আলিফ। ছবি : সময়ের আলোকোমর থেকে নিচের অংশে শুধু দুটো পায়ের পাতা যুক্ত— এমন শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই জন্ম আলিফের। স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে না পারলেও স্বপ্ন দেখতে বা এগিয়ে চলতে কখনো থামেনি ১৪ বছর বয়সী এই কিশোর। নওগাঁর বদলগাছী উপজেলার কামারবাড়ী গ্রামের আলিফ এখন বদলগাছী মাইলস্টোন হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার চোখভরা স্বপ্ন— একদিন কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে।
তিন ভাই-বোনের মধ্যে সবার বড় আলিফের কোমরের নিচের অংশের ওই সীমাবদ্ধতা ছাড়া শরীরের বাকি সবকিছুই স্বাভাবিক। বাবা উজ্জ্বল হোসেন প্রবাসে থাকেন আর মা সুখী বানু সংসারের নানা কাজে ব্যস্ত থাকায় আলিফের দৈনন্দিন জীবন, স্কুলে যাওয়া এবং চিকিৎসার দায়িত্ব সামলান দাদা সাইফুল হোসেন। প্রতিদিন দাদার কাঁধে চড়েই স্কুলে যাওয়া-আসা করে আলিফ।
নাতির অদম্য ইচ্ছাশক্তি নিয়ে দাদা সাইফুল হোসেন বলেন, আলিফ কখনো হাল ছাড়ে না। আমি চেষ্টা করি যেন ও সবসময় এগিয়ে যেতে পারে। আমি চাই আলিফ যাতে লেখাপড়া করে বড় কিছু করতে পারে।
ছেলের জন্মের সময়কার হতাশার কথা মনে করে মা সুখী বানু বলেন, আমার ছেলের যখন জন্ম হয়, ওকে দেখে সবাই হতাশ হয়েছিল। কিন্তু ওর লেখাপড়ার আগ্রহ মনে আশা জোগায়। আমি চাই সে অনেক বড় হোক। তার নিজের স্বপ্ন পূরণ হোক। আলিফ যেন ছোট ভাই-বোনদের জন্য শক্তিশালী উদাহরণ হয়ে উঠতে পারে, তাই চাই।
স্কুল ও শ্রেণিকক্ষেও আলিফের পরিশ্রম ও মনোযোগ আলাদাভাবে চোখে পড়ে। তার সহপাঠী হৃদয় কুমার বলেন, আলিফ একজন ভালো সহপাঠী। খুব পরিশ্রমী ও মনোযোগী। আমরা ওর সাথে খেলি, প্রতিযোগিতা করে পড়াশোনা করি। ওর চেষ্টা আমাদেরও অনুপ্রাণিত করে।
বদলগাছী মাইলস্টোন হাইস্কুলের প্রধান শিক্ষক আবু জর গিফারী বলেন, আলিফ খুব মনোযোগী ছাত্র। সবাই তাকে সমাদর করে। তার ক্লাসের সহপাঠীরাও খুবই বন্ধুসুলভ। আমরা আলিফের যাতায়াতের সুবিধার্থে একটা ট্রাইসাইকেলের ব্যবস্থা করে দিয়েছি। কম্পিউটার বিষয়ে তার আগ্রহ ও কৌতূহল অসাধারণ। আমরা শিক্ষকরা চেষ্টা করি যেন ওকে সবসময় সাহায্য করতে পারি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সালেহ মো. নূহ্ জানান, আলিফ একজন সুবর্ণ শিক্ষার্থী এবং সে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে তাকে একটি সাধারণ ট্রাইসাইকেল দেওয়া হলেও বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব তিন কিলোমিটার হওয়ায় সেটি চালিয়ে যাতায়াত করা তার জন্য কষ্টসাধ্য। এ কারণে একটি ব্যাটারিচালিত ইলেকট্রিক ট্রাইসাইকেলের আবেদন করেছে আলিফ। সমাজসেবা কর্মকর্তা বলেন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাকে একটি ইলেকট্রিক ট্রাইসাইকেল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
প্রতিদিনের যাতায়াত, চলাফেরা আর পড়াশোনা— সবকিছুতেই চ্যালেঞ্জ থাকলেও দাদার হাত ধরে, শিক্ষকদের উৎসাহে এবং পরিবারের সমর্থনে সামনে এগিয়ে চলেছে আলিফ। বদলগাছীর কিশোরদের কাছে আজ সে এক অনুপ্রেরণার নাম, যার লড়াই দেখিয়ে দিচ্ছে— শারীরিক সীমাবদ্ধতা নয়, স্বপ্ন দেখার ও লড়াই করার ইচ্ছাশক্তিই আসল শক্তি।
সময়ের আলো/আতা