সংগৃহীত ছবিবিদেশে চাকরি নিয়ে যেতে চান, কিন্তু অর্থের অভাবে আটকে আছে প্রস্তুতি? এমন কর্মীদের জন্য সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। বার্ষিক ৯ শতাংশ সুদে এ ঋণ পেতে প্রয়োজন হবে অন্তত দুজন জামিনদার। গ্রেস পিরিয়ডসহ ঋণ পরিশোধের সর্বোচ্চ সময় তিন বছর। নির্ধারিত শর্ত পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে সাত কর্মদিবসের মধ্যে ঋণসেবা দেওয়ার কথা বলছে ব্যাংকটি।
শুধু বিদেশগামী কর্মীরাই নন, বিদেশফেরত কর্মী, প্রবাসীদের পরিবারের সদস্য এবং বিদেশে কর্মরত ব্যক্তিদের জন্যও বিভিন্ন ধরনের ঋণসুবিধা রয়েছে। বিদেশফেরত কর্মীরা দেশে ফিরে ব্যবসা বা প্রকল্প গড়ে তুলতে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। একই পরিমাণ ঋণের সুযোগ রয়েছে প্রবাসীদের পরিবারের সদস্যদের ব্যবসা ও কৃষি উদ্যোগেও। এ ছাড়া বিদেশে যাওয়ার আগে দক্ষতা অর্জনের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।
প্রবাসী কল্যাণ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১১-১২ অর্থবছর থেকে ২০২৬ সালের ১৭ নভেম্বর পর্যন্ত মোট ৩ লাখ ৪ হাজার ৩০০ জনকে ৬ হাজার ৪৯০ কোটি ৪ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে।
ঋণ বিতরণের দিক থেকে এগিয়ে রয়েছে টাঙ্গাইল, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া। অন্যদিকে সবচেয়ে কম ঋণ পেয়েছেন বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ঝালকাঠি ও ভোলার মানুষ।
ব্যাংকটির বিভিন্ন ঋণ কর্মসূচির মধ্যে রয়েছে অভিবাসন ঋণ, নারী অভিবাসন ঋণ, পুনর্বাসন ঋণ, নারী পুনর্বাসন ঋণ, অভিবাসী বৃহৎ পরিবার ঋণ, বৈদেশিক কর্মসংস্থানের জন্য বিশেষ দক্ষতা অর্জন ঋণ, কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) ঋণ এবং পল্লী ও কৃষি ঋণ। ঋণের ধরন অনুযায়ী সুদের হার, জামানত, পরিশোধের সময়সীমা ও প্রয়োজনীয় কাগজপত্র আলাদা।
অভিবাসন ঋণের শর্ত
বিদেশে চাকরি নিয়ে যেতে আগ্রহীদের প্রাথমিক খরচ মেটাতে অভিবাসন ঋণ দেয় প্রবাসী কল্যাণ ব্যাংক। এ ঋণের সর্বোচ্চ পরিমাণ তিন লাখ টাকা। বার্ষিক সুদের হার ৯ শতাংশ। গ্রেস পিরিয়ডসহ পরিশোধের মেয়াদ সর্বোচ্চ তিন বছর। এ সময় শেষ হওয়ার পর মাসিক সমান কিস্তিতে ঋণ পরিশোধ করতে হয়।
ঋণ পেতে আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। আবেদনকারী ও জামিনদারকে সংশ্লিষ্ট ব্যাংক শাখার আওতাভুক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও বা বেসরকারি প্রতিষ্ঠানের ঋণখেলাপি হলে এ ঋণ পাওয়া যাবে না।
যেসব কাগজপত্র লাগবে
ঋণ নিতে প্রথমে প্রবাসী কল্যাণ ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ফরমটি বিনা মূল্যে পাওয়া যায়। আবেদনের সঙ্গে জমা দিতে হবে— আবেদনকারীর তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট ও ভিসার ফটোকপি, বিএমইটির কার্ডের ফটোকপি।
তবে রি-এন্ট্রি ভিসার ক্ষেত্রে বিএমইটি কার্ড বাধ্যতামূলক নয়। লেবার কন্ট্রাক্ট পেপারও বাধ্যতামূলক নয়।
এ ছাড়া আবেদনকারীর নিজের নামে সচল ব্যাংক হিসাব থাকতে হবে। ওই হিসাবের তিনটি স্বাক্ষরিত এমআইসিআর চেকের পাতা এবং ব্যাংক হিসাবের বিবরণী জমা দিতে হবে। ঋণ নেওয়ার আগে সংশ্লিষ্ট শাখায় অন্তত ৫০০ টাকা জমা দিয়ে একটি সঞ্চয়ী হিসাব খুলতে হবে।
জামিনদার হতে পারবেন কারা
অভিবাসন ঋণের জন্য অন্তত দুজন জামিনদার প্রয়োজন। তাদের একজন হতে হবে আর্থিকভাবে সচ্ছল ও ঋণ পরিশোধে সক্ষম ব্যক্তি। তার নিজের নামে অথবা একক মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের নামে সচল ব্যাংক হিসাব থাকতে হবে।
এ জামিনদারের কাছ থেকে তিনটি স্বাক্ষরিত এমআইসিআর চেকের পাতা, ব্যাংক হিসাবের বিবরণী এবং আয়ের উৎস বা পেশার প্রমাণ জমা দিতে হবে।
দ্বিতীয় জামিনদার হতে পারবেন আবেদনকারীর পরিবারের সদস্য অথবা নিকটতম আত্মীয়। উভয় জামিনদারের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এক কপি করে ছবি এবং স্থায়ী ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে।
রি-এন্ট্রি ভিসায় বিদেশ যেতে চাইলে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রমাণ, বিদেশে কর্মসংস্থানের প্রমাণ এবং বিদেশযাত্রার আনুষঙ্গিক ব্যয়ের বিবরণ দিতে হবে। এ ক্ষেত্রে নিয়োগপত্র, কর্মসংস্থান চুক্তি, ওয়ার্ক পারমিট, রেসিডেন্স পারমিট, বেতন স্লিপ ও বিমান টিকিট কেনার রসিদসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া যাবে।
ঋণ নিতে কত খরচ হবে
ব্যাংকের নিয়ম অনুযায়ী, ঋণের বিপরীতে শূন্য দশমিক ৫০ শতাংশ প্রসেসিং ফি এবং সমপরিমাণ ডকুমেন্টেশন ফি দিতে হবে। উভয় ফির ওপর ভ্যাট প্রযোজ্য। এ ছাড়া প্রতি লাখ টাকার জন্য ৯০০ টাকা ঝুঁকি আচ্ছাদন স্কিমের ফি দিতে হয়।
স্ট্যাম্প খরচ হিসেবে ১০ টাকা মূল্যের ১৬টি রেভিনিউ স্ট্যাম্প এবং প্রত্যেক জামিনদারের জন্য ১০০ টাকা মূল্যের তিনটি অ্যাডহেসিভ স্ট্যাম্প প্রয়োজন। যথাযথ কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার পর সাত কর্মদিবসের মধ্যে ঋণসেবা দেওয়ার কথা।
সময়ের আলো/কেএইচও