দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত একই পরিবারের ৭ জন। ছবি : সময়ের আলোকুষ্টিয়ার ভেড়ামারায় এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন একই পরিবারের সাতজন। সহায়-সম্বল হারিয়ে দীর্ঘদিন ধরে ধুঁকছে অসহায় পরিবারটি। তারা সবাই বংশগতভাবে সেরিবেলার অ্যাট্রোফি (ব্রেন টিস্যুর ক্ষয়িষ্ণুতা) নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তাদের এই মূলত রোগ জিনগত হওয়ায় এই রোগমুক্তির সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি গ্রামের আজিজুল হকের তিন ছেলে বেলাল উদ্দিন (৪৫), হেলাল উদ্দিন (৪২), আব্দুল জব্বার (৩৮) এবং মেয়ে সুমি খাতুন (৩০)। পাশাপাশি আক্রান্ত হয়েছেন বেলালের মেয়ে রিয়া খাতুন (২৩) ও ছেলে আহমদ আলী (২৫) এবং আব্দুস জাব্বারের ছেলে সুমন আহমেদ (১৬)।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এই দুরারোগ্য ব্যাধিতে সবার আগে আক্রান্ত হয়েছিলেন আজিজুল হকের স্ত্রী মৃত মলিনা খাতুন। প্রায় ১২ বছর ভোগার পর ১৫ বছর আগে তিনি মারা যান। পরবর্তীতে তার বংশধরদের মধ্যে এ রোগ ছড়িয়ে পড়ে।
মায়ের মৃত্যুর পর ২০ থেকে ২৫ বছর বয়সের মধ্যে পর্যায়ক্রমে আক্রান্ত হন তার তিন ছেলে বেলাল, হেলাল, জাব্বার এবং মেয়ে সুমি। তারা যথাক্রমে ১৬, ১৩, ১২ ও ৮ বছর ধরে আলাদা আলাদা ঘরে শয্যাশায়ী। তারা নড়াচড়া করতে ও নিজের কাজ নিজে করতে পারেন না; এমনকি ঠিকমতো কথাও বলতে পারেন না।
পাশাপাশি মলিনা খাতুনের তিন নাতি-নাতনিও এই রোগে আক্রান্ত হয়েছে। অসুস্থ বেলালের স্ত্রী নুরবানু বলেন, আমার মেয়ে রিয়া অসুস্থ হয়ে বাড়িতে তিন বছর ধরে শয্যাশায়ী রয়েছে। তার ৪ বছরের নিচে তিনটা বাচ্চা রয়েছে। এদিকে ২৫ বছর বয়সী বিদেশ ফেরত একমাত্র ছেলে আহমদ আলীরও এ ব্যাধি দেখা দিয়েছে। বাড়িতে কোনো খাবার নেই, এলাকাবাসী দিলে খায়, না দিলে না খেয়ে থাকি।
অসুস্থ জাব্বারের স্ত্রী কেয়া খাতুন বলেন, আমাদের জীবনে কোনো সুখ নেই। স্বামীর পর আমার ছেলে সুমন ১০ বছর বয়সে আক্রান্ত হয়েছে। এখন তার বয়স ষোল। আমাদের পরিবারে উপার্জন করার মতো কেউ নেই।
পরিবারটির বর্তমান অভিভাবক ও অসুস্থ রিয়ার স্বামী মেকানিক্স মনিরুল ইসলাম বলেন, রিয়ার সঙ্গে ১০ বছর হলো বিয়ে হয়েছে। বিয়ের সাত বছরের মাথায় সে অসুস্থ হয়ে যায়।
তিনি জানান, সর্বশেষ অসুস্থ হওয়া আহমদ আলীকে চলতি নভেম্বর মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিনের অধ্যাপক মো. পারভেজ আমিনকে দেখানো হয়। মনিরুল ইসলামের ভাষ্য, তিনি টেস্ট করার পর রোগ নির্ণয় করে বলেন এটি সেরিবেলার অ্যাট্রোফি নামক দুরারোগ্য ব্যাধি। এর কোনো চিকিৎসা পৃথিবীতে নেই।
আক্রান্ত আহমদ আলী বলেন, মালয়েশিয়ায় থাকা অবস্থায় আমার প্রচণ্ড জ্বর এসে মাথা ভারী হয়ে যায়। তখন থেকেই আমার শরীরে সমস্যা শুরু হয়, কথা আটকে যায়। সেখানে ব্যয়বহুল চিকিৎসা করিয়েছি। কোনো কাজে আসেনি। রাজশাহীর ডাক্তার বলেছে, এই রোগের কোনো চিকিৎসা নেই। এরপর থেকে বাঁচার আশা ছেড়ে দিয়েছি।
বৃদ্ধ আজিজুল হক আক্ষেপ করে বলেন, আমার পরিবারের সাতজন সদস্য আক্রান্ত। এর আগে আমার স্ত্রীও একই ব্যাধিতে মারা গেছে। আমি সবকিছু বিক্রি করে তাদের চিকিৎসা করিয়েছি কিন্তু লাভ হয়নি। আমি প্রতিদিন দুই বেলা সবার ময়লা কাপড় পরিষ্কার করি। এ বৃদ্ধ বয়সেও তাদের যত্ন করি। আমরা খুব কষ্টে আছি।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. একরামুল হক বলেন, আক্রান্ত ব্যক্তিরা বংশগতভাবে সেরিবেলার অ্যাট্রোফিতে ভুগছেন। তার ভাষ্যমতে, সেরিবেলার অ্যাট্রোফি ব্যাধিটি পুষ্টিহীনতা, ডায়াবেটিস ও জিনগত কারণে হতে পারে। এই পরিবারের মূলত জিনগত কারণেই হয়েছে। তাই রোগমুক্তির সম্ভাবনা নেই। এদের শুধু লক্ষণভিত্তিক চিকিৎসা করাতে হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস জানান, বিষয়টি নিয়ে ইউএনওর সঙ্গে পরামর্শ করা হয়েছে এবং পরিবারটিকে এককালীন সুবিধা দেওয়ার চেষ্টা চলছে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত বলেন, আমরা বিষয়টি জানার পর ভুক্তভোগী পরিবারের সঙ্গে সরেজমিনে দেখা করেছি। তাদের সহযোগিতায় আমাদের পক্ষ থেকে যত দূর পারা যায় ততটুকু করবো।
অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। আর্থিক সহযোগিতার জন্য নগদ : ০১৩২৭৮৪৬৩২২ (কেয়া)।
সময়ের আলো/আতা