পাহাড়-ঝিরি-বন গিলে খাওয়ার প্রস্তুতিতে শ’খানেক ইটভাটা

কিকিউ মারমা, বান্দরবান

সারাদেশ

সবুজ পাহাড়, বনভূমি আর ঝিরি-ঝরনার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বান্দরবান। অথচ সেই পাহাড়ের বুক চিরেই চলে মাটি সংগ্রহের আয়োজন। কোথাও পাহাড়

2026-11-18T23:01:39+00:00
2026-11-18T23:01:39+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
পাহাড়-ঝিরি-বন গিলে খাওয়ার প্রস্তুতিতে শ’খানেক ইটভাটা
কিকিউ মারমা, বান্দরবান
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:০১ পিএম 
বান্দরবানের ৭ উপজেলায় ৭৩ ইটভাটার একটিরও বৈধ অনুমোদন নেই। ছবি : সময়ের আলো
সবুজ পাহাড়, বনভূমি আর ঝিরি-ঝরনার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বান্দরবান। অথচ সেই পাহাড়ের বুক চিরেই চলে মাটি সংগ্রহের আয়োজন। কোথাও পাহাড় কেটে তৈরি হয় ইটের কাঁচামাল, কোথাও বনাঞ্চল থেকে সংগ্রহ করা হয় জ্বালানি কাঠ। স্থানীয়রা বলছেন, শীত মৌসুমকে সামনে রেখে পুরোদমে ইটভাটা পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোথাও ইট তৈরির জন্য নির্বিচারে পাহাড় কেটে মাটি সংগ্রহ করা হচ্ছে, আবার কোথাও জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে পাহাড়ি এলাকার গাছের কাঠ। পাশাপাশি ইটভাটার কাজে ব্যবহার করা হচ্ছে প্রাকৃতিক ঝিরি ও খালের পানি। এতে দূষিত হচ্ছে পানির উৎস। ভাটার ধোঁয়া ও ধুলাবালিতে আশপাশের জনপদ আচ্ছন্ন হয়ে পড়ছে। এতে শুধু পরিবেশ নয়, স্থানীয় মানুষের জীবনযাত্রা, কৃষি ও শিশুদের শিক্ষার পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পরিবেশ অধিদফতর অবশ্য অভিযান চালানোর পাশাপাশি মামলা ও জরিমানার মতো পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। এ বিষয়ে জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক নুর হাসান সজীব বলেন, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পাহাড় কাটার দায়ে লামা থানায় আটটি নিয়মিত মামলা করা হয়েছে। এ ছাড়া ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে শুধু ফাইতং ইউনিয়নেই পাহাড় কাটার দায়ে ইটভাটার মালিকদের কাছ থেকে ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথভাবে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটাগুলো উচ্ছেদের প্রস্তুতি নিচ্ছে। পরিবেশের ক্ষতি হয়, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান বলেন, ইটভাটার মালিকরা উচ্চ আদালতের নির্দেশনা মানছেন না। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য র‍্যাব, পুলিশ, আনসার, সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। আইন অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, গত বছরও কয়েকটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু মালিকেরা রাতারাতি আবার চিমনি নির্মাণ করেন। দুর্গম এলাকায় ভাটাগুলো অবস্থিত হওয়ায় একবার অভিযান চালানোর পর পুনরায় অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। তারপরও উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পুরোদমে শীত শুরু হওয়ার আগেই একের পর এক ইটভাটায় চুল্লি জ্বালানোর প্রস্তুতি চলছে। ইটভাটার কালো ধোঁয়া, ধুলাবালি আর বর্জ্যে বিপন্ন হচ্ছে পাহাড়ের পরিবেশ ও জীববৈচিত্র্য। স্থানীয় মানুষের অভিযোগ, প্রশাসনের অভিযান, জরিমানা কিংবা উচ্চ আদালতের নির্দেশ— কোনো কিছুতেই থামানো যাচ্ছে না অবৈধ ইটভাটার কার্যক্রম। 

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার সাত উপজেলায় গড়ে ওঠা ৭৩টি ইটভাটার একটিরও বৈধ অনুমোদন নেই। এর মধ্যে প্রায় ৫০টি ইটভাটায় নতুন মৌসুমে ইট পোড়ানোর প্রস্তুতি চলছে। সবচেয়ে বেশি ইটভাটা রয়েছে লামা উপজেলায়। উপজেলার ফাইতং ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডেই রয়েছে ৩০টি ইটভাটা। আগামী এক সপ্তাহের মধ্যেই চুল্লি জ্বালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে এসব ইটভাটায়। 

ফাইতং ইউনিয়নের শিবাতলী পাড়ার বাসিন্দা মংপ্রু মারমা বলেন, ইটভাটার চুল্লি জ্বালানো হলে কালো ধোঁয়ায় পুরো পাড়া ও বিদ্যালয়ের প্রাঙ্গণ ঢেকে যায়। ইটভাটার গাড়ি চলাচল ও যন্ত্রপাতির শব্দে বিদ্যালয়ে শিশুদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। প্রতিবছরই একইভাবে ভাটার কার্যক্রম চলে। কিন্তু এগুলো বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইটভাটায় শিবাতলী খালের পানি ব্যবহার করা হয়। শ্রমিকদের আনাগোনা ও যানবাহন চলাচলের কারণে খালের পানি দূষিত হয়ে পড়েছে। ফলে স্থানীয় মানুষের পক্ষে আগের মতো খালের পানি ব্যবহার করা কঠিন হয়ে গেছে।

পরিবেশ অধিদফতরের তথ্য অনুযায়ী, বান্দরবান সদর উপজেলায় ১৪টি, লামায় ৪১টি, নাইক্ষ্যংছড়িতে ৯টি, আলীকদমে ৩টি, রুমায় ২টি, থানচিতে ১টি এবং রোয়াংছড়িতে ৩টি ইটভাটা রয়েছে। সব মিলিয়ে জেলায় ইটভাটার সংখ্যা ৭৩টি। এসব ভাটার একটিরও বৈধ অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ইটভাটায় কাঠের ব্যবহার কতটা ব্যাপক তা জানা যায় ফাইতংয়ের একটি ভাটার ব্যবস্থাপকের বক্তব্যে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ভাটার আকার অনুযায়ী এক দফায় ছয় থেকে আট লাখ ইট পোড়ানো হয়। এ পরিমাণ ইট পোড়াতে প্রায় ৬০০ থেকে ৭০০ মণ জ্বালানি কাঠ লাগে। এক মৌসুমে একটি ভাটায় প্রায় ১০ দফায় ইট পোড়ানো হয়। সে হিসেবে একটি ভাটায় মৌসুমজুড়ে ছয় থেকে সাত হাজার মণ কাঠের প্রয়োজন হয়। এসব কাঠ পাহাড়ি এলাকা থেকে সংগ্রহ করা হয়।

অবৈধভাবে ভাটা পরিচালনার বিষয়টি অনেকটা প্রকাশ্যেই স্বীকার করেছেন ফাইতং ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. মুক্তার আহম্মদ। তিনি বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেই প্রতিবছর ইটভাটার কার্যক্রম পরিচালনা করা হয়। তবে তাদের কোনো আইনগত অনুমতিপত্র নেই। ফাইতংয়ের বিভিন্ন ইটভাটায় এক সপ্তাহের মধ্যে চুল্লি জ্বালানো হবে। প্রশাসনের অভিযানেও ভাটা বন্ধ হবে না। ইউএনও, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদফতরের কর্মকর্তা ও সাংবাদিকরা আসবেন ঠিকই, কিন্তু ইটভাটা বন্ধ থাকবে না, চলবে। অতীতেও এভাবে চলেছে, এবারও চলবে।

অথচ এসব ইটভাটা বন্ধে রয়েছে উচ্চ আদালতের নির্দেশনা। পরিবেশ অধিদফতর সূত্র জানায়, অবৈধ ইটভাটা বন্ধ ও উচ্ছেদের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ১০ সেপ্টেম্বর মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে হাইকোর্টে রিট করে। এর পরিপ্রেক্ষিতে তিন পার্বত্য জেলার সব ইটভাটা বন্ধ ও উচ্ছেদের নির্দেশ দেন উচ্চ আদালত। সে সময় ফাইতংসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো এবং ভাটাগুলোতে বন্ধের নোটিস টাঙানো হলেও কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। এর মধ্যে গত ১২ নভেম্বর দেশের আট বিভাগের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশনা বাস্তবায়নে বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়রা বলছেন, পাহাড় কেটে মাটি সংগ্রহ, বনজ সম্পদ পুড়িয়ে ইট তৈরি এবং পানির উৎস দূষণের এই চক্র চলতে থাকলে বান্দরবানের প্রাকৃতিক পরিবেশের ক্ষতি আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের প্রশ্ন— বছরের পর বছর অভিযান, মামলা ও জরিমানার পরও যদি অবৈধ ইটভাটা চালু থাকে, তাহলে পাহাড় ও জনপদ রক্ষার দায়িত্ব কার্যকরভাবে পালন হবে কীভাবে? আদালতের নির্দেশ বাস্তবায়ন এবং পাহাড়ের পরিবেশ রক্ষায় এবার কার্যকর পদক্ষেপ দেখতে চান তারা।

সময়ের আলো/আতা
  বিষয়:   সবুজ পাহাড়  বনভূমি  ঝিরি  ঝরনা  প্রাকৃতিক সৌন্দর্য  বান্দরবান  ইটভাটা  ইটের ভাটা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: