সংগৃহীত ছবিরাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলার ঘটনায় শতাধিক জনকে শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তে উঠে এসেছে, এক কোটি টাকার চুক্তিতে সন্ত্রাসী বাহিনী ভাড়া করা হয়েছিল। দেওয়া হয়েছিল নানন প্রলোভনও। গত ২৬ সেপ্টেম্বর ওই হামলা চালানো হয়েছিল। তবে হামলার অন্যতম সমন্বয়ক ভাষানটেকের যুবরাজ এখনো গ্রেফতার হননি। এ ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হলেও আটজন জামিনে মুক্তি পেয়েছেন।
ডিবি সূত্র জানায়, হামলার দিন দুপুরে ইসিবি চত্বরের একটি খাবারের দোকানে বসে ১৩ জন হামলার পরিকল্পনা করেন। সেখানে উপস্থিত ছিলেন মামলার এক নম্বর আসামি শাহরিয়ার মাহমুদ। তার সঙ্গে এক কোটি টাকার চুক্তি হয় যুবরাজের। তদন্তে আরও জানা গেছে, তাবলিগ জামাতে গিয়ে শাহরিয়ারের সঙ্গে পরিচয় হয় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীর। হামলার ঘটনায় গ্রেফতার হয়েছিলেন গোলাম মহিউদ্দিনও। পরে তিনি জামিনে মুক্তি পান।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক জেহাদ হোসেন বলেন, ‘হামলায় শতাধিক ব্যক্তি অংশ নিয়েছিলেন। তাদের অনেককে শনাক্ত করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে। কিছু আলামত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।’
গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউগিনি আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় প্রকল্পের ভেতরে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউন ফিস স্টুডিওতেও ব্যাপক ভাঙচুর করা হয়। ঘটনার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে হামলার বিবরণ দেন সালমান। এরপর ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,প্রকল্পসংলগ্ন ৩৫ কাঠা জমির মালিকানা ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে হামলার পরিকল্পনা করা হয়। ওই জমিতে মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীরও মালিকানা রয়েছে। সেখানে কন্ডোমিনিয়াম নির্মাণের পরিকল্পনা ছিল। কিন্তু জমি থেকে বের হওয়ার সরাসরি কোনো রাস্তা ছিল না। নিউগিনি প্রকল্পের ভেতরের রাস্তা ব্যবহারের সুযোগ না থাকায় প্রকল্পের মূল ফটক ভেঙে চলাচলের রাস্তা তৈরির পরিকল্পনা করা হয়।
এ কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল শাহরিয়ার মাহমুদকে। বিনিময়ে তাকে নির্মাণাধীন ভবনের একটি ফ্ল্যাট উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া ভবন নির্মাণের ইট-বালু সরবরাহের কাজও তাকে দেওয়ার কথা ছিল।
১৩ দিন পর মামলা, আসামি ১৫০
এদিকে একই প্রকল্পে গত ৭ নভেম্বর আবারও হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার ১৩ দিন পর গত ২০ নভেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে। প্রকল্পের নিরাপত্তা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভূইয়া (৩১) বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলাটি করেন।
পরেদিন ৮ নভেম্বর বিকেলেও একই প্রকল্পে হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনায় ১০ পুরুষ ও চার নারীসহ ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
তবে ওই ঘটনার পর নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি প্রকল্পের মালিক নাজিম উদ্দিনসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, ‘নাজিম উদ্দিনের সঙ্গে নুর মোহাম্মদের জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। নুর মোহাম্মদ লোকজন নিয়ে প্রকল্পে গেলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। পওে এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে।’
সময়ের আলো/কেএইচও