প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:৫৫ পিএম
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। সংগৃহীত ছবিবিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জার্মানিতে যেমন নাৎসি বাহিনী ও হিটলার নিষিদ্ধ হয়েছিলেন এবং বর্তমানে দেশটিতে কেউ হিটলারের নাম পর্যন্ত উচ্চারণ করতে পারেন না, তেমনি বাংলাদেশেও শেখ হাসিনার নাম কেউ নিতে পারবেন না।
তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে পরাজিত ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে দেশের মানুষ আগামী এক হাজার বছরেও রাজনীতি করার সুযোগ দেবে না।
খায়রুল কবির খোকন অভিযোগ করেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এই অপশক্তি বিদেশে অবস্থান করে উসকানি দিচ্ছে। এর মাধ্যমে দেশে নৈরাজ্য, অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চালানো হচ্ছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে নরসিংদী পৌরসভা প্রাঙ্গণে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্টদের আগুনসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, ভিজি রশিদ নওশেরসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশ শেষে পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিক্ষা চত্বরে গিয়ে শেষ হয়।
সময়ের আলো/ইউএমএইচ