প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:০৪ এএম
যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সোহাগ ও গাজীপুরের কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। ছবি : সংগৃহীতগাজীপুরের কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সোহাগের বিরুদ্ধে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে ফোনে ওসিকে হুমকি দেন ওই যুবলীগ নেতা।
এ সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে ওসিকে ফোন করে কথা বলেন আশরাফুল ইসলাম সোহাগ।
ছড়িয়ে পড়া কল রেকর্ডে তাকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে গ্রেফতার এবং গণহারে মামলা দেওয়ার বিষয়ে ওসির কাছে জানতে চান। একপর্যায়ে তিনি ওসি ও তার পরিবারের নিরাপত্তা নিয়েও হুমকিমূলক বক্তব্য দেন। পাশাপাশি আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে ওসি কোথায় যাবেন, তা নিয়েও মন্তব্য করেন।
এছাড়া মিছিল থেকে পাঁচ নেতাকর্মীকে গ্রেফতারের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। কল রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে পুলিশ বাদী হয়ে দুটি মামলায় ৫ থেকে ৬ হাজার আসামি করা হয়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার(১৭ নভেম্বর) রাতে সফিপুর বাজার এলাকায় পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মিছিলের চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিল থেকে পাঁচজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় যুবলীগ নেতা পরিচয়ে এক ব্যক্তি মুঠোফোনে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। ফোনটি কোন নম্বর থেকে করা হয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/আতা