গ্রাফিক : সময়ের আলো গাজীপুর সিটি করপোরেশনের ১০০ কোটি টাকার আমানত সংগ্রহের বিপরীতে চার কোটি টাকা ব্যয়ের ঘটনায় বাংলাদেশ কমার্স ব্যাংকের (বিসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওবায়দুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যাংকের অভ্যন্তরীণ নথিতে এই অর্থ ব্যয়ের সিদ্ধান্ত, অনুমোদন ও হিসাব থেকে অর্থ ছাড়ের প্রক্রিয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পৃক্ততার তথ্য রয়েছে। অথচ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে মূল সিদ্ধান্ত গ্রহণকারী ও অনুমোদনকারীদের পরিবর্তে অর্থ জমা হওয়া ১৩ কর্মকর্তার পাশাপাশি আরেক জ্যেষ্ঠ কর্মকর্তাকে শাস্তির মুখে পড়তে হয়েছে। তাদের মধ্যে দুজনকে চাকরিচ্যুত করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
ইতিমধ্যে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) মো. দেলোয়ার হোসেন ও এমডির একান্ত সচিব (পিএস) হামিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে বাকি ১১ কর্মকর্তার বিরুদ্ধে সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, পুরো প্রক্রিয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও অনুমোদন থাকলেও দায় চাপানো হচ্ছে অধস্তন কর্মকর্তাদের ওপর।
ব্যাংকের অভ্যন্তরীণ নথি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, চার কোটি টাকা ছাড়ের জন্য প্রথমে প্রধান কার্যালয়ের একটি জেনারেল লেজার (জিএল) হিসাব ডেবিট করা হয়। এরপর ১৩ কর্মকর্তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে বিভিন্ন অঙ্কের অর্থ জমা দেওয়া হয়। পরে তাদের কাছ থেকে আগাম স্বাক্ষর নেওয়া চেকের মাধ্যমে ওই অর্থ উত্তোলন করা হয়। পুরো প্রক্রিয়ায় এমডি ও ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিভিশনের (এফএডি) অনুমোদনের বিষয়টি উঠে এসেছে।
সিদ্ধান্ত ও অনুমোদন ঊর্ধ্বতনদের : সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ব্যাংকের হিসাব থেকে এ ধরনের অর্থ ছাড় করতে নির্দিষ্ট জিএল হেড ডেবিট করতে হয়, যার জন্য এমডির অনুমোদন প্রয়োজন। গাজীপুর সিটি করপোরেশনের আমানতের বিপরীতে চার কোটি টাকা ছাড়ের ক্ষেত্রেও এমডি ও এফএডিসহ সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের অনুমোদন ছিল। তাদের অনুমোদনের ভিত্তিতেই প্রধান কার্যালয়ের হিসাব ডেবিট করে ১৩ কর্মকর্তার হিসাবে অর্থ জমা করা হয়।
এ বিষয়ে সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ১৩ কর্মকর্তার হিসাবে জমা হওয়া অর্থ ব্যাংকের বাইরে থেকে আসেনি। প্রধান কার্যালয়ের একটি হিসাব ডেবিট করে তাদের হিসাবে অর্থ দেওয়া হয়েছে। অর্থাৎ লেনদেনটি ব্যাংকের নিয়মিত ব্যাংকিং ব্যবস্থার মধ্য দিয়েই সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়ার কোনো পর্যায়েই তার আর্থিক সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেন তিনি।
অনুসন্ধানে জানা যায়, এমডি ওবায়দুল হক পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে দেওয়া এক অভ্যন্তরীণ প্রতিবেদনে গাজীপুর সিটি করপোরেশন থেকে ১০০ কোটি টাকা আমানত সংগ্রহের বিষয়টি অবহিত করেন। প্রতিবেদনে বলা হয়, মাত্র আড়াই শতাংশ সুদে এক বছরের জন্য আমানতটি সংগ্রহ করা হয়েছে। তবে এ আমানত আনতে ব্যবসা উন্নয়ন ও আপ্যায়ন বাবদ অতিরিক্ত চার কোটি টাকা ব্যয় করতে হয়েছে। সব মিলিয়ে আমানত সংগ্রহের খরচ দাঁড়িয়েছে সাড়ে ছয় শতাংশ।
ওই প্রতিবেদনে এমডি আমানত সংগ্রহকে ব্যাংকের সাফল্য হিসেবে তুলে ধরেন। তার হিসাবে, এভাবে আমানত সংগ্রহ করায় ব্যাংকের অর্থ সাশ্রয় হয়েছে। সংশ্লিষ্ট নথিতে ওই ব্যয়ে পরিচালনা পর্ষদের অনুমোদনের কথাও উল্লেখ রয়েছে।
তবে চার কোটি টাকার প্রকৃত ব্যয় ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যাংকের অভ্যন্তরীণ প্রতিবেদনে একে ব্যবসা উন্নয়ন ও আপ্যায়ন ব্যয় বলা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, অর্থটি মূলত ঘুষ বা স্পিড মানি হিসেবে দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পালন করায় অধস্তন কর্মকর্তারা শাস্তির মুখে পড়লেও নির্দেশদাতারা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে।
১৩ কর্মকর্তার হিসাব ব্যবহার
ব্যাংকের অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, গত ৪ জুন অফিস সময় শেষে সন্ধ্যা সাতটার দিকে ১৩ কর্মকর্তার ব্যাংক হিসাবে বিভিন্ন অঙ্কের অর্থ জমা করা হয়। এর আগে এমডির পিএস হামিদুর রহমান তাদের সঙ্গে যোগাযোগ করে আগাম চেক সংগ্রহ করেন। পরে ৭ জুন প্রিন্সিপাল শাখা থেকে এসব হিসাবের টাকা নগদে উত্তোলন করা হয়।
১৩ কর্মকর্তার মধ্যে দুজনের হিসাবে সর্বোচ্চ ৮০ লাখ টাকা করে জমা দেওয়া হয়েছিল। তাদের প্রত্যেকের নামে ২০ কোটি টাকা করে আমানত সংগ্রহের হিসাব দেখানো হয়। অন্য কর্মকর্তাদের হিসাবে জমা করা হয় ৪০ লাখ, ৩২ লাখ, ২০ লাখ, ১৬ লাখ ও আট লাখ টাকা করে। পরে এসব অর্থও উত্তোলন করা হয়।
প্রথম দফায় ব্যাংকের অভ্যন্তরীণ প্রতিবেদনে এই অর্থকে প্রণোদনা হিসেবে উল্লেখ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, তাদের বলা হয়েছিল, আমানত সংগ্রহের বিপরীতে সার্টিফিকেট দেওয়া হবে। ব্যাংকের আমানত সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে এ ধরনের সার্টিফিকেট পদোন্নতির ক্ষেত্রেও কাজে লাগতে পারে বলে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল। এতে তারা নিজেদের হিসাবে অর্থ নিতে রাজি হন। পরে পিএসের নির্দেশে চেকের মাধ্যমে অর্থ তুলে দেওয়া হয়।
তবে কর্মকর্তাদের দাবি, তারা ব্যক্তিগতভাবে ওই অর্থ গ্রহণ করেননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিজেদের হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণ ও পরে চেক দিয়ে তা তুলে দিয়েছেন। গত ২৮ অক্টোবর এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া এক চিঠিতে ১৪ কর্মকর্তা নিজেদের দায়মুক্তি চান। তাদের বক্তব্য, পুরো প্রক্রিয়ায় তারা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করেছেন।
টাকা পৌঁছে দেওয়ার বর্ণনা দেলোয়ারের
একান্ত আলাপে দেলোয়ার হোসেন জানান, একদিন এমডি তাকে ডেকে পিএস হামিদুর রহমানের সঙ্গে যেতে বলেন। কোথায় যেতে হবে জানতে চাইলে এমডি জানান, ১০০ কোটি টাকার আমানত সংগ্রহের জন্য স্পিড মানি দিতে হবে। এ সময় ঊর্ধ্বতন আরেক কর্মকর্তাও তাকে এমডির নির্দেশ অনুযায়ী যেতে বলেন।
দেলোয়ারের ভাষ্য, তিনি এমডির গাড়িতে চালক ও পিএসের সঙ্গে যান। প্রথম দিন তারা উত্তরা ক্লাবে এবং পরদিন গুলশান ক্লাবে যান। সেখানে পিএস টাকা দেন। তিনি শুধু গাড়িতে বসে ছিলেন; টাকা ধরেননি, কার কাছে দেওয়া হচ্ছে, তা-ও জানতেন না। এমনকি চার কোটি টাকার কোনো অংশ তার ব্যাংক হিসাবেও জমা হয়নি। পুরো লেনদেনের কোনো আর্থিক নথিতে তার স্বাক্ষর নেই বলেও দাবি করেন তিনি। শুধু এমডির নির্দেশে গাড়িতে যাওয়ার কারণে তাকে শাস্তির মুখে পড়তে হয়েছে বলে তার অভিযোগ।
দেলোয়ারের প্রশ্ন, জিএল হিসাব ডেবিটের অনুমোদন যারা দিয়েছেন, অর্থ জমা ও উত্তোলনের প্রক্রিয়া যারা সম্পন্ন করেছেন এবং অর্থ কোথায় দেওয়া হয়েছে, তা যারা জানেন, তাদের দায় নির্ধারণ না করে তাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে?
সংকটাপন্ন ব্যাংকে ১০০ কোটি টাকার আমানত
যে ব্যাংকে ১০০ কোটি টাকা আমানত রাখা হয়েছে, সেই কমার্স ব্যাংকের আর্থিক অবস্থাও ছিল নাজুক। পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে দেওয়া অভ্যন্তরীণ প্রতিবেদনে ব্যাংকের সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরেন স্বয়ং ব্যবস্থাপনা পরিচালক।
প্রতিবেদন অনুযায়ী, আস্থাহীনতার কারণে ব্যাংকের আমানত আশঙ্কাজনকভাবে কমে গেছে। আমানতকারীদের টাকা ফেরত দেওয়া যাচ্ছে না। আন্তঃব্যাংক লেনদেনও বন্ধ হয়ে গেছে। গত দুই অর্থবছরে আমানতের মুনাফার বিপরীতে উৎসে কর ও ভ্যাট বাবদ কাটা ৫৭ কোটি ১৫ লাখ টাকা জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা না দিয়ে ব্যাংকের কাজে ব্যয় করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ৯১৪ কোটি টাকা ফেরত দিতে না পারায় ১০০ কোটি ৩৪ লাখ টাকা দণ্ডসুদ আরোপ করা হয়েছে। দীর্ঘদিনের নগদ জমার সংরক্ষণ অনুপাত (সিআরআর) ঘাটতি ১৪৮ কোটি টাকা এবং বিধিবদ্ধ তারল্য অনুপাত (এসএলআর) ঘাটতি ৪২৭ কোটি টাকা। এসব ঘাটতির কারণে কেন্দ্রীয় ব্যাংক আরও ৮১ কোটি টাকা দণ্ডসুদ আরোপ করেছে।
এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কমার্স ব্যাংকের প্রায় ১ হাজার ৫৮৪ কোটি টাকা আটকে রয়েছে। ব্যাংকের আরেকটি প্রতিবেদন অনুযায়ী, সাতটি আর্থিক প্রতিষ্ঠানে ১ হাজার ১৬৮ কোটি ৯৮ লাখ এবং পাঁচটি ব্যাংকে ৪১৪ কোটি ৭৭ লাখ টাকা পাওনা রয়েছে।
এমন আর্থিক সংকটের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের ১০০ কোটি টাকা কম সুদে আমানত হিসেবে সংগ্রহ করা হয়। অন্য একটি ব্যাংক থেকে টাকা তুলে কমার্স ব্যাংকে রাখা হয়। অথচ তুলনামূলক ভালো আর্থিক অবস্থানে থাকা সাউথ বাংলা ব্যাংকের গাজীপুর শাখা থেকেই ওই অর্থ স্থানান্তর করা হয়েছিল।
ব্যাংকের অভ্যন্তরীণ নথিতে আমানত সংগ্রহে চার কোটি টাকা ব্যয়ের বিষয়টি এমডি নিজেই উল্লেখ করেছেন। পর্ষদের অনুমোদনের তথ্যও রয়েছে। ফলে অর্থ ব্যয়ের সিদ্ধান্ত ও অনুমোদনের দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে।
নিরপেক্ষ তদন্তের দাবি
দেলোয়ার হোসেনের দাবি, পুরো ঘটনায় প্রকৃত দায়ীদের চিহ্নিত করতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ তদন্ত করতে হবে। কোন হিসাব থেকে জিএল হেড ডেবিট করা হয়েছে, কারা অনুমোদন দিয়েছেন, কারা অর্থ জমা ও উত্তোলন করেছেন এবং শেষ পর্যন্ত কার হাতে অর্থ পৌঁছেছে— সবকিছু খতিয়ে দেখতে হবে।
তিনি বলেন, তার কোনো দোষ থাকলে শাস্তি মেনে নেবেন। তবে কোনো আর্থিক সম্পৃক্ততা বা স্বাক্ষর না থাকা সত্ত্বেও তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার ভাষায়, তিনি শুধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গাড়িতে গিয়েছিলেন।
জিয়া পরিষদ বাংলাদেশ কমার্স ব্যাংক ইউনিটও দেলোয়ার হোসেনের সাময়িক বরখাস্তের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটির দাবি, প্রত্যক্ষ আর্থিক সম্পৃক্ততার প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা বরখাস্তের আদেশ প্রত্যাহার এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।
এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হকের বক্তব্য জানতে একাধিকবার তার ব্যক্তিগত মোবাইল ফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি। পরে যোগাযোগের কারণ উল্লেখ করে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘যাদের নাম তদন্তে আসেনি, তাদের নামে কেন এমন নির্দেশনা আসবে? বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। যদি ব্যাংকের পর্ষদ চাকরিচ্যুতির সিদ্ধান্ত দিয়ে থাকে, তা হলে সেটা ভিন্ন কথা। কিন্তু বাংলাদেশ ব্যাংক এমন কোনো সিদ্ধান্ত দিয়েছে কি না, তা সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে দেখতে হবে।’
চার কোটি টাকা ব্যয়ের সিদ্ধান্ত, অনুমোদন, অর্থ ছাড় ও বিতরণের প্রতিটি পর্যায়ে কার কী ভূমিকা ছিল, তা নির্ধারণ এখনও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, শুধু অর্থ বহন বা ব্যক্তিগত হিসাবে অর্থ জমা হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে ব্যবস্থা নেওয়া হলে মূল সিদ্ধান্ত গ্রহণকারী ও অনুমোদনকারীদের জবাবদিহি আড়ালে থেকে যেতে পারে।
সময়ের আলো/প্রিন্ট/আতা