প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৩৪ পিএম
পুলিশের চুরি হওয়া পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে। ছবি : সংগৃহীতচট্টগ্রাম নগরীর হালিশহর থানা পুলিশের চুরি হওয়া পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত চোরকে আটক করা যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কর্ণফুলী থানার ফকিরনীর হাট এলাকা থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়।
সিএমপির সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, পিকআপ ভ্যানটি চুরির পরপরই উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ। পরে পুলিশ গাড়িটি ধাওয়া করলে চোর সেটি ফেলে পালিয়ে যায়। উদ্ধার করা পিকআপ ভ্যানটি থানায় নিয়ে আসা হয়েছে।
হালিশহর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, পিকআপ ভ্যানটি উদ্ধার হলেও চোরকে আটক করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
এর আগে বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের পাশের সড়কে রাখা পিকআপ ভ্যানটি চুরি হয়। পুলিশ সদস্যরা খাবার খেতে গেলে এক ব্যক্তি নিজের কাছে থাকা চাবি দিয়ে গাড়ির দরজা খুলে সেটি নিয়ে পালিয়ে যান।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, টহল দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের পরপরই ওই ব্যক্তি চাবি দিয়ে পিকআপের দরজা খোলেন। এরপর গাড়িতে উঠে আগ্রাবাদের দিকে চলে যান।
পিকআপ ভ্যানটিতে করে হালিশহর থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে দুই কনস্টেবল টহল দিচ্ছিলেন। খাবার খেতে যাওয়ার সময় পুলিশের পিকআপ চুরির এ ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সময়ের আলো/এসএকে