ভ্যাটের জাঁতাকলে পিষ্ট গরিবরা, ধনীর চেয়ে ৭ গুণ বেশি আদায়

নিজস্ব প্রতিবেদক

বিজনেস

মূল্য সংযোজন কর বা ভ্যাটের বোঝা ধনীর চেয়ে গরিবের ওপর অনেক বেশি। দেশের সবচেয়ে গরিব ১০ শতাংশ পরিবারের আয়ের ২০

2026-11-22T01:58:02+00:00
2026-11-22T02:18:54+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
বিজনেস
গবেষণা
ভ্যাটের জাঁতাকলে পিষ্ট গরিবরা, ধনীর চেয়ে ৭ গুণ বেশি আদায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১:৫৮ এএম  আপডেট: ২২.১১.২০২৬ ২:১৮ এএম
গ্রাফিক : সময়ের আলো
মূল্য সংযোজন কর বা ভ্যাটের বোঝা ধনীর চেয়ে গরিবের ওপর অনেক বেশি। দেশের সবচেয়ে গরিব ১০ শতাংশ পরিবারের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশ সমপরিমাণ ভ্যাট হিসেবে সরকারি কোষাগারে চলে যায়। অন্যদিকে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ভ্যাটের বোঝা তাদের আয়ের মাত্র ২ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ সবচেয়ে ধনীদের চেয়ে সবচেয়ে গরিবদের আয়ের তুলনায় ভ্যাটের বোঝা সাতগুণ বেশি। একইভাবে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের আয়ের মাত্র ১১ দশমিক শূন্য ৩ শতাংশ আয়কর হিসেবে দিতে হয়। অন্যদিকে দরিদ্র পরিবারগুলোর আয় করযোগ্য আয়সীমার নিচে থাকে।

শনিবার বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) এক গবেষণায় এই চিত্র উঠে এসেছে। ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের সহায়তায় ‘মিসিং রেভিনিউ ইন বাংলাদেশ : ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকুয়েন্স’ শীর্ষক গবেষণা করা হয়। গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক।

গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে গতকাল স্থানীয় এক হোটেলে আলোচনা ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও তথ্যপ্রযুক্তি) সৈয়দ মুশফিকুর রহমান, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার।

গবেষণায় আরও বলা হয়, ব্যক্তি আয়করের সম্ভাব্য রাজস্ব মূলত উচ্চ আয়ের পরিবারগুলোর মধ্যে কেন্দ্রীভূত। সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ পরিবার মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি অর্জন করে। প্রচলিত করহার অনুযায়ী সম্ভাব্য ব্যক্তি আয়করের ৯৩ শতাংশের বেশি এই পরিবারগুলোর দেওয়ার কথা। অন্যদিকে নিম্নতম ৭০ শতাংশ পরিবারের কার্যত কোনো ব্যক্তি আয়কর দায় নেই। ফলে আয়করভিত্তি সম্প্রসারণের ক্ষেত্রে প্রধান মনোযোগ দেওয়া প্রয়োজন উচ্চ আয়ের পরিবারগুলোতে।

র‍্যাপিড আরও বলছে, ব্যক্তি আয়করের আওতায় নিবন্ধিত সক্রিয় করদাতার সংখ্যা অত্যন্ত কম। মোট শ্রমশক্তির মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ ব্যক্তি সক্রিয় আয়করদাতা হিসেবে নিবন্ধিত। কর শনাক্তকরণ নম্বরধারীদের (টিআইএনধারী) মধ্যেও আয়কর রিটার্ন জমা দেওয়ার হার সীমিত। ব্যক্তি ও অন্যান্য শ্রেণির ক্ষেত্রে এই হার ৪৩ দশমিক ১ শতাংশ এবং কোম্পানির ক্ষেত্রে ২৩ দশমিক ৬ শতাংশ। অনেক করযোগ্য আয় কার্যকর করব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে।

এ বিষয়ে র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আহরণের সাফল্য শুধু কত টাকা আদায় হলো, তা দিয়ে বিচার করা যথেষ্ট নয়। করব্যবস্থা কতটা ন্যায্য ও স্বচ্ছ, করদাতারা কতটা হয়রানিমুক্ত এবং জনগণ তাদের দেওয়া করের বিনিময়ে কতটা মানসম্মত সরকারি সেবা পাচ্ছেন, সেসব বিষয়ও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

১ শতাংশ পরিবারে ৪৭ শতাংশ সম্পদ : র‍্যাপিডের গবেষণা অনুসারে, আয়ের চেয়ে সম্পদের বণ্টনে বৈষম্য অনেক বেশি। দেশের সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের হাতে দেশের মোট প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৪৭ দশমিক ৪ শতাংশ রয়েছে। শীর্ষ ১০ শতাংশ পরিবারের হাতে রয়েছে সম্পদের ৭৬ দশমিক ৪ শতাংশ।

অন্যদিকে সবচেয়ে কম সম্পদ থাকা অর্ধেক পরিবারের হাতে রয়েছে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ সম্পদ। শহরাঞ্চলে সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের হাতে রয়েছে সেখানকার প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৫৩ শতাংশের বেশি। পরিবারের জমি, বাড়ি, আর্থিক সম্পদ ও অন্যান্য সম্পদের আনুমানিক মূল্য থেকে ঋণ বাদ দিয়ে নিট সম্পদের হিসাব করেছেন র‍্যাপিডের গবেষকরা।

ভোক্তারা ভ্যাটের বোঝা বহন করলেও তার পুরোটা সরকারি কোষাগারে পৌঁছায় না— এমন চিত্র উঠে এসেছে র‍্যাপিডের গবেষণায়। র‍্যাপিড বলছে, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ভ্যাট সংগ্রহ ও সরকারের কাছে জমা দেওয়ার দায়িত্ব পালন করে। কিন্তু অপর্যাপ্ত নিবন্ধন, বিক্রয়ের তথ্য গোপন এবং যথাযথভাবে ভ্যাট জমা না দেওয়ার কারণে রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ তৈরি হয়। এ অবস্থায় করহার বৃদ্ধির পরিবর্তে কার্যকর পরিপালন ও প্রশাসনিক নজরদারি বাড়িয়ে উল্লেখযোগ্য অতিরিক্ত রাজস্ব সংগ্রহের সুযোগ রয়েছে।

র‍্যাপিডের গবেষণা রাজস্ব খাত নিয়ে সাতটি সুপারিশ করেছে। এগুলো হলো এক. উচ্চ আয়ের জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে আয়করভিত্তি সম্প্রসারণ করা; দুই. ভ্যাটের হার বাড়ানোর পরিবর্তে আদায়ের দক্ষতা ও পরিপালন উন্নত করা; তিন. করপোরেট করছাড় ও বিশেসুবিধার যৌক্তিকতা পুনর্মূল্যায়ন করা; চার. সম্পদের ব্যাপক কেন্দ্রীভবনের পরিপ্রেক্ষিতে উত্তরাধিকার কর প্রবর্তন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা; পাঁচ. রাজস্ব আহরণের নামে জবরদস্তিমূলক ব্যবস্থা ও করদাতাদের হয়রানি সম্পূর্ণভাবে পরিহার করা; ছয়. করের আওতা সম্প্রসারণে স্থানীয় জনগোষ্ঠী ও পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করা এবং সাত. কর প্রশাসনের আধুনিকায়নের পাশাপাশি সরকারি ব্যয়ের গুণগত মান উন্নত করা।

সময়ের আলো/প্রিন্ট/আতা
Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: