দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক সাফল্যের পর বর্তমানে নানা সংকটের মুখে পড়েছে বাংলাদেশ। সংগৃহীত ছবিদীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক সাফল্যের পর বর্তমানে নানা সংকটের মুখে পড়েছে বাংলাদেশ। দুর্বল ব্যাংকিং ব্যবস্থা, আন্তর্জাতিক জ্বালানি সংকট এবং লাগামহীন মূল্যস্ফীতির প্রভাবে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময় তিন বছর পিছিয়ে দিয়েছে সরকার। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অতিরিক্ত সময়কে কাজে লাগিয়ে ব্যাংক খাতে সংস্কার এবং রাজস্ব আদায় বাড়াতে ব্যর্থ হলে দেশের অর্থনীতি দীর্ঘমেয়াদি ঝুঁকির মধ্যে পড়তে পারে।
অর্থনৈতিক অগ্রগতির পরও নতুন চ্যালেঞ্জ
দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বাংলাদেশের ভৌগোলিক ও জনসংখ্যাগত অবস্থান তুলে ধরে বলা হয়েছে, তিন দিক থেকে ভারতবেষ্টিত না হলে বাংলাদেশকে একটি বিশাল শক্তি হিসেবেই বিবেচনা করা হতো। প্রায় ১৮ কোটি মানুষের এই দেশ ইউরোপের যেকোনো দেশের তুলনায় অধিক জনবহুল।
আগামী ২৪ নভেম্বর বাংলাদেশের জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার কথা ছিল। এই তালিকায় থাকা দেশগুলো তুলনামূলক কম সুদে উন্নয়ন ঋণ এবং উন্নত দেশগুলোর বাজারে কম শুল্কে পণ্য রফতানির সুযোগ পেয়ে থাকে।
এলডিসি উত্তরণের এই অর্জন উদ্যাপনের প্রস্তুতিও ছিল বাংলাদেশিদের। যদিও এর ফলে পোশাক রফতানিকারকেরা কিছু বিশেষ সুবিধা হারাতেন, তবু আন্তর্জাতিক উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়ে যাওয়াকে বড় অর্জন হিসেবে দেখছিলেন অনেকে।
১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশের জন্ম। স্বাধীনতার সময় দেশটি ছিল বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম রাষ্ট্র। সেখান থেকে দীর্ঘ পথ পেরিয়ে বাংলাদেশ মাথাপিছু আয় চার গুণ বাড়িয়েছে, শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমিয়েছে, প্রায় সব শিশুকে শিক্ষার আওতায় এনেছে এবং চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক দেশে পরিণত হয়েছে।
তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে সেই অর্জনের উদ্যাপন আপাতত পিছিয়ে গেছে। এলডিসি উত্তরণের যোগ্যতা অর্জন করলেও বাংলাদেশ জাতিসংঘের কাছে সময়সীমা তিন বছর বাড়ানোর আবেদন জানায়। গত মাসে সেই আবেদন অনুমোদিত হয়েছে। ইকোনমিস্টের ভাষ্য অনুযায়ী, কয়েক দশকের ধারাবাহিক উন্নয়নের পর বর্তমানে দেশটির অর্থনীতিতে এমন চাপ তৈরি হয়েছে, যার জন্য বাড়তি সময় প্রয়োজন।
রাজনৈতিক অস্থিরতা ও ব্যাংক খাতের সংকট
ইকোনমিস্টের প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক দুরবস্থার পেছনে শেখ হাসিনার শাসনামলের কিছু নীতিগত ও প্রাতিষ্ঠানিক দুর্বলতাকে দায়ী করা হয়েছে।
২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত জেন-জি বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। এরপর প্রথমে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। গত ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশ পরিচালনা করছে। ওই নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিরা ক্ষমতায় থাকাকালে দেশের ব্যাংক খাত থেকে অর্থ সরিয়ে নিয়েছিলেন। এর ফলে ব্যাংকগুলোর মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি বা মন্দ ঋণে পরিণত হয়েছে।
২০২৪ সালে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। তবে কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, দেশের গুরুত্বপূর্ণ পোশাকশিল্পে ধর্মঘট, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাগুলোর পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে। দলটির কাছে অবৈধভাবে অর্জিত অর্থের বড় তহবিল এবং রাজপথে সক্রিয় হওয়ার মতো কর্মী বাহিনী রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শেখ হাসিনা নির্বাসন থেকে দেশে ফিরে এলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ক্ষমতায় থাকাকালে বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন-পীড়নের ঘটনায় তার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।
আন্তর্জাতিক জ্বালানি সংকটেও বেড়েছে চাপ
তবে বাংলাদেশের বর্তমান সংকটের সব দায় কেবল শেখ হাসিনার সরকারের ওপর বর্তায় না বলে উল্লেখ করেছে ইকোনমিস্ট। কিছু সমস্যা আন্তর্জাতিক পরিস্থিতির কারণেও তৈরি হয়েছে।
ইরানের যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাবে চলতি বছর বাংলাদেশের অনেক কারখানা বন্ধ হয়ে যায়। জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবি জানান। কিন্তু উৎপাদন ব্যয় ও আর্থিক চাপের কারণে মালিকদের পক্ষে সেই দাবি পূরণ করা কঠিন হয়ে পড়ে। ফলে শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের সূত্রপাত হয়।
অন্যদিকে, নতুন সরকারও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দুর্নীতি মোকাবিলায় প্রত্যাশিত গতিতে এগোতে পারেনি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিক্ষোভকারীদের পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রেও সরকারের কঠোর ও দূরদর্শিতার অভাব রয়েছে বলে উল্লেখ করেছে সাময়িকীটি।
মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ
ইকোনমিস্টের বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশ বর্তমানে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতা এবং উচ্চ মূল্যস্ফীতির আশঙ্কার মধ্যে রয়েছে।
২০২২ সালের মাঝামাঝি রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যায়। এর প্রভাব বাংলাদেশের বাজারেও পড়ে এবং মূল্যস্ফীতি বাড়তে শুরু করে। এরপর থেকে মূল্যস্ফীতির হার ৮ শতাংশের নিচে নামেনি।
একই সময়ে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিও উল্লেখযোগ্যভাবে কমেছে। করোনাভাইরাস মহামারির সময়ের কাছাকাছি পর্যায়ে নেমে আসা প্রবৃদ্ধির হার আগে প্রায় ৬ শতাংশ থাকলেও ২০২৫ সালে তা কমে ৩ দশমিক ৫ শতাংশে দাঁড়ায়।
প্রতিবেদন অনুযায়ী, কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো দেশে দারিদ্র্যের হার বাড়ছে। এতে দীর্ঘদিনের অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ ছাড়া প্রায় পাঁচ বছর ধরে মজুরি বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতির হার বেশি রয়েছে। ভালো কর্মসংস্থানের অভাব ছিল শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম প্রধান কারণ। কিন্তু সেই সংকট এখনো কাটেনি।
বৈদেশিক লেনদেনে বড় সংকটের আশঙ্কা কম
অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যে বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা তুলনামূলক কম বলে মনে করছে দ্য ইকোনমিস্ট।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়লেও প্রবাসী আয় ও তৈরি পোশাক রপ্তানি থেকে পাওয়া বৈদেশিক মুদ্রার তুলনায় এই দায় এখনো কম থাকবে।
তবে দেশের অভ্যন্তরীণ অর্থনীতির দুর্বলতা বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। চলতি বছর ঋণের সুদ ও আসল পরিশোধের ব্যয় জিডিপির ৩ শতাংশে পৌঁছাতে পারে। এতে সরকারের বাজেট ও আর্থিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ তৈরি হবে।
অন্যদিকে, বাংলাদেশের কর আদায়ের পরিমাণ জিডিপির মাত্র ৭ শতাংশের কাছাকাছি। অর্থনীতির আকারের তুলনায় এই রাজস্ব আয় কম হওয়ায় সরকারের উন্নয়ন ও ব্যয় ব্যবস্থাপনায় সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।
ব্যাংক সংস্কার ও কর আদায় বাড়ানোর তাগিদ
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ব্যাংকিং খাতের দুর্বলতা দূর করা।
তবে ব্যাংকগুলোকে আর্থিক সহায়তা দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো সংস্থাগুলো এগিয়ে এলে সরকারি ভর্তুকি কমানোর শর্ত দিতে পারে। এমন সিদ্ধান্ত সরকারের জন্য রাজনৈতিক ও সামাজিকভাবে অজনপ্রিয় হয়ে উঠতে পারে।
ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এলডিসি উত্তরণের জন্য পাওয়া অতিরিক্ত তিন বছর বাংলাদেশের সামনে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। এই সময়ের মধ্যে অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে।
এ জন্য সরকারের কর আদায়ের পরিমাণ বাড়ানোর পাশাপাশি বিশেষ বাণিজ্য সুবিধা হারানোর বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে। প্রতিবেশী ভারতের মতো বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদনের বিষয়েও গুরুত্ব দিতে হবে।
প্রতিবেদনের শেষাংশে বলা হয়েছে, চরম দারিদ্র্য থেকে বেরিয়ে আসা এবং একটি নিপীড়ক শাসনব্যবস্থার পতন ঘটানো বাংলাদেশের জন্য বড় অর্জন হলেও উন্নয়নের পথ এখনো শেষ হয়নি। অর্থনীতিকে স্থিতিশীল ও শক্তিশালী করতে দেশটির সামনে আরও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
সময়ের আলো/ইউএমএইচ