একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের ১৬টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা। এ ক্ষেত্রে চারটি প্রকল্পই জয়পুরহাট জেলায়। প্রকল্প চারটিতে মোট ব্যয় হবে ৩ হাজার ৩৪৪ কোটি টাকা। প্রকল্প চারটি অনুমোদনে পরিকল্পনা বিভাগের এক উচ্চপদস্থ কর্মকর্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওই কর্মকর্তাও জয়পুরহাট জেলার বলে জানা যায়।
বুধবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সবচেয়ে বেশি সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পও রয়েছে এ তালিকায়।
এর মধ্যে জয়পুরহাট জেলায় ১ হাজার ৯৩৭ কোটি টাকা ব্যয়ে মোকামতলা-কালাই-জয়পুরহাট মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি একেবারে নতুন। সরকারি অর্থব্যয় করে নভেম্বর ২০২৬ থেকে জুন ২০৩০ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। শুধু এই প্রকল্প নয় আরও তিনটি প্রকল্প জয়পুরহাট জেলার জন্য অনুমোদন করা হয়েছে। জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধন) অনুমোদন দেওয়া হয়েছে, প্রকল্পের মোট ব্যয় ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা। প্রকল্পটি জানুয়ারি ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৮ সাল নাগাদ বাস্তবায়ন করা হবে। জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন, প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের মোট ব্যয় হবে ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকা। প্রকল্পটি অক্টোবর ২০২৬ হতে জুন ২০৩০ মেয়াদে বাস্তবায়ন হবে।
জয়পুরহাট সড়ক বিভাগাধীন ৩টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ৪৭২ কোটি ৩৬ লাখ টাকা। জানুয়ারি ২০২৭ থেকে ডিসেম্বর ২০২৯ মেয়াদে বাস্তবায়ন করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সারা দেশেই সড়ক অবকাঠামোর বেহাল দশা। তারপরও শুধু জয়পুরহাট জেলাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে প্রতি একনেক সভায় কুমিল্লা জেলায় সাবেক পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্প অনুমোদন করিয়ে নিতেন। সুনামগঞ্জ প্রথম প্রায়োরিটি দিতেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, চুয়াডাঙ্গা-মেহেরপুর রেলপথসহ একাধিক প্রকল্প অনুমোদন পেয়েছিল সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের নিজ জেলা মেহেরপুরে। এ ছাড়া গত আওয়ামী লীগ সরকারের সময় একনেক সভায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ৪ হাজার ১৭৪ কোটি টাকার মেঘনা ধোনাগোদা নদীর ওপর ঝুলন্ত সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন করে নিয়েছিল, যেটা বাদ দেওয়া হয়েছে। সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনও অনুমোদন করিয়ে নেন আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতু।
তবে কোন মন্ত্রী-এমপি বা প্রভাবশালী ব্যক্তিদের এলাকা গুরুত্ব না দিয়ে যেখানে প্রকৃতভাবে প্রকল্প দরকার সেখানে প্রকল্প গ্রহণের সুপারিশ অর্থনীতিবিদদের। পাশাপাশি পিছিয়ে পড়া এলাকায় অধিক গুরুত্ব দেওয়ার সুপারিশও করেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরি।
এ অর্থনীতিবিদ বলেন, ‘উন্নয়ন কর্মকাণ্ড সমবণ্টন হতে হবে। যেখানে সবচেয়ে বেশি দরকার সেখানে গুরুত্ব দেওয়া উচিত। যেখানে সুবিধা কম, সেখানে সুবিধা দেওয়া উচিত, ব্যালান্স উন্নয়ন জরুরি। সব মানুষ যেন সমান সুবিধা পেতে পারে। পিছিয়ে পড়া এলাকায় গুরুত্ব দিতে হবে। সামগ্রিকভাবে নীতি পালন করা উচিত। ব্যক্তি বা এলাকার অতিরিক্ত বায়াসনেস দেখানো উচিত নয়। সরকারের উচিত গোটা দেশের উন্নয়ন করা । সব এলাকায় সমভাবে প্রকল্প বণ্টন করা উচিত। অনেক আমলা চাইবে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর এলাকায় একটা প্রকল্প দিয়ে তার কাছ থেকে সুবিধা নিতে। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে।’
অনুমোদিত ১৬টি প্রকল্প হচ্ছে— স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৭টি প্রকল্প-উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প। জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধন)। ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এফআরডিআইআরআইডিপি)। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এসএসএমএইচআরআইআইপি)। বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। পল্লী জীবিকায়ন প্রকল্প-তৃতীয় পর্যায় (দ্বিতীয় সংশোধন)। দাশেরকান্দি পয়োশোধনাগারের জন্য পয়োবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্প (ফেজ-১)।
পানি সম্পদ মন্ত্রণালয়ের ৪টি প্রকল্প হচ্ছে— দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনর্খননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধি প্রকল্প। জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদ এবং জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্প। সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন হতে বরিশাল জেলার বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা কাজ (প্রথম পর্যায়) প্রকল্প। মেট্রো ঢাকা প্রকল্প— গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদ সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প (প্রথম পর্যায়)।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ২টি প্রকল্প হচ্ছে— জয়পুরহাট সড়ক বিভাগাধীন ৩টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প। মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক (আর-৫৫০) চার লেনে উন্নীতকরণ (সার্ভিস লেনসহ) প্রকল্প। অন্যান্য মন্ত্রণালয় ও কার্যালয়ের ৩টি প্রকল্প হচ্ছে— কৃষি মন্ত্রণালয়ের ‘জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প (অংশ-১)’।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষক্ষণকেন্দ্র নির্মাণ’ প্রকল্প। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ বিমানবাহিনীর ঢাকা এলাকায় অফিসারদের আবাসিক সমস্যা নিরসনকল্পে অবকাঠামোগত উন্নয়ন’ প্রকল্প।
এ ছাড়া সভায় পরিকল্পনামন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত ১৪টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। এর মধ্যে কুমিল্লার মুরাদনগরে আর্চি ও বুড়ি নদী পুনর্খনন, জগন্নাথপুর ও মোহনগঞ্জে দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন, মিরকাদিম গরুর সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা, রাজশাহী বিভাগে জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন, ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ এবং দেশের দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণ প্রকল্প অন্যতম।
সময়ের আলো/প্রিন্ট/জেডি