প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:১৬ এএম
ভার্টিক্যাল ও ক্রমিক পদ্ধতিতে একই জমিতে একাধিক ফসল আবাদের কৌশলে ঝুঁকছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃষকেরা। ছবি : সময়ের আলোদিন দিন কমছে কৃষিজমির পরিমাণ, অথচ বাড়ছে খাদ্য উৎপাদনের চাহিদা। এমন বাস্তবতায় সীমিত জমিতে বাড়তি ফসল ফলানোর কৌশলে ঝুঁকছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃষকেরা। ভার্টিক্যাল ও ক্রমিক পদ্ধতিতে একই জমিতে একাধিক ফসল আবাদের এই কৌশল তাদের কাছে তুলে ধরছে নতুন সম্ভাবনার দুয়ার।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে গিয়ে দেখা যায় চাষাবাদের এই ভিন্ন চিত্র। একই জমির ওপরের অংশে মাচা তৈরি করে শিম চাষ করা হচ্ছে, আর নিচের ছায়াঘেরা অংশে আবাদ হচ্ছে আদা। এ পদ্ধতিতে কৃষক বাবুল হোসেন ১৬ শতক, লাল মিয়া ১৩ শতক এবং দেলওয়ার হোসেন ২০ শতক জমিতে শিম ও আদা লাগিয়েছেন।
একই জমিতে দুই ফসল ফলানোর সুফল তুলে ধরে কৃষক দেলওয়ার হোসেনের মেয়ে দিলুফা ইয়াসমিন বলেন, একই জমিতে দুই ধরনের ফসল আবাদ করে তারা বেশ লাভবান হচ্ছেন। শিমের মৌসুম শেষ হলে জমিতে আদা থেকে যাবে; ফলে একটি ফসল তোলার পর আরেকটি ফসল থেকেও আয় করা সম্ভব হবে।
কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, উপজেলায় প্রায় ২ হেক্টর জমিতে ভার্টিক্যাল পদ্ধতিতে নিচে আদা ও ওপরে শিম, শিমের সঙ্গে করলা এবং বরবটির সঙ্গে শিম চাষ হচ্ছে। পাশাপাশি ক্রমিক পদ্ধতিতে আলুর সঙ্গে মিষ্টিকুমড়া এবং ভুট্টার সঙ্গে ঝিঙা চাষ চলছে প্রায় ৮ হেক্টর জমিতে।
কৃষকদের এই উদ্যোগকে সম্প্রসারণের কথা জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম। তার ভাষ্য, দিন দিন কৃষিজমির পরিমাণ কমে আসায় একই জমিতে একাধিক ফসল উৎপাদনের কৌশল হিসেবে ভার্টিক্যাল ও ক্রমিক পদ্ধতির চাষাবাদে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এসব পদ্ধতি ছড়িয়ে দিতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। পরিকল্পিতভাবে একই জমিতে একাধিক ফসল উৎপাদন করা গেলে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকের উৎপাদন ও আয় বাড়ানো সম্ভব হবে।
সময়ের আলো/আতা