প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:১০ পিএম
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সময়ের আলোচট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় কোটি টাকার ঔষধ ও মেডিক্যাল সরঞ্জামাদি সরবরাহে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টেন্ডার মূল্যায়ন কমিটি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অজ্ঞাতে নির্দিষ্ট কমিশন নিয়ে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
বিষয়টি জানাজানি হলে এ নিয়ে ঠিকাদার, টেন্ডার মূল্যায়ন কমিটি, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও এলাকাবাসীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইফরান কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেন ও টেন্ডার সম্পর্কিত কোনো ধরনের তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সদস্য বলেন, তাকে ১০% কমিশনের বিনিময়ে ঔষধ ও সরঞ্জামাদি সরবরাহের কাজ পাইয়ে দেওয়ার জন্য এক ব্যক্তি যোগাযোগ করেন। কিন্তু তার দ্বারা এ ধরনের কাজ কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়ে দেন। তিনি আরো বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইফরান নির্দিষ্ট কমিশনের বিনিময়ে তার পছন্দের ঠিকাদারকে ঔষধ ও সরঞ্জামাদি সরবরাহের কাজ পাইয়ে দিতে অপতৎপরতা চালাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইফরান চলতি বছরের ১ নভেম্বর টেন্ডার আহ্বান করেন। ওষুধ, যন্ত্রপাতি, গজ-ব্যান্ডেজ, কটন, এক্স-রে ফিল্ম, লিলেন, কেমিক্যাল ও আসবাবপত্র বাবদ মোট ৭৪ লাখ টাকার টেন্ডার আহ্বান করা হয়। টেন্ডার ড্রপের শেষ তারিখ ছিল ১১ নভেম্বর।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি সদস্য এস এস ছলিম উদ্দিন চৌধুরী বলেন, ২০২৪ সালে ৫ আগস্টের পর থেকে হাসপাতালের উন্নয়নে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে আসছি। কিন্তু ২০২৫-২৬ সালের হাসপাতালে ঔষধ ও সরঞ্জামাদির টেন্ডার সম্পর্কে কিছুই অবগত নই। টেন্ডার প্রক্রিয়া বিতর্কিত হলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।
এ বিষয়ে, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ-বিন-আখন্দের সাথে যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী এমপি বলেন, এ বিষয়ে আমিও খবর পেয়েছি। গোপনে কোন ধরণের টেন্ডার হওয়ার সুযোগ নাই। পুরো টেন্ডার প্রক্রিয়া স্বচ্ছ ও প্রকাশ্যে হতে হবে। কোন ধরণের স্বজনপ্রীতি করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সময়ের আলো/আতা