ফের শ্রমিক বিক্ষোভ, অবরোধের চেষ্টার পাশাপাশি কারখানায় হামলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

বেতন বাড়ানোর দাবিতে ফের গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি জায়গায় অবরোধের চেষ্টা করেছে তৈরি পোশাক শ্রমিকেরা। রোববার সকালে শ্রীপুরে কয়েকটি কারখানার

2026-11-22T16:18:27+00:00
2026-11-22T16:20:29+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
ফের শ্রমিক বিক্ষোভ, অবরোধের চেষ্টার পাশাপাশি কারখানায় হামলা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:১৮ পিএম  আপডেট: ২২.১১.২০২৬ ৪:২০ পিএম
শ্রীপুর ও আশপাশের এলাকায় অন্তত পাঁচটি কারখানার ফটক ও পাশে রাখা কয়েকটি যানবাহনে ভাঙচুর করা হয়েছে । ছবি : সময়ের আলো
বেতন বাড়ানোর দাবিতে ফের গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি জায়গায় অবরোধের চেষ্টা করেছে তৈরি পোশাক শ্রমিকেরা। রোববার সকালে শ্রীপুরে কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেন। এ সময়, তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। পরে বিক্ষোভকারীরা বিভিন্ন সড়কে মিছিল করেন। এ দিকে, শ্রীপুর ও আশপাশের এলাকায় অন্তত পাঁচটি কারখানার ফটকে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তার কারণে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এতে প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়লে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে পাশের সড়ক দিয়ে মিছিল করতে থাকেন তারা।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকালে শ্রীপুরের হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়। এরপর শ্রমিকেরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। একপর্যায়ে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে আনসার রোডের দিকে এগিয়ে যান। পরে আশপাশের মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে, শ্রমিকেরা পিছু হটে ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় অবস্থান নেন। সেখানেও পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে বেলা ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


এ দিকে, শ্রীপুর পৌর শহরেও কয়েকটি দোকানপাটে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময়, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ধাওয়া দিলে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পাশাপাশি বিচ্ছিন্নভাবে পাঁচটি কারখানার প্রধান ফটকে হামলার অভিযোগ উঠেছে। এর মধ্যে রাতুল ফ্যাশনের কয়েকজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। কারখানার ফটকের পাশে রাখা কয়েকটি যানবাহনও ভাঙচুর করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। এরপর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তিনি আরও বলেন, পাঁচটি কারখানার প্রধান ফটকে হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় ১০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   ফের শ্রমিক বিক্ষোভ  অবরোধের চেষ্টা  পাশাপাশি  কারখানায় হামলা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: