আকভানের প্রভাবে ঝিনাইদহে তিন দিনের টানা বৃষ্টিপাতে তলিয়ে গেছে বিস্তীর্ণ ধানের মাঠ। ছবি : সময়ের আলো ঝিনাইদহ জেলার ৬টি উপজেলায় এক লাখ ৪ হাজার ৫০৬ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে মাত্র ৩০ শতাংশ ধান মাড়াই সম্পন্ন হয়েছে। ‘আকভানে’র প্রভাবে টানা তিন দিনের বিরামহীন বৃষ্টিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও কৃষক।
বিশেষ করে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বিরামহীন বৃষ্টিতে জেলার কৃষক ও শ্রমিকদের জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। একই সঙ্গে মাঠে পাকা আমনধান কাটা ও ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
সরেজমিনে দেখা গেছে, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ঝিনাইদহে তিন দিনের টানা বৃষ্টিপাতে তলিয়ে গেছে বিস্তীর্ণ ধানের মাঠ। বৃষ্টির পানি জমে অনেক এলাকায় ধানের ডগা পড়ে ডুবে গেছে পানির নিচে। ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকরা বাধ্য হয়ে কেটে নিচ্ছেন ধানের ডগা। এ ছাড়া হালকা বাতাসে জেলার অনেক মাঠে কাঁচা ধান মাটিতে লুটিয়ে পড়েছে। ফলে পড়ে যাওয়া ধান কাটতে ও ঘরে তুলতে অতিরিক্ত শ্রমিকের মজুরি গুনতে হচ্ছে কৃষকদের। ধান ছাড়াও শীতকালীন শাক সবজি, সরিষা ও গমের আবাদও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলার সদর উপজেলার বৈডাঙ্গা, উত্তর নারায়নপুর, ভবানীপুর, কুমড়াবাড়িয়া, রামনগর, গান্না মহারাজপুর, এলাকায় পাকা ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অধিকাংশ ধানের মাঠে জমেছে পানি। ফলে এসব ধান কাটতে আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগতে পারে এবং ফলন অনেক কমে যাবে।
টানা বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন মাঠে শীতকালীন সবজির আবাদের ওপরেও প্রভাব পড়েছে। সবজি চাষিরা আশঙ্কা করছেন, বৃষ্টির পানি জমিতে দুদিন আটকে থাকলে সবজির গাছে পচন ধরতে পারে।
এদিকে জেলার কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ, শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলার ফসলের মাঠের চিত্রও প্রায় একই।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে, জেলায় চলতি আমন মৌসুমে এক লাখ ৪ হাজার ৫০৬ হেক্টর জমিতে আমন ধান, এ ছাড়া জেলার ৬টি উপজেলায় গম আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ হাজার ৩৮০ হেক্টর জমিতে এবং জেলায় সরিষার আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৫ শ ২৬ হেক্টর।
টানা তিন দিনের বৃষ্টির কারণে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি অনেকেই। গ্রামের কৃষকদের মতে, এমন বৈরী আবহাওয়া দীর্ঘায়িত হলে পাকা ধানের চরম ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। অনেকে কাটা ধান মাঠে রয়েছে। সেই কাটাধানের উপরে কোথাও কোথাও হাঁটু পানি জমেছে।
বৈডাঙ্গা গ্রামে জহুরুল ইসলাম বলেন, পানিতে তলিয়ে থাকা ধানের দাম বাজারে কম পাওয়া যায়। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হলাম।
কালুহাটি গ্রামের কৃষক মো. সোলাইমান বলেন, বৃষ্টিতে ধানের ক্ষতির পাশাপাশি শীতের সবজি খেত অনেকটাই নষ্ট হয়ে গেছে। সরিষা ও গমের আবাদও পিছিয়ে যাবে। পানিতে ডুবে যাওয়া ধান কাটা ও মাড়াই খরচ দ্বিগুণ হয়ে গেছে। আমরা এত খরচ কীভাবে মেটাবো সেই দুশ্চিন্তায় আছি।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টির প্রভাবে গম বপনের সময় পারে দুই সপ্তাহ পিছিয়ে যেতে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. কামরুজ্জামান বলেন, বৈরী আবহাওয়ার কারণে ধানের ক্ষতি কিছুটা বেশি হতে পারে। শীতকালীন সবজি খেত বৃষ্টির পানিতে নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া সরিষা, গম ও ভুট্টার বীজ বপন-রোপনেও কিছুটা বিলম্ব হতে পারে। আমরা মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মীদের ফসলের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের নির্দেশনা দিয়েছি। আমাদের কর্মীরা কাজ করছেন। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনই বলা যাচ্ছে না।
সময়ের আলো/এনএন