প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
প্রতীকী ছবিনওগাঁর সাপাহারে গ্যাস সিলিন্ডার থেকে ছড়ানো আগুনে দগ্ধ স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। প্রথমে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী এবং পরে বাড়িতে স্ত্রী মারা যান।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে সোলায়মান আলী মারা যান। সেদিনই তার মরদেহ এবং চিকিৎসাধীন আফরোজা বেগমকে গ্রামের বাড়িতে নেওয়া হয়। সোলায়মান আলীকে দাফন করার পর বাড়িতে থাকা অবস্থায় রোববার ভোর ৫টার দিকে আফরোজা বেগমেরও মৃত্যু হয়।
উপজেলার শিরন্টি ইউনিয়নের গোপালপুর সোনাডাঙা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের সোলায়মান আলী ও তার স্ত্রী আফরোজা বেগম (৬৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর রোববার রাত ৯টার দিকে মশার কয়েল ধরানোর জন্য আফরোজা বেগম রান্নাঘরে গিয়ে গ্যাস লাইট জ্বালান। এ সময় রান্নাঘরে থাকা এলপিজি সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয় এবং তিনি দগ্ধ হন। তার চিৎকার শুনে পাশের ঘর থেকে সোলায়মান আলী ছুটে গিয়ে স্ত্রীকে বাঁচাতে গেলে নিজেও দগ্ধ হন। ওই রাতে দুজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোলায়মান আলী এবং বাড়িতে থাকা অবস্থায় রোববার আফরোজা বেগমেরও মৃত্যু হয়।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, লোকমুখে বিষয়টি জেনেছেন। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি; অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।
সময়ের আলো/এনএন