চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

সিঙ্গাপুর-চীন মালিকানাধীন প্রতিষ্ঠান জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি উচ্চমানের তৈরি পোশাক কারখানা

2026-11-18T23:11:18+00:00
2026-11-18T23:11:18+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বিজনেস
চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:১১ পিএম 
ছবি : সংগৃহীত
সিঙ্গাপুর-চীন মালিকানাধীন প্রতিষ্ঠান জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি উচ্চমানের তৈরি পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) গতকাল বুধবার ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে।

চট্টগ্রাম ইপিজেডের অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান সিয়ামস সুপিরিয়র লিমিটেডের জায়গায় এই নতুন কারখানাটি স্থাপন করা হবে, যা ২০২৪ সালের আগস্ট মাসে বন্ধ হয়ে গিয়েছিল। কারখানাটি বন্ধ হওয়ার পর বেপজা যাবতীয় নিয়ম কানুন অনুসরণ করে এর যন্ত্রপাতি ও অবকাঠামো নিলামে তোলে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড তা কিনে নেয়। প্রতিষ্ঠানটি তিনটি প্লটে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করবে এবং প্রয়োজনীয় সংস্কারকাজ শেষে তাদের উৎপাদন কার্যক্রম শুরু করতে নতুন করে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে।

প্রতিষ্ঠানটি বার্ষিক ২৫ লাখ পিস উচ্চমানের পোশাক (হান্টিং স্যুট, টেকনিক্যাল ও ওয়াটারপ্রুফ পারফরম্যান্স আউটারওয়্যার, উইন্ডব্রেকার, কমব্যাট জ্যাকেট, ট্রেঞ্চ কোট, ওভারকোট এবং প্যাডেড জ্যাকেট, ডাউন জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ক্যাজুয়াল জ্যাকেট, স্কি জ্যাকেট, কটন জ্যাকেটসহ বিভিন্ন ধরনের জ্যাকেট, পাফার পারকা ও ফার আউটওয়্যার) উৎপাদন করবে। উৎপাদিত এসব পণ্য ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের প্রধান বাজারগুলোতে রফতানি করা হবে। প্রতিষ্ঠানটির মাধ্যমে ২,২৩০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 

বেপজার পক্ষে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং প্রতিষ্ঠানটির পক্ষে জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজ. হ্যান জুনঝিয়াও চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

বিনিয়োগকারী প্রতিষ্ঠানটিকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বেপজার প্রতি আস্থা রাখার জন্য তাদের ধন্যবাদ জানান। তিনি প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী বিনিয়োগকারীদের সব ধরনের বৈধ সুযোগ-সুবিধা ও সহায়তা নিশ্চিত করার পাশাপাশি সর্বোচ্চ মানের সেবা প্রদানে বেপজার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ ছাড়া তিনি প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সহযোগী ও বন্ধুগণকে বেপজাধীন অন্যান্য ইপিজেডে আরও বিনিয়োগের সুযোগ অন্বেষণে উৎসাহিত করার আহ্বান জানান।


চট্টগ্রাম ইপিজেডে বিনিয়োগের সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন মিজ. হ্যান জুনঝিয়াও বলেন যেহেতু বিদ্যমান একটি শিল্প অবকাঠামোতে তারা কার্যক্রম শুরু করতে যাচ্ছেন, তাই কিছু সংস্কারকাজের প্রয়োজন হবে। তিনি আগামী ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করে উৎপাদন শুরু করার আশাবাদ ব্যক্ত করেন ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মো. মোহসীন হাসান, বিএসপি, পিএসসি, আর্টিলারি; নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজ এবং বেপজার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/প্রিন্ট/জেডি 


  বিষয়:   চট্টগ্রাম ইপিজেড  ৬০ লাখ ডলার  বিনিয়োগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: