বীমা খাতে গ্রাহকের ৭৭৭৯ কোটি টাকা আটকে

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতো বীমা খাতেও গ্রাহকের অর্থের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। দেশে জীবন ও সাধারণ

2026-11-18T22:48:45+00:00
2026-11-18T22:57:04+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বিজনেস
বীমা খাতে গ্রাহকের ৭৭৭৯ কোটি টাকা আটকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ পিএম  আপডেট: ১৮.১১.২০২৬ ১০:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মতো বীমা খাতেও গ্রাহকের অর্থের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। দেশে জীবন ও সাধারণ বীমা মিলিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গ্রাহকদের পাওনা ১০ হাজার ৬১১ কোটি টাকা। এর মধ্যে ৭ হাজার ৭৭৯ কোটি টাকা এখনও পরিশোধ করা হয়নি। অর্থাৎ বীমা দাবির প্রায় ৭৩ শতাংশ আটকে রয়েছে। এ পরিস্থিতির জন্য খাতটির অনিয়ম, অব্যবস্থাপনা ও জবাবদিহির ঘাটতিকে দায়ী করে অনুসন্ধানী সাংবাদিকতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সংগঠনটির সদস্যদের গ্রুপ বীমা চুক্তি নবায়ন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিতুমীর বলেন, দেশের ব্যাংকিং খাতের অনিয়ম ও লুটপাট নিয়ে আলোচনা হলেও বীমা খাতের সংকট তুলনামূলকভাবে আড়ালে থেকে যাচ্ছে। অথচ গ্রাহকের দাবি পরিশোধ না করা এবং স্বার্থ সুরক্ষায় ব্যর্থতার কারণে এ খাতেও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি জানান, দেশে জীবন ও সাধারণ বীমা মিলিয়ে ৮২টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে সাতটি প্রতিষ্ঠানকে গত সরকারের সময়ে লাইসেন্স দেওয়া হয়েছে। বিশেষ করে সাধারণ বীমা খাতের অবস্থা উদ্বেগজনক। এ খাতে দাবি পরিশোধের হার মাত্র ১১ দশমিক ৩ শতাংশ।

অর্থ উপদেষ্টার মতে, শুধু কত টাকা দাবি অনিষ্পন্ন রয়েছে তা প্রকাশ করলেই দায়িত্ব শেষ হবে না। কেন এসব দাবি পরিশোধ হচ্ছে না, কারা এর জন্য দায়ী এবং রাজনৈতিক প্রভাব বা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো কীভাবে গড়ে উঠেছে তা খতিয়ে দেখা প্রয়োজন।

তিনি আরও বলেন, গত দেড় দশকে ব্যাংক ও বীমা খাতে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার প্রভাব দীর্ঘদিন অর্থনীতিকে বহন করতে হবে। দুর্বল আর্থিক প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে জনগণের করের টাকা ব্যবহারের ক্ষেত্রেও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে ডিআরইউ সদস্যদের গ্রুপ বীমা সুবিধা চালু রাখতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে এক বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়। চুক্তির আওতায় ২০ থেকে ৬০ বছর বয়সি প্রায় দুই হাজার সদস্য বীমা সুবিধা পাবেন। স্বাভাবিক মৃত্যুতে তিন লাখ, দুর্ঘটনাজনিত মৃত্যুতে তিন লাখ ৮০ হাজার, অঙ্গহানিতে এক লাখ এবং গুরুতর অসুস্থতাজনিত অস্ত্রোপচারে ৭০ হাজার টাকা দেওয়া হবে।


অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন উপস্থিত ছিলেন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। এ সময় বীমা দাবির আওতায় দুই সদস্যের পরিবারের হাতে যথাক্রমে তিন লাখ ও ৭০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 

  বিষয়:   বীমা খাত  গ্রাহক  কোটি টাকা  আটকে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: