বন্ধ ঘোষণার এক ঘণ্টা পরই চালু তিন ইটভাটা

সারাদেশ

সকাল থেকে চলল অভিযান। এসকেভেটরের আঘাতে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চুল্লি, ভেঙে ফেলা হলো স্থাপনার একাংশ। ট্রাক্টর দিয়ে পিষ্ট করা

2026-11-18T22:28:15+00:00
2026-11-18T22:28:15+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
বন্ধ ঘোষণার এক ঘণ্টা পরই চালু তিন ইটভাটা
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:২৮ পিএম 
নড়াইলে বুধবার অভিযান শেষ হতে না হতেই ফের শুরু হয়ে যায় ইটভাটার কার্যক্রম। ছবি : সময়ের আলো
সকাল থেকে চলল অভিযান। এসকেভেটরের আঘাতে গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটার চুল্লি, ভেঙে ফেলা হলো স্থাপনার একাংশ। ট্রাক্টর দিয়ে পিষ্ট করা হলো স্তূপ করে রাখা কাঁচা ইট। ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, বন্ধ থাকবে অবৈধ ইটভাটার কার্যক্রম। কিন্তু সেই ঘোষণা যেন কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ। অভিযান শেষ করে কর্মকর্তারা ঘটনাস্থল ছাড়ার এক ঘণ্টার মধ্যেই আবারও চালু হয়ে গেল তিনটি ইটভাটা। প্রশাসনের এমন অভিযানের পরও কীভাবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কার্যক্রম শুরু হলো, তা নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও বিস্ময়।

নড়াইলে পরিবেশ অধিদফতর পরিচালিত অভিযানের পর এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের উদ্যোগ ও অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, লোক দেখানো অভিযান চালিয়ে কিছু স্থাপনা ভেঙে দেওয়া হলেও ভাটার মালিকদের বিরুদ্ধে নেওয়া হয়নি দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা। করা হয়নি অর্থদণ্ড বা জরিমানা। এতে অভিযানকে অনেকেই দায়সারা ও লোক দেখানো বলে মন্তব্য করছেন।

বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী নড়াইলের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদফতর। অভিযানের আওতায় ছিল মেসার্স আলো ব্রিকস, মেসার্স শেখ ব্রিকস ও মেসার্স কাতার ব্রিকস।

অভিযানের বিষয়ে নড়াইল পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক মিয়া জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ২০১০ সালে সরকার নিষিদ্ধ ঘোষিত ড্রাম চিমনি ও ১২০ ফুট চিমনির সনাতন পদ্ধতির ইটভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণ অবৈধ। এ কারণে অভিযান চালিয়ে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এসব স্থানে কোনো ধরনের ইটভাটা পরিচালনা করা যাবে না। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত দূরত্ব-সংক্রান্ত বিধিনিষেধের কারণে সেখানে আধুনিক প্রযুক্তির ইটভাটা স্থাপনেরও বৈধ সুযোগ নেই।

অভিযানে জরিমানা করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ইটভাটার চুল্লি ও স্থাপনা ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়ায় আলাদাভাবে কোনো অর্থদণ্ড বা জরিমানা করা হয়নি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানে এসকেভেটর দিয়ে ইটভাটাগুলোর চুল্লি ও স্থাপনার বিভিন্ন অংশ ভেঙে দেওয়া হয়। ট্রাক্টর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বিপুল পরিমাণ কাঁচা ইট। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ ঘোষণা করে মালিকপক্ষকে ভবিষ্যতে সেখানে ইটভাটা পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু অভিযানের পরের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করার প্রায় এক ঘণ্টার মধ্যেই তিনটি ইটভাটায় আবারও কার্যক্রম শুরু হয়। সরকারি নিষেধাজ্ঞা এবং ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনার পরও কীভাবে ভাটাগুলো চালু হলো, সেই প্রশ্ন এখন এলাকাজুড়ে।

স্থানীয়দের মতে, ইটভাটার চুল্লি ও কিছু স্থাপনা ভেঙে দিয়ে চলে গেলেই অবৈধ কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়। মালিকদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা না নিলে এবং নিয়মিত তদারকি না থাকলে এ ধরনের অভিযান কোনো স্থায়ী ফল বয়ে আনবে না। বরং অভিযান শেষ হওয়ার পরপরই ভাটা চালু হওয়ার ঘটনা অবৈধ ব্যবসায়ীদের আরও উৎসাহিত করতে পারে।

এদিকে ইটভাটার কালো ধোঁয়া, ধুলাবালি ও দূষণের প্রভাব নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, এভাবে অবৈধ ভাটার কার্যক্রম চলতে থাকলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়বে। বিশেষ করে কৃষিজমি, গাছপালা ও আশপাশের বসতবাড়ি দূষণের ঝুঁকিতে থাকবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   অভিযান  এসকেভেটর  ইটভাটা  চুল্লি  ট্রাক্টর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: