ছবি : সময়ের আলোকক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে শতাধিক ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ অস্ত্র ও বিস্ফোরক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দ করা হয়। আটক করা হয়েছে দুই অটোরিকশাচালককে।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় এসব অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটকরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের নেঙ্গুরবিল এলাকার বাসিন্দা ইব্রাহিম এবং নতুন পল্লানপাড়া এলাকার বাসিন্দা মেহেদী হাসান। তারা দুজনই অটোরিকশাচালক।
শনিবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মঈন আলম, মেডিকেল অফিসার মেজর শরফুদ্দিন পাটুয়ারী এবং অপারেশন অফিসার লেফটেন্যান্ট ফুয়াদ রহমান।
সংবাদ সম্মেলনে বিজিবি সূত্র জানায়, দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্র সংগ্রহ করেছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে কক্সবাজার রামু সেক্টরের অধীন টেকনাফ ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা করে।
এরই অংশ হিসেবে শুক্রবার রাতে আদর্শ গ্রাম এলাকায় সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় যানবাহনগুলো থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে শতাধিক আইইডি বোমা, স্টিল বডি, বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্স, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি। এ ছাড়া এসব সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
অভিযানের সময় দুই অটোরিকশাচালককে আটক করা হয়। উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরকের উৎস, চালানটির গন্তব্য এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্তের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
কক্সবাজার রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম শনিবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবির এ অভিযানকে সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরক পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে উদ্ধার করা বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্রের উৎস, এর পেছনে জড়িত চক্র এবং সম্ভাব্য নাশকতার পরিকল্পনা নিয়ে তদন্তের বিষয়টি সামনে এসেছে।
সময়ের আলো/জোই