প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ২:২৬ এএম
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাড়িতে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীতচাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাড়িতে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে শহরের স্টেশন রোড ও সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে চাঁদপুর শহরের স্টেশন রোডে দীপু মনির বাসার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, দীপু মনির বাসায় ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
সুজিত রায় নন্দীর বাড়ির অগ্নিকাণ্ড প্রসঙ্গে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মন্টু বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে জনতাকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়টি পুলিশ অবহিত রয়েছে এবং সেখানে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করেছে। তবে দীপু মনির বাসার আগুনের বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কিছু নিশ্চিত করতে পারেননি।
সময়ের আলো/এমকে