শারিয়ালজোত বদলে যাচ্ছে স্মার্ট ইকো-ট্যুরিজমে। ছবি : সময়ের আলোহিমালয়ের পাদদেশে বিস্তীর্ণ সমতলের সবুজ চা-বাগানের ভূ-স্বর্গ। দূর আকাশে মেঘের ফাঁকে উঁকি দেওয়া শুভ্র কাঞ্চনজঙ্ঘা। সীমান্তঘেঁষা গ্রামীণ জনপদে প্রকৃতির অপার সৌন্দর্য আর মানুষের সহজ-সরল জীবনযাত্রা। প্রকৃতি ও ঐতিহ্যের এমন অনন্য সমন্বয়ে গড়ে ওঠা উত্তরের পর্যটননগরী তেঁতুলিয়া এবার এগিয়ে যাচ্ছে পরিবেশবান্ধব পর্যটনের নতুন এক সম্ভাবনার পথে। শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ নয়, পর্যটনের সঙ্গে স্থানীয় মানুষের জীবন-জীবিকা, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় ইএসডিওর বাস্তবায়নাধীন ‘স্মার্ট ইকো ট্যুরিজম’ প্রকল্প উত্তরাঞ্চলের পর্যটনশিল্পে যোগ করছে নতুন মাত্রা। এই প্রকল্পের আওতায় পঞ্চগড়ের তেঁতুলিয়াকে প্রধান পর্যটন ক্লাস্টার (লিড ক্লাস্টার) হিসেবে বিবেচনা করে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার পর্যটন সম্ভাবনাময় এলাকাগুলোতে কমিউনিটিভিত্তিক পর্যটন সম্প্রসারণের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রকল্পটির মূল ভাবনা হলো, প্রকৃতিকে অক্ষত রেখে পর্যটনের বিকাশ ঘটানো এবং সেই পর্যটনের সুফল স্থানীয় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। পর্যটকদের জন্য পরিবেশ সম্মত আবাসন, খাবার, পরিবহন ও অন্যান্য সেবার সুযোগ তৈরির পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বদলে যাওয়ার পথে সীমান্ত গ্রাম শারিয়ালজোত
তেঁতুলিয়ার উপজেলা শহর থেকে ৫ কিলোমিটার দূরে সীমান্তবর্তী গ্রাম শারিয়ালজোত। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে থাকা এই গ্রামটিকে ঘিরে এখন নতুন স্বপ্ন বুনছেন স্থানীয় বাসিন্দারা। একসময় সাধারণ গ্রামীণ জনপদ হিসেবে পরিচিত এলাকাটিকে পর্যটনবান্ধব ‘মডেল ভিলেজ’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ইএসডিও।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শারিয়ালজোত গ্রাম ঘুরে প্রকল্পের আওতায় নেওয়া বিভিন্ন উদ্যোগের চিত্র দেখা যায়। গ্রামের স্বকীয়তা ও প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রেখে স্থানীয় জীবনযাত্রাকে পর্যটনের আকর্ষণ হিসেবে তুলে ধরতে চলছে পরিকল্পিত কার্যক্রম। পরিচ্ছন্ন পরিবেশ, বিভিন্ন প্রজাতির ফুলের বাগান তৈরি, পরিবেশবান্ধব আবাসন এবং নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার মাধ্যমে গ্রামটিকে আধুনিক ও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে সাজানো হচ্ছে।
ইএসডিওর প্রকল্প-সংশ্লিষ্টদের প্রত্যাশা, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দর্জিপাড়া ও শারিয়ালজোত ‘টিউলিপ গ্রাম’ প্রতিষ্ঠিত করলেও এবার শারিয়ালজোতকে একটি পূর্ণাঙ্গ স্মার্ট ট্যুরিজম ভিলেজ হিসেবে গড়ে তোলার উদ্যোগ আরও দৃশ্যমান হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গ্রামটি উত্তরাঞ্চলের কমিউনিটিভিত্তিক পর্যটনের এক অনন্য গন্তব্য হয়ে উঠবে।
ইএসডিওর সহযোগিতায় স্থানীয় কফিল উদ্দিন। সীমান্তঘেঁষা ঘেঁষা শারিয়ালজোতে গড়ে তুলেছেন ‘ব্রাদার্স হোমস্টে’ সার্ভিস। তিনি জানালেন, আমরা ভিলেজ ট্যুরিজমের অংশ হিসেবে হোমস্টে সার্ভিস গড়ে তুলেছি ইএসডিওর সহযোগিতায়। আমার এখানে গ্রামীণ পরিবেশে পর্যটকদের আবাসন ব্যবস্থা, গ্রামীণ পরিবেশে ঘরোয়া খাবার, নিরাপদ সবজি আর মডেল ভিলেজ হিসেবে এখানকার কৃষি উৎপাদিত সবজি ও সীমান্তজুড়ে প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করবে বলে বিশ্বাস করি।
হোমস্টে থেকে পরিবহন, বাড়ছে সেবার পরিধি
পর্যটনশিল্পের টেকসই বিকাশে শুধু দর্শনীয় স্থান থাকাই যথেষ্ট নয়; প্রয়োজন মানসম্মত আবাসন, নিরাপদ যাতায়াত, পরিচ্ছন্ন পরিবেশ ও পর্যটকবান্ধব সেবা। এসব বিষয় বিবেচনায় নিয়েই সাজানো হয়েছে স্মার্ট ইকো ট্যুরিজম প্রকল্পের কার্যক্রম।
ইএসডিওর হেড অব ইনক্লুসিভ ফাইন্যান্স মো. আইনুল হক বলেন, ইএসডিওর স্বপ্নদ্রষ্টা পরিচালকের পরিকল্পনা অনুযায়ী, পল্লিকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় উত্তরাঞ্চলের পর্যটনশিল্পে ‘স্মার্ট ইকো ট্যুরিজম’ প্রকল্প বাস্তবায়নে আমরা কাজ করছি। প্রকল্পের কাজ দ্রুত এগোচ্ছে। ইতোমধ্যে স্মার্ট ট্যুরিজমের আওতায় পর্যটকদের জন্য বাস ও হোমস্টেসহ বিভিন্ন পর্যটন সেবা চালু করা হয়েছে। আমরা চাই, তেঁতুলিয়া শুধু কাঞ্চনজঙ্ঘাকে ঘিরেই সীমাবদ্ধ না থাকুক; গ্রামীণ পর্যটনকে প্রাধান্য দিয়ে সীমান্তবর্তী দর্জিপাড়া ও শারিয়ালজোত গ্রামে টিউলিপ চাষের পর এবার আমরা স্মার্ট মডেল ভিলেজ গড়ে তুলতে কাজ করছি। আশা করছি, এখানে এসে পর্যটকেরা গ্রামের নির্মল প্রকৃতি এবং সীমান্তজুড়ে থাকা অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, পর্যটকদের জন্য পরিবেশবান্ধব হোমস্টে, কটেজ, চা-পর্যটন সুবিধা ও পরিবেশসম্মত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। পাশাপাশি নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে বাস্তবায়ন করা হয়েছে ‘ওয়াশ’ কার্যক্রম। এসব উদ্যোগের মাধ্যমে তেঁতুলিয়ায় আগত পর্যটকদের জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও প্রকৃতিবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ গুরুত্ব
পর্যটন কার্যক্রম সম্প্রসারণের ফলে অনেক সময় প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বাড়তি চাপ সৃষ্টি হওয়ার ঝুঁকি থাকে। এসব চ্যালেঞ্জ বিবেচনায় রেখে ইএসডিওর প্রকল্পে পরিবেশ সংরক্ষণকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
প্রকল্পের আওতায় পানি ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন উৎপাদন ব্যবস্থা এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিরও উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের পরিকল্পনা হলো, পর্যটনের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমিয়ে একটি দীর্ঘমেয়াদি টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলা।
হতে পারে টেকসই পর্যটনের অনুসরণযোগ্য মডেল পর্যটনের মূল আকর্ষণ প্রকৃতি, আর সেই প্রকৃতিকে ঘিরেই মানুষের জীবন ও জীবিকা। তাই প্রকৃতিকে ধ্বংস করে নয়, বরং সংরক্ষণ করেই পর্যটনের বিকাশ ঘটানোর যে ধারণা, তেঁতুলিয়ায় সেটিই বাস্তবায়নের চেষ্টা করছে ইএসডিও। শারিয়ালজোতকে স্মার্ট ট্যুরিজম ভিলেজ হিসেবে গড়ে তোলার উদ্যোগ সেই বৃহত্তর পরিকল্পনারই অংশ।
তেঁতুলিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব বলেন, এ অঞ্চলে পর্যটনশিল্পের উন্নয়ন ঘটছে। বিশেষ করে কয়েক বছর ধরে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও তেঁতুলিয়ার সীমান্তঘেঁষা গ্রামে ভিনদেশি টিউলিপ চাষ করে পর্যটকদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। টিউলিপের পর এবার একটি গ্রামকে ইকো-ট্যুরিজমের মডেল ভিলেজ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা একটি অনন্য উদ্যোগ। এটি বাস্তবায়িত হলে তা পর্যটনে নতুন মাত্রা যোগ করবে। গ্রামীণ পর্যটনের অংশ হিসেবে সংস্থাটির এই ইকো মডেল ভিলেজ পর্যটকদের নিবিড়ভাবে কাছে টানবে বলে বিশ্বাস করি।
প্রকল্পের লক্ষ্যগুলো সফলভাবে বাস্তবায়িত হলে তেঁতুলিয়ার এই অভিজ্ঞতা দেশের অন্যান্য পর্যটন সম্ভাবনাময় অঞ্চলের জন্যও অনুসরণযোগ্য মডেল হয়ে উঠতে পারে। হিমালয়ের ছায়াঘেরা সীমান্ত জনপদ তেঁতুলিয়ায় পর্যটনের নতুন এই যাত্রা তাই কেবল নতুন দর্শনীয় স্থান কিংবা পর্যটন সেবা গড়ে তোলার গল্প নয়; এটি স্থানীয় মানুষের স্বপ্ন, সম্ভাবনা ও স্বাবলম্বী হয়ে ওঠারও গল্প। প্রকৃতির সৌন্দর্য অক্ষুণ্ন রেখে পর্যটনের সুফল সাধারণ মানুষের জীবনে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সফল হলে উত্তরাঞ্চলের পর্যটনশিল্পে সূচিত হতে পারে এক নতুন অধ্যায়।
সময়ের আলো/আতা