আর্থিক খাত সংস্কারে প্রবৃদ্ধি হবে প্রায় ৬ শতাংশ

বিজনেস

রাজস্ব আদায়ে দুর্বলতা, সরকারি ঋণের সুদ পরিশোধে বাড়তি ব্যয় এবং জ্বালানি ভর্তুকির চাপে উন্নয়ন খাতে বিনিয়োগের সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে

2026-11-20T22:50:01+00:00
2026-11-20T22:50:01+00:00
 
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিজনেস
বিশ্বব্যাংক ও পিআরআইয়ের প্রতিবেদনে পূর্বাভাস
আর্থিক খাত সংস্কারে প্রবৃদ্ধি হবে প্রায় ৬ শতাংশ
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:৫০ পিএম 
ছবি : সংগৃহীত
রাজস্ব আদায়ে দুর্বলতা, সরকারি ঋণের সুদ পরিশোধে বাড়তি ব্যয় এবং জ্বালানি ভর্তুকির চাপে উন্নয়ন খাতে বিনিয়োগের সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে বাড়ছে দারিদ্র্য, আর কর্মক্ষম নারীদের বড় অংশই থাকছেন শ্রমবাজারের বাইরে। এমন পরিস্থিতিতে রাজস্ব ও আর্থিক খাতে কাঠামোগত সংস্কার, সরকারি ব্যয়ের দক্ষতা বৃদ্ধি এবং ভর্তুকি ব্যবস্থাপনায় পরিবর্তন আনা গেলে দেশের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত করা সম্ভব বলে মনে করছে বিশ্বব্যাংক। গত বৃহস্পতিবার বিশ্বব্যাংক ও গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) যৌথ উদ্যোগে প্রকাশিত ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ অর্থবছরে বাংলাদেশের কর রাজস্ব ছিল জিডিপির মাত্র ৬ দশমিক ৮ শতাংশ। মোট সরকারি রাজস্বের পরিমাণ ছিল ৮ শতাংশ। তুলনীয় অন্যান্য দেশের তুলনায় এ হার অর্ধেকেরও কম। ফলে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের জন্য সরকারের হাতে পর্যাপ্ত অর্থ থাকছে না।

রাজস্ব সংকটের প্রভাব পড়েছে সরকারি বিনিয়োগেও। ২০২২ অর্থবছরে মূলধনী ব্যয় জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ থাকলেও ২০২৫ অর্থবছরে তা কমে ২ দশমিক ৮ শতাংশে নেমেছে। একই সময়ে শিক্ষা খাতে সরকারি ব্যয় ছিল জিডিপির মাত্র ১ দশমিক ৫ শতাংশ।

সরকারের আর্থিক চাপ আরও বাড়াচ্ছে ঋণের সুদ পরিশোধ। ২০১৭ অর্থবছরে সুদ বাবদ ব্যয় জিডিপির ১ দশমিক ৫ শতাংশ থাকলেও ২০২৬ অর্থবছরে তা আনুমানিক ২ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। অভ্যন্তরীণ ব্যাংক থেকে সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণের কারণে বেসরকারি ব্যবসা ও বিনিয়োগের জন্য ঋণের প্রাপ্যতাও কমছে।

এদিকে বিদ্যুৎ ও গ্যাস খাতে ভর্তুকি ২০১৮ অর্থবছরে জিডিপির শূন্য দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে ২০২৫ অর্থবছরে ১ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে।

কর্মসংস্থান ও দারিদ্র্য নিয়ে উদ্বেগ : অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানের দুর্বল চিত্রও তুলে ধরেছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, কর্মক্ষম প্রতি পাঁচ নারীর মধ্যে তিনজনই শ্রমবাজারের বাইরে রয়েছেন। অন্যদিকে তরুণ কর্মীদের ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত। দক্ষতা উন্নয়ন, অবকাঠামো ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহে দীর্ঘদিনের অপর্যাপ্ত বিনিয়োগ বেসরকারি খাতের বিকাশ এবং মানসম্মত কর্মসংস্থান সৃষ্টিকে বাধাগ্রস্ত করছে।

দারিদ্র্যের পরিস্থিতিও উদ্বেগজনক। ২০২২ সালে দেশের দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ থাকলেও ২০২৬ সালে তা বেড়ে আনুমানিক ২২ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে।

এ পরিস্থিতিতে ঢালাও ভর্তুকির পরিবর্তে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য লক্ষ্যভিত্তিক নগদ সহায়তা চালুর পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। পাশাপাশি সামাজিক সুরক্ষা তথ্যভান্ডার এবং ‘ফ্যামিলি কার্ড’ প্ল্যাটফর্ম শক্তিশালী করার সুপারিশ করেছে সংস্থাটি।


কর সংস্কারে বাড়বে রাজস্ব : রাজস্ব বাড়াতে কর প্রশাসনের আধুনিকীকরণ, কর অব্যাহতি পর্যালোচনা, মূসক ও বাণিজ্য শুল্ক ব্যবস্থায় সংস্কারের তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ অর্থবছরে কর ছাড়ের পরিমাণ ছিল জিডিপির ৬ দশমিক ৯ শতাংশ, যা প্রায় ওই বছরের মোট কর রাজস্বের সমান।

বিশ্বব্যাংকের পূর্বাভাস, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়িত হলে ২০২৫ অর্থবছরে জিডিপির ৮ শতাংশ থাকা অভ্যন্তরীণ রাজস্ব ২০৩৫ অর্থবছরে ১৪ দশমিক ৪ শতাংশে উন্নীত হতে পারে। তবে সীমিত সংস্কারে তা ১০ শতাংশের বেশি হবে না।

সংস্কার বাস্তবায়িত হলে সরকারি ব্যয় জিডিপির ১৮ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে থাকবে এবং ২০৩৫ অর্থবছরে তা ৩ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে।

বিশ্বব্যাংকের মতে, রাজস্ব আহরণ বৃদ্ধি, অকার্যকর ভর্তুকি হ্রাস, সরকারি ব্যয়ের মানোন্নয়ন এবং জ্বালানি মূল্য নির্ধারণে সংস্কার বাস্তবায়ন করা গেলে প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত করা সম্ভব। পাশাপাশি ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছানোর লক্ষ্য অর্জনেও এসব সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   আর্থিক খাত  সংস্কার  বিশ্বব্যাংক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: