প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:২৩ পিএম
গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। ছবি : সংগৃহীত বাংলাদেশ ও ভারতের মধ্যে সই করা ১৯৯৬ সালের গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। এমন প্রেক্ষিতে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে দ্রুত আলোচনা শুরুর অনুরোধ জানিয়ে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি তার ভারতীয় সমকক্ষ সি. আর. পাতিলকে কূটনৈতিক চ্যানেলে গত ১৭ নভেম্বর একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ঢাকার পক্ষ থেকে এই ইস্যুতে দ্রুত আলোচনা শুরুর অনুরোধ জানানো হয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে চলায় ভারত ও বাংলাদেশ এক জরুরি কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ঐতিহাসিক এই চুক্তি নবায়নের জন্য এখনও কোনো দেশই আনুষ্ঠানিক আলোচনা শুরু করেনি। সীমান্তবর্তী এই অভিন্ন নদীর পানিবণ্টন কাঠামোয় হঠাৎ করে কোনো শূন্যতা সৃষ্টি হওয়া রোধ করতে উভয় দেশকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
গত ১৭ নভেম্বর পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি তার ভারতীয় সমকক্ষ সি. আর. পাতিলকে একটি চিঠি পাঠিয়েছেন। আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পাঠানো এই চিঠিতে ফারাক্কায় গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে দ্রুত আলোচনা শুরুর অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা নয়াদিল্লিকে জানিয়েছে যে, তারা ইতোমধ্যেই আলোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করেছে। মন্ত্রী এ্যানি ভারতকেও তাদের আলোচক দলের সদস্যদের তালিকা জানানোর আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ উল্লেখ করেছে যে তারা তাদের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছে এবং ১২ ডিসেম্বরের বেশ আগেই আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলে আশা করছে।
এদিকে ঢাকার রোববার থেকে দুই দিনব্যাপি বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক শুরু হয়েছে। ওই বৈঠকে গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ নিয়ে বা নতুন চুক্তির বিষয়ে কোনো আলাপ হচ্ছে না বলে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো এই প্রতিবেদককে জানান।
তারা বলেন, এই বৈঠকে শুধুমাত্র চুক্তি অনুযায়ী পানি বণ্টনের যে পদক্ষেপ নেওয়ার কথা সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে।
বাংলাদেশের যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির দৈনিক সময়ের আলোকে বলেন, ‘গঙ্গা পানি বণ্টন চুক্তি, ১৯৯৬ বাস্তবায়ন সংক্রান্ত ভারত-বাংলাদেশ যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠকটি রোববার ঢাকায় অনুষ্ঠিত হয়। এ বৈঠকে ২০২৬ সালে গঙ্গা পানি বণ্টন চুক্তির বাস্তবায়ন সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনটি চূড়ান্ত করা হয়েছে।' যৌথ কমিটির বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন মো. আনোয়ার কাদির, সদস্য, যৌথ নদী কমিশন, বাংলাদেশ, পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ। যৌথ কমিটির ভারতীয় পক্ষের নেতৃত্ব দেন শ্রী শরদ চন্দ্র, কমিশনার (এফএম), পানি সম্পদ অধিদপ্তর, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন বিভাগ, জলশক্তি মন্ত্রণালয় এবং সদস্য, যৌথ নদী কমিশন, প্রজাতন্ত্রী ভারত সরকার।
সময়ের আলো/কেএইচও