আবাসন খাতের সংকট কাটাতে সরকারের কাছে ব্যবসায়ীর ৫ প্রস্তাব

সময়ের আলো ডেস্ক

বিজনেস

দেশের আবাসন বা রিয়েল এস্টেট খাতের সংকট কাটাতে গৃহঋণের সুদ কমানো, ফ্ল্যাট নিবন্ধন ব্যয় যৌক্তিক করা এবং নির্মাণসামগ্রীর বাজার স্থিতিশীল

2026-11-21T20:44:32+00:00
2026-11-21T20:44:32+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
বিজনেস
আবাসন খাতের সংকট কাটাতে সরকারের কাছে ব্যবসায়ীর ৫ প্রস্তাব
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:৪৪ পিএম 
জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শাহাদাত হোসেন । ছবি : সংগৃহীত
দেশের আবাসন বা রিয়েল এস্টেট খাতের সংকট কাটাতে গৃহঋণের সুদ কমানো, ফ্ল্যাট নিবন্ধন ব্যয় যৌক্তিক করা এবং নির্মাণসামগ্রীর বাজার স্থিতিশীল রাখাসহ পাঁচটি প্রস্তাব দিয়েছেন জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শাহাদাত হোসেন। তার মতে, রিয়েল এস্টেট খাতকে সচল রাখতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। কারণ, এ খাতের সঙ্গে সরাসরি ৪০ লাখ এবং পরোক্ষভাবে আরও এক কোটি মানুষের জীবিকা জড়িত।

সম্প্রতি, নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব প্রস্তাব তুলে ধরেন। সেখানে দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও সরকারি রাজস্বে আবাসন খাতের অবদানের পাশাপাশি এ খাতের বর্তমান সংকটের চিত্রও তুলে ধরেন তিনি।

মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, গত ১৯ বছর ধরে তিনি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত। জেমস গ্রুপের এমডি হিসেবে মাঠপর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, আবাসন খাতকে শুধু ইট, বালু ও সিমেন্টের ব্যবসা হিসেবে দেখার সুযোগ নেই। দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এই খাতের ওপর নির্ভরশীল অসংখ্য শিল্প ও পেশার মানুষ।

তার ভাষ্য অনুযায়ী, ডেভেলপার, প্রকৌশলী, স্থপতি থেকে শুরু করে রাজমিস্ত্রি, রডমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, রংমিস্ত্রি, টাইলস মিস্ত্রি ও পরিবহনশ্রমিকসহ প্রায় ৪০ লাখ মানুষের সরাসরি জীবিকা এ খাতের সঙ্গে যুক্ত। পরোক্ষভাবে নির্ভরশীল আরও প্রায় এক কোটি মানুষ।

তিনি আরও উল্লেখ করেন, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) রিয়েল এস্টেট ও এর সঙ্গে সংশ্লিষ্ট শিল্পগুলোর অবদান ১৫ শতাংশের বেশি। রড, সিমেন্ট, ইট, টাইলস, স্যানিটারি পণ্য, বৈদ্যুতিক সরঞ্জাম ও লিফটসহ ২৬০টির বেশি সংযুক্ত শিল্প এ খাতের ওপর নির্ভরশীল। পাশাপাশি জমি নিবন্ধন ফি, ভ্যাট, আয়কর, ইউটিলিটি সংযোগ ফি ও হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে সরকারও বিপুল রাজস্ব পায়।

যেসব সংকটে চাপে আবাসন খাত

ফেসবুক পোস্টে আবাসন খাতের বর্তমান সংকটের কয়েকটি কারণও তুলে ধরেছেন মোহাম্মদ শাহাদাত হোসেন। তার মতে, জমির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নির্মাণসামগ্রীর দামের অস্থিরতা এবং ব্যাংকঋণের উচ্চ সুদহার এ খাতের ব্যবসায়ীদের চাপে ফেলেছে।

এ ছাড়া, ব্যাংকঋণের সুদহার ১২ থেকে ১৪ শতাংশে পৌঁছানো, বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন পেতে দীর্ঘসূত্রিতা এবং প্রকৃত ক্রেতার সংকটও আবাসন ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলছে বলে উল্লেখ করেন তিনি।

তবে, শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে ব্যবসায়ীদেরও নিজেদের দায়িত্ব পালনের তাগিদ দিয়েছেন এই উদ্যোক্তা। তার মতে, ক্রেতাদের আস্থা ধরে রাখতে নির্ধারিত সময়ে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া, নির্মাণের গুণগত মান নিশ্চিত করা এবং জমির মালিকানা ও রাজউকের অনুমোদিত নকশাসহ প্রয়োজনীয় কাগজপত্রে স্বচ্ছতা বজায় রাখা জরুরি। পাশাপাশি রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) মাধ্যমে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে নীতিনির্ধারণী পর্যায়ে দাবি তুলে ধরার পরামর্শ দিয়েছেন তিনি।

সরকারের কাছে পাঁচ প্রস্তাব

আবাসন খাতের সংকট মোকাবিলায় সরকারের কাছে পাঁচটি প্রস্তাব দিয়েছেন মোহাম্মদ শাহাদাত হোসেন।

প্রথম প্রস্তাবে তিনি গৃহঋণের সুদহার ৭ থেকে ৮ শতাংশে নামিয়ে আনার কথা বলেছেন। তার মতে, উচ্চ সুদহারের কারণে মধ্যবিত্তের পক্ষে ফ্ল্যাট কেনা কঠিন হয়ে পড়েছে। ঋণের সুদ কমানো হলে ফ্ল্যাটের বিক্রি বাড়বে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।

দ্বিতীয় প্রস্তাবে ফ্ল্যাট ও জমি নিবন্ধনের ব্যয় যৌক্তিক পর্যায়ে আনার কথা বলেছেন তিনি। বর্তমানে ১০ থেকে ১২ শতাংশ নিবন্ধন ব্যয়ের কারণে অনেক ক্রেতা দলিলে প্রকৃত মূল্যের চেয়ে কম দাম দেখান বলে দাবি করেন তিনি। এই ব্যয় ৫ থেকে ৬ শতাংশে নামিয়ে আনলে নিবন্ধন কার্যক্রম বাড়বে এবং সরকারের রাজস্ব আয়ও বাড়তে পারে বলে তার মত।

তৃতীয় প্রস্তাবে রাজউক, ওয়াসা, তিতাস ও ডেসকোর মতো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন ও সেবা একটি জায়গা থেকে দেওয়ার ব্যবস্থা চালুর কথা বলেছেন। তার মতে, ওয়ান স্টপ সার্ভিস চালু হলে অনুমোদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কমবে এবং আবাসন প্রকল্প বাস্তবায়ন সহজ হবে।

চতুর্থ প্রস্তাবে নির্মাণসামগ্রীর বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণের মাধ্যমে রড ও সিমেন্টের দাম স্থিতিশীল রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

পঞ্চম প্রস্তাবে দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল আবাসন নীতি প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন এই ব্যবসায়ী। প্রতিবছর ড্যাপ পরিবর্তনের পরিবর্তে আগামী ২০ বছরের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা ও নীতিমালা প্রণয়নের পরামর্শ দিয়েছেন তিনি।

সময়ের আলো/এসকে
  বিষয়:   আবাসন খাত  সংকট কাটাতে  সরকারের কাছে  ব্যবসায়ীর ৫ প্রস্তাব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: