রামগতি ও নোয়াখালীর হাতিয়া সীমান্তবর্তী বয়ারচর এলাকা তিন দিক থেকে ভাঙনের মুখে পড়েছে। ছবি : সময়ের আলো টানা বর্ষণ ও বৈরী আবহাওয়ার প্রভাবে লক্ষ্মীপুরের উপকূলীয় রামগতি ও কমলনগর উপজেলায় ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। অন্তত ১৫ থেকে ২০টি নতুন পয়েন্টে ভাঙন এবং নিম্নমানের ব্লকবাঁধ ধসে লাখো মানুষ এখন চরম ঝুঁকিতে রয়েছেন। ভাঙন ঠেকাতে তীর সংরক্ষণ বেড়িবাঁধ প্রকল্প চলমান থাকলেও ঠিকাদারদের গাফিলতি ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদাসীনতায় কাজ স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। বসতবাড়ি, ফসলি জমি ও সরকারি অবকাঠামো হারিয়ে নিঃস্ব হচ্ছেন উপকূলের বাসিন্দারা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, কমলনগরের লুধুয়া, পাটারীরহাট, সাহেবেরহাট, নবীগঞ্জ ও মতিরহাট এবং রামগতির বয়ারচর, চরগাজী, রঘুনাথপুর ও আলেকজান্ডার বিভিন্ন এলাকায় নদীর তীর রক্ষা বাঁধে ধস নেমেছে। বিশেষ করে রামগতি ও নোয়াখালীর হাতিয়া সীমান্তবর্তী বয়ারচর এলাকা তিন দিক থেকে ভাঙনের মুখে পড়েছে। একদিকে ভুলুয়া নদী এবং বাকি দুই পাশে মেঘনার প্রবল স্রোত আঘাত হানছে। এর আগে বয়ারচরের ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ড এবং গাবতলী সুইজগেট এলাকায় সদ্য নির্মিত জিওব্যাগের কাজ জোয়ারের স্রোতে ভেস্তে যাওয়ায় বহু উদ্বাস্তু পরিবার এখনো ঘুরে দাঁড়াতে পারেনি।
ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দা রফিক, মানিক ও এমদাদুল হক মাঝি ক্ষোভ প্রকাশ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালি কাজের কারণেই তারা ভিটেমাটি হারিয়েছেন। পাশাপাশি কমলনগরের চরকালকিনি ইউনিয়নের বাত্তিরখালে জরুরি জিওব্যাগ বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে গা-ঢাকা দিলেও লক্ষ্মীপুর পাউবো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। রামগতি উপজেলায় ওয়েস্টিন কোম্পানির চারটি প্যাকেজ ও হাসান ব্রাদার্সের দুটি প্যাকেজ বাতিলসহ নানা জটিলতায় বাঁধের কাজে দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, ঠিকাদাররা সরে যাওয়ার পর পাউবোর কিছু কর্মকর্তা-কর্মচারী নিজেদের ঘনিষ্ঠ ও নিকটাত্মীয়দের মাধ্যমে কাজ করিয়ে সরকারি অর্থ হাতিয়ে নিচ্ছেন। এই অনিয়মে কিছু জনপ্রতিনিধিও জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।
বয়ারচরের বাসিন্দা মো. মিজান ও আলাউদ্দীন বলেন, এক বছরের বেশি সময় ধরে ভাঙন চললেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতা চোখে পড়ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে রাস্তাঘাট, বসতবাড়ি ও ফসলি জমি রক্ষা করা সম্ভব হবে না। চরগাজী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইব্রাহিম খলিল দিদারও দ্রুত বাস্তবসম্মত উদ্যোগ না নিলে আরও বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন।
তবে রামগতি পাউবোর উপ-সহকারী প্রকৌশলী আ.ম.ম. নঈম দাবি করেন, তদারকিতে কোনো ঘাটতি নেই এবং বাতিল হওয়া প্যাকেজ পুনরায় দরপত্র আহ্বান করা হবে।
রামগতি পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল বলেন, পালিয়ে যাওয়া ঠিকাদারদের কাজ ও বাতিল হওয়া টেন্ডারগুলো পুনরায় দরপত্রের মাধ্যমে সম্পন্ন করা হবে এবং চলমান কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, চাহিদার তুলনায় কম বরাদ্দ, কাজের নিম্নমান, বালু ও জিওব্যাগ সংক্রান্ত অনিয়ম এবং ঠিকাদারদের নিখোঁজ হয়ে যাওয়ায় বাঁধ নির্মাণ প্রকল্প গতি হারিয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দুই উপজেলার মানচিত্র থেকে কিছু এলাকা হারিয়ে যাওয়ার শঙ্কা করছেন ভুক্তভোগীরা।
সময়ের আলো/এনএন