প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:২২ পিএম
টেকনাফে গুলিবিদ্ধ অবস্থায় লোকালয়ে একটি মাদি হাতি চলে আসে। সংগৃহীত ছবিকক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ অবস্থায় লোকালয়ে চলে আসা একটি মাদি হাতিকে প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসা দেওয়ার পর পুরুষ সঙ্গীর সঙ্গে গভীর বনে ফিরিয়ে দেওয়া হয়েছে। হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত পাওয়া গেছে। চিকিৎসা চলাকালে পুরুষ হাতিটি এক মুহূর্তের জন্যও সঙ্গীর কাছ থেকে দূরে সরে যায়নি। চিকিৎসা শেষে মাদি হাতিটি উঠে দাঁড়ালে তার পাশে এসে দাঁড়ায় পুরুষ হাতিটি। পরে সঙ্গীকে অনুসরণ করে ধীরে ধীরে বনের ভেতরে চলে যায় আহত হাতিটি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে টেকনাফের গভীর বনাঞ্চলে এ ঘটনা ঘটে। আহত হাতিটির শারীরিক অবস্থা ও চলাফেরা পর্যবেক্ষণে আগামী পাঁচ দিন ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। পাশাপাশি হাতিটিকে গুলি করার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অনুসন্ধান শুরু হয়েছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান জানান, আহত হাতিটির অবস্থান শনাক্ত করতে মঙ্গলবার বন বিভাগের একটি দল ড্রোন নিয়ে টেকনাফের গভীর বনাঞ্চলে অভিযান চালায়। বিকেলে একটি পাহাড়ের ওপর হাতিটির সন্ধান পাওয়া যায়। তবে পাহাড়ের অবস্থান ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে চিকিৎসা দিতে গেলে হাতিটি নিচে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল। এ কারণে সেদিন চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।
বিভাগীয় বন কর্মকর্তা বলেন, বুধবার সকালে হাতিটি পাহাড় থেকে নিচে নেমে এলে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বেলা ১১টার দিকে বন্য প্রাণিচিকিৎসক মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল দূর থেকে বিশেষ ইনজেকশন প্রয়োগ করে চিকিৎসা শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে চিকিৎসা, যা শেষ হয় বিকেল ৪টার দিকে।
চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় কিছুটা সুস্থ হয়ে ওঠার পর মাদি হাতিটি তার পুরুষ সঙ্গীকে অনুসরণ করে গভীর বনের দিকে চলে যায়। তবে হাতিটি পুরোপুরি বিপদমুক্ত কি না, তা নিশ্চিত হতে আগামী পাঁচ দিন ড্রোন ক্যামেরার মাধ্যমে তার গতিবিধি পর্যবেক্ষণ করা হবে।
কাজী তারিকুর রহমান আরও জানান, আহত হাতিটির শরীরে আটটি গুলির ক্ষতচিহ্ন পাওয়া গেছে। পাহাড়ে অবস্থানরত কোনো সন্ত্রাসী গোষ্ঠী হাতিটিকে গুলি করে থাকতে পারে। কারা এবং কী কারণে হাতিটির ওপর গুলি চালিয়েছে, তা খুঁজে বের করতে বন বিভাগ তদন্ত শুরু করেছে।
এর আগে গত সোমবার সকালে পুরুষ হাতিটির সঙ্গে আহত মাদি হাতিটি টেকনাফের বাহারছড়া পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। বাহারছড়ার জাহাজপুরা ইকোপার্ক ও হাজি মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় হাতি দুটিকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বন বিভাগ আহত হাতিটির চিকিৎসার উদ্যোগ নেয়।
সময়ের আলো/ইউএমএইচ