বাঘায় দুই দশকেও চালু হয়নি ডায়াবেটিস সেন্টার

হাবিল উদ্দিন, বাঘা (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

ভবন আছে, নেই চিকিৎসাসেবা। রোগীদের চিকিৎসার সুবিধা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছিল ডায়াবেটিস সেন্টার। কিন্তু কেটে গেছে প্রায় দুই দশক,

2026-11-22T22:37:33+00:00
2026-11-22T22:37:33+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
বাঘায় দুই দশকেও চালু হয়নি ডায়াবেটিস সেন্টার
হাবিল উদ্দিন, বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ পিএম 
বাঘায় দুই দশকেও চালু হয়নি ডায়াবেটিস সেন্টার। ছবি : সময়ের আলো
ভবন আছে, নেই চিকিৎসাসেবা। রোগীদের চিকিৎসার সুবিধা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছিল ডায়াবেটিস সেন্টার। কিন্তু কেটে গেছে প্রায় দুই দশক, তবু চালু হয়নি প্রতিষ্ঠানটি। উদ্বোধনের অপেক্ষায় থাকতে থাকতে ভবনটি এখন প্রায় পরিত্যক্ত। অথচ প্রতিদিন ডায়াবেটিসে আক্রান্ত অসংখ্য মানুষকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য ছুটতে হচ্ছে দূরের হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে। সরকারি অর্থে নির্মিত একটি ভবন এভাবে বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকায় ক্ষোভ ও হতাশা বাড়ছে স্থানীয়দের মধ্যে।

রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ ভূমি অফিস-সংলগ্ন এলাকায় অবস্থিত ডায়াবেটিস সেন্টারের ভবনটি এখন স্থানীয়দের কাছে এক অপূর্ণ প্রত্যাশার প্রতীক। এলাকাবাসী জানান, ২০০২ সালের দিকে ভবনটি নির্মাণ করা হয়েছিল। তবে ভবনে নির্মাণসংশ্লিষ্ট কোনো ফলক না থাকায় এর সঠিক নির্মাণকাল নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত কুমার সরকার ভবনটির নির্মাণপ্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র ও রেকর্ডসংক্রান্ত জটিলতার কথা উল্লেখ করে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তকি ফয়সল তালুকদার বলেন, মীরগঞ্জ ভূমি অফিসের পাশে একটি পরিত্যক্ত ভবন রয়েছে। স্থানীয়ভাবে জানতে পেরেছি, ভবনটি ডায়াবেটিস সেন্টারের নামে নির্মাণ করা হয়েছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি কর্মকর্তাকে লিখিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সংসদ সদস্যের সঙ্গেও কথা হয়েছে। বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেশি। তাই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়াল বলেন, এত বছর পেরিয়ে গেলেও সরকারি অর্থায়নে নির্মিত ভবনটি আজও নিষ্ক্রিয় পড়ে আছে। অদৃশ্য কারণে ডায়াবেটিস সেন্টারটি চালু করা হয়নি। এটি চালু হলে এলাকার অসহায় ও দরিদ্র মানুষ সহজেই চিকিৎসাসেবা পেতেন। তাই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সেন্টারটি চালুর দাবি জানাচ্ছি।

স্থানীয়দের ভাষ্য, ভবনটি নির্মাণের পর থেকে কখনোই সেখানে আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। চালু হয়নি চিকিৎসাসেবা কার্যক্রমও। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভবনটি ক্রমেই জরাজীর্ণ হয়ে পড়ছে। অথচ ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত রক্তের শর্করা পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও ওষুধ গ্রহণের প্রয়োজন হয়। বাঘায় একটি ডায়াবেটিস সেন্টার চালু হলে এসব সেবা স্থানীয়ভাবে পাওয়া সম্ভব হতো। কিন্তু সেই সুযোগ আজও তৈরি হয়নি।

স্থানীয়দের প্রশ্ন, কার উদ্যোগে এবং কোন প্রকল্পের আওতায় নির্মিত হয়েছিল ভবনটি? সরকারি অর্থায়নে নির্মাণ হয়ে থাকলে বরাদ্দ, দরপত্র, কার্যাদেশ, ঠিকাদার নিয়োগ, নির্মাণ ব্যয় ও কাজ সম্পন্ন হওয়ার নথিপত্র কোথায়? কোন দফতর বা সংস্থা ভবনটি নির্মাণ করেছিল সেটিও পরিষ্কার নয়। প্রায় দুই দশকেও প্রতিষ্ঠানটি চালু না হওয়ার পেছনে কী কারণ রয়েছে, তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।

স্থানীয়দের দাবি, শুধু তদন্তের মধ্যে সীমাবদ্ধ না রেখে ভবনটির প্রকৃত মালিকানা ও নির্মাণের ইতিহাস খুঁজে বের করতে হবে। প্রয়োজনীয় সংস্কার, চিকিৎসা সরঞ্জাম, জনবল ও ওষুধের ব্যবস্থা করে দ্রুত চালু করতে হবে ডায়াবেটিস সেন্টারটি। দুই দশক আগে মানুষের চিকিৎসাসেবার স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল যে ভবন, সেটি আজও মানুষের কোনো কাজে আসছে না। সময়ের সঙ্গে ডায়াবেটিস রোগীর সংখ্যা ও চিকিৎসার প্রয়োজন বাড়লেও বাড়েনি সেবার সুযোগ। ফলে বাঘার মানুষের মনে এখন একটাই প্রশ্ন, আর কতদিন এভাবে অব্যবহৃত পড়ে থাকবে ডায়াবেটিস সেন্টারটি?

সময়ের আলো/আতা
  বিষয়:   ভবন  চিকিৎসাসেবা  রোগী  চিকিৎসা  ডায়াবেটিস সেন্টার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: