয়। দুই চালানে আদায়ের পরিমাণ ৮৯ লাখ ৫২ হাজার ২০৮ টাকা।
অন্যদিকে মোংলা কাস্টমস হাউসে আবির ট্রেডার্সের একটি চালানে গ্যাসের চুলার যন্ত্রাংশের সঙ্গে আমদানি করা কাচের পণ্যে অসংগতি পাওয়া যায়। ২৫ হাজার ৪৩২ কেজি নেট ওজনের চালানটিতে কাচের জন্য এইচএস কোড ৭০০৬.০০.০০ ঘোষণা করা হয়েছিল। কিন্তু কায়িক পরীক্ষায় গ্যাসের চুলায় ব্যবহৃত টেম্পার্ড টপ গ্লাস পাওয়া যায়। পরীক্ষণ প্রতিবেদনে পণ্যটির সঠিক এইচএস কোড উল্লেখ করা হয় ৭০০৭.১৯.৯০।
এ চালান থেকে ৪ লাখ ৭৩ হাজার ৮০ টাকা অতিরিক্ত রাজস্ব আদায়ের পাশাপাশি ৬ লাখ টাকা অর্থদণ্ড ও বিমোচন জরিমানা আদায় করেছে মোংলা কাস্টমস হাউস। সব মিলিয়ে আদায় হয়েছে ১০ লাখ ৭৩ হাজার ৮০ টাকা।
এনবিআর জানিয়েছে, ঝুঁকি বিশ্লেষণ ও কায়িক পরীক্ষার মাধ্যমে তিনটি চালানের অসংগতি শনাক্ত হওয়ায় অতিরিক্ত রাজস্ব ও জরিমানা আদায় সম্ভব হয়েছে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি