ছবি : সংগৃহীত বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতনের প্রভাব পড়েছে দেশের বাজারেও। গত শুক্রবার (২০ নভেম্বর) এক ধাক্কায় দেশে প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে প্রায় ১১ হাজার টাকা। আন্তর্জাতিক বাজারে দরপতনের এই ধারা অব্যাহত থাকলে সামনে স্বর্ণের দাম আরও কমতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। তাদের ধারণা, স্থিতিশীল হওয়ার আগে মূল্যবান এই ধাতুর দাম আরও কিছুটা নেমে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে সুদের হার নিয়ে উদ্বেগ, বিনিয়োগকারীদের বাধ্য হয়ে বিভিন্ন সম্পদ বিক্রি এবং স্বর্ণের দাম কমার প্রত্যাশায় নেওয়া বিনিয়োগ কৌশলের কারণে আন্তর্জাতিক বাজারে চাপ তৈরি হয়েছে। এর ফলে গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে পড়েছে স্বর্ণ।
গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ট্রয় আউন্স ৩ হাজার ৫২৫ দশমিক ২৫ ডলারে নেমে আসে। এটি গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন। সপ্তাহজুড়ে স্বর্ণের দাম কমেছে প্রায় ৯ দশমিক ২ শতাংশ। অথচ গত জানুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫১৫ ডলারে উঠেছিল।
বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ কমিয়ে দিয়েছে।
পেপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, স্বর্ণের বাজার এখন সামষ্টিক অর্থনৈতিক প্রতিকূলতা এবং বাধ্য হয়ে সম্পদ বিক্রির মতো পরিস্থিতির জটিল সংকটের মুখোমুখি।
ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির কারণে ডলার শক্তিশালী হয়েছে এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের ইল্ড বা মুনাফার হার বেড়েছে। এতে স্বর্ণের বাজারে চাপ তৈরি হয়েছে। কারণ, স্বর্ণে বিনিয়োগ করে কোনো সুদ পাওয়া যায় না। ফলে অন্য সম্পদে মুনাফার সুযোগ বাড়লে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে যায়।
এদিকে বিশ্বজুড়ে শেয়ারবাজারেও দরপতন চলছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারে বিক্রির চাপ বেড়েছে। এমন পরিস্থিতিতে নগদ অর্থ সংগ্রহ করতে বিনিয়োগকারীরা স্বর্ণসহ বিভিন্ন সম্পদ বিক্রি করছেন। এতে স্বর্ণের দাম আরও কমছে।
সেঞ্চুরি ফিন্যান্সিয়ালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা বিজয় ভালেচা বলেন, শুক্রবার স্বর্ণের দরপতন এমন কিছু নেতিবাচক পরিস্থিতির প্রতিফলন, যেগুলো একে অপরের প্রভাব আরও বাড়িয়ে দিচ্ছে। ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি ডলারকে শক্তিশালী করায় স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। একই সময়ে এআই-সংশ্লিষ্ট শেয়ারে বড় ধরনের বিক্রির কারণে বিনিয়োগকারীরা বিভিন্ন সম্পদ বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করছেন। তবে সেই অর্থ নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রগুলোতে সরিয়ে নিচ্ছেন না তাঁরা।
বিজয় ভালেচা আরও জানান, বাজারের প্রবণতা অনুসরণ করে বিনিয়োগ করা তহবিলগুলো (ট্রেন্ড-ফলোয়িং ফান্ড) ইতিমধ্যে স্বর্ণের দাম কমবে—এমন অবস্থান বা ‘শর্ট পজিশন’ বাড়িয়েছে। অন্যদিকে এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের (ইটিএফ) বিনিয়োগকারীরা এখনো পুরোপুরি বিনিয়োগ থেকে সরে যাননি। ফলে সামনে স্বর্ণের বাজারে আরও বিক্রির চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
বর্তমানে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫২৫ ডলারের আশপাশে। এখন বাজারের নজর মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ ৩ হাজার ৫০০ ডলারের স্তরের দিকে। ক্রেতারা এই দাম ধরে রাখতে পারেন কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
ক্রিস ওয়েস্টনের মতে, স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমে সেখানে স্থায়ী হলে তা আরও কমে ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৩০০ ডলারের মধ্যে চলে যেতে পারে। এ পর্যায়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী ও সরাসরি স্বর্ণ কেনা ক্রেতারা আবার বাজারে আগ্রহী হতে পারেন।
নাগা ডটকমের বাজার বিশ্লেষক ফ্রাঙ্ক ওয়ালবাম বলেন, আগের সমর্থনমূলক মূল্যস্তর বা সাপোর্ট লেভেল ভেঙে যাওয়ার পর স্বর্ণের দাম এখন ৩ হাজার ৫০০ ডলারের দিকে নেমে যাচ্ছে। তাঁর মতে, এই মনস্তাত্ত্বিক স্তরের নিচে দীর্ঘসময় অবস্থান করলে প্রতি আউন্স স্বর্ণের দাম আরও কমে ৩ হাজার ২০০ ডলারে নেমে আসতে পারে।
সূত্র : দ্য ন্যাশনাল
সময়ের আলো/জেডি