প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৪২ পিএম
পদ্মা ব্যাংকের অফিসিয়াল লোগো। ছবি : সংগৃহীত খেলাপি ঋণের ভার, বিপুল মূলধন ঘাটতি ও ক্রমবর্ধমান আর্থিক সংকটে থাকা পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণে রেজুলেশন প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটিকে সচল রাখতে নতুন মূলধন সরবরাহ, অন্য ব্যাংকের সঙ্গে একীভূতকরণ কিংবা বিকল্প কোনো পদ্ধতিতে নিষ্পত্তির বিষয় বিবেচনা করছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত পরিকল্পনা প্রকাশ করা হতে পারে। গত মঙ্গলবার গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, পদ্মা ব্যাংক বন্ধ করে দেওয়ার পরিবর্তে এর কার্যক্রম চালু রাখার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সম্ভাব্য বিকল্পগুলো পর্যালোচনা করে ব্যাংকটির ভবিষ্যৎ কাঠামো নির্ধারণ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন পর্যন্ত পদ্মা ব্যাংকের মোট ঋণের পরিমাণ ছিল ৫ হাজার ৫৩৯ কোটি টাকা। এর মধ্যে ৪ হাজার ৯৩৩ কোটি টাকাই খেলাপি, যা মোট ঋণের ৮৯ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে গত বছর শেষে ব্যাংকটির মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৬ হাজার ২২৪ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, পদ্মা ব্যাংককে রেজুলেশনের আওতায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে কোন পদ্ধতিতে ব্যাংকটির নিষ্পত্তি হবে, তা এক মাসের মধ্যে জানানো হবে।
উল্লেখ্য, ব্যাংক খাতের সংকট মোকাবিলায় ২০২৫ সালে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করা হয়, যা পরবর্তী সময়ে আইনে পরিণত হয়। সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকের পুরোনো মালিকদের পুনরায় মালিকানায় ফেরার সুযোগও বাতিল করা হয়েছে।
এই আইনের আওতায় পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক— এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এসব ব্যাংকের মোট ঋণের ৮৪ শতাংশের বেশি খেলাপি এবং সম্মিলিত মূলধন ঘাটতি দেড় লাখ কোটি টাকার বেশি।
নতুন ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের শেয়ার হিসেবে দেওয়ার কথা রয়েছে ১৫ হাজার কোটি টাকা। পাশাপাশি আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে ১২ হাজার কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ হিসেবে ৩৬ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।
সময়ের আলো/প্রিন্ট/জেডি