শীতের মৌসুমে হঠাৎ বৃষ্টি, দুশ্চিন্তায় হাকিমপুরের কৃষকরা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দেশের উত্তরের জেলা দিনাজপুরের হাকিমপুর (হিলি) এলাকায় হঠাৎ অসময়ের বৃষ্টিতে আমন ধান কাটা-মাড়াই এবং রবিশস্য (আলু ও সরিষা) চাষ নিয়ে

2026-11-22T21:29:15+00:00
2026-11-22T21:29:15+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
শীতের মৌসুমে হঠাৎ বৃষ্টি, দুশ্চিন্তায় হাকিমপুরের কৃষকরা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:২৯ পিএম 
অসময়ের বৃষ্টিতে আমন ধান কাটা-মাড়াই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ছবি : সময়ের আলো
দেশের উত্তরের জেলা দিনাজপুরের হাকিমপুর (হিলি) এলাকায় হঠাৎ অসময়ের বৃষ্টিতে আমন ধান কাটা-মাড়াই এবং রবিশস্য (আলু ও সরিষা) চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। রোববার (২২ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, হঠাৎ অসময়ে (শনিবার ও রোববার) দুই দিনের টানা বৃষ্টির কারণে কাটা আমন ধান জমিতে পড়ে রয়েছে এবং অনেক জমিতে পানি জমে আছে। আমন ধান কাটা-মাড়াই শেষ না হওয়ায় নতুন করে রবিশস্য সরিষা ও আলু চাষ নিয়ে তৈরি হয়েছে সংকট।

উপজেলার বাওনা গ্রামের কৃষক মো. মনিরুজ্জামান জিয়া বলেন, এখন শীতের মৌসুম; এই সময়ে হঠাৎ দুই দিনের টানা বৃষ্টিতে অনেক জমিতে কাটা ধান পড়ে রয়েছে এবং জলাবদ্ধতা তৈরি হওয়ায় তারা খুব দুশ্চিন্তায় পড়ে গেছেন। তার মতে, পাকা বা কাটার উপযোগী আমন ধান হেলে পড়া ও নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি আলু ও সরিষা চাষ করতে পারছেন না। তিনি জানান, এবার এমনিতেই আমন ধানে গভীর নলকূপ থেকে সেচ দিতে হয়েছে, ফলে আমন ধান চাষে এবার ব্যয় বেড়েছে।

উপজেলার কোকতাড়া গ্রামের বর্গাচাষি রফিকুল ইসলাম বলেন, এবার আমন ধানের চাষ নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন— খরচ উঠবে কি না! কারণ হিসেবে তিনি জানান, এক বিঘা (৩৩ শতক) জমি বর্গা চাষের জন্য এক মৌসুমে জমির মালিককে ১১ থেকে ১২ হাজার টাকা দিতে হয়। এর ওপর এবার ঠিক যে সময় ধান বের হবে, ঠিক সেই সময় বৃষ্টি না হওয়ায় গভীর নলকূপ থেকে বাড়তি টাকা খরচ করে সেচ দিতে হয়েছে। সব মিলিয়ে আমন ধান চাষের খরচ উঠবে কি না, তা নিয়ে বড় দুশ্চিন্তায় আছেন বলেও জানান তিনি।

অসময়ে হঠাৎ বৃষ্টি ও শীতের আগমনি বার্তায় খেটে খাওয়া মানুষ ও দিনমজুরদের কাজে ব্যাঘাত ঘটছে, আর কাটা ধান শুকানো নিয়েও বিপাকে পড়ছেন চাষিরা।

হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ৮ হাজার ১২৬ হেক্টর জমিতে। অন্যদিকে গত বছর রবি মৌসুমে এই উপজেলায় ২ হাজার ১২৬ হেক্টর জমিতে সরিষা ও আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসের মাঠকর্মী বলেন, অসময়ে হঠাৎ বৃষ্টি হওয়ায় কৃষক ভাইদের ক্ষতি পুষিয়ে নিতে জমিতে জমে থাকা অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা এবং জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হলে ছত্রাক বা রোগবালাইয়ের দিকে নজর রাখার পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা।

সময়ের আলো/আতা
  বিষয়:   দিনাজপুর  হাকিমপুর  হিলি  বৃষ্টি  আমন ধান  রবিশস্য  আলু  সরিষা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: