দেশীয় অস্ত্র হাতে গোপালগঞ্জে ছাত্রলীগের মহড়া, হাসপাতালে অগ্নিসংযোগ

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র হাতে গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মহড়া ও বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৮

2026-11-18T23:37:47+00:00
2026-11-18T23:37:47+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
দেশীয় অস্ত্র হাতে গোপালগঞ্জে ছাত্রলীগের মহড়া, হাসপাতালে অগ্নিসংযোগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ পিএম 
দেশীয় অস্ত্র হাতে গোপালগঞ্জে ছাত্রলীগের মহড়া। ছবি : সংগৃহীত
রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র হাতে গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় মহড়া ও বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর মোটরসাইকেল নিয়ে শহরের কয়েকটি সড়কে তাদের অবস্থান করতে দেখা যায়। একই সন্ধ্যায় বিএনপিদলীয় সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন একটি হাসপাতালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সন্ধ্যা সোয়া সাতটার পর পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভও করেন তারা। তবে ওই সময় এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো টহল দেখা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের বিভিন্ন দিক থেকে মোটরসাইকেল নিয়ে আসা ব্যক্তিরা সন্ধ্যায় লঞ্চঘাট এলাকায় জড়ো হন। সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খানের নেতৃত্বে তারা স্লোগান দেন। এ সময় ‘খেলা খেলা খেলা হবে’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাতটার পর গোপালগঞ্জ সদর আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালানো হয়। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

থানাপাড়া এলাকায় অবস্থিত পাঁচতলা হাসপাতাল ভবনের নিচতলায় প্যাথলজি, ল্যাব ও চিকিৎসকদের চেম্বার রয়েছে। ওই তলার একটি কক্ষ সংসদ সদস্য কে এম বাবর নিজের কার্যালয় হিসেবে ব্যবহার করেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হামলা ও ভাঙচুরের সময় হাসপাতালে ভর্তি রোগী এবং তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ভর্তি থাকা শিশুদের কোলে নিয়ে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে যান। হামলাকারীরা হাসপাতালের চেয়ার-টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম বাইরে এনে আগুন ধরিয়ে দেন। পরে আগুন নেভানো হয়। আগুনের ধোঁয়ায় পুরো ভবন আচ্ছন্ন হয়ে পড়ে।


এক প্রত্যক্ষদর্শী জানান, রাত পৌনে আটটার দিকে এক মধ্যবয়সী নারী নবজাতককে কোলে নিয়ে হাসপাতাল থেকে বের হন। পরে এক স্বজনের সহায়তায় রিকশায় ওঠেন তিনি। ওই নারী জানান, গত রোববার তার মেয়ের সন্তান হয়েছে। হাসপাতালের এ পরিস্থিতিতে তারা আতঙ্কিত হয়ে পড়েন।

এর আগে বুধবার সকাল থেকেই গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের হাতে রামদা ও চায়নিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র ছিল। এ সময় সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়।

সড়ক অবরোধের ছবি তুলতে সাংবাদিকদের বাধা দেওয়া না হলেও অস্ত্র হাতে মহড়ার ছবি ধারণ করতে গেলে তাদের বাধার মুখে পড়তে হয়। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গোপালগঞ্জ  অস্ত্র হাতে  ছাত্রলীগ  মহড়া  হাসপাতাল ভাঙচুর  আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: