অসময়ের বৃষ্টিতে নুয়ে পড়েছে আমন ধান, দুশ্চিন্তায় কৃষক

ভোলা প্রতিনিধি

সারাদেশ

পাকা আমন ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন উপকূলের কৃষকরা। ফলন ভালো হওয়ায় ধার-দেনা পরিশোধের স্বপ্নও দেখছিলেন অনেকে। কিন্তু অসময়ের বৃষ্টি

2026-11-22T16:49:20+00:00
2026-11-22T16:50:27+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
অসময়ের বৃষ্টিতে নুয়ে পড়েছে আমন ধান, দুশ্চিন্তায় কৃষক
ভোলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:৪৯ পিএম  আপডেট: ২২.১১.২০২৬ ৪:৫০ পিএম
ভোলার উপকূলে অসময়ের বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নুয়ে পড়েছে পাকা আমন ধানের খেত। ছবি : সময়ের আলো
পাকা আমন ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন উপকূলের কৃষকরা। ফলন ভালো হওয়ায় ধার-দেনা পরিশোধের স্বপ্নও দেখছিলেন অনেকে। কিন্তু অসময়ের বৃষ্টি ও ঝোড়ো বাতাসে সেই স্বপ্নে এখন দুশ্চিন্তার ছায়া। ভোলার বিভিন্ন এলাকায়, বিশেষ করে চরফ্যাশন ও মনপুরায়, হাজারো হেক্টর জমির পাকা আমন ধান নুয়ে পড়েছে। কোথাও কোথাও খেতে জমেছে বৃষ্টির পানি। এতে ধানের শিষ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত চার দিন ধরে ভোলার উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। বিশেষ করে বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলায় রাতভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমনখেতের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। আর কয়েক দিন পরই এসব জমির পাকা ধান কাটার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সময়মতো ফসল ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন তারা।

চরফ্যাশন উপজেলার কৃষক মো. মাইনুদ্দিন বলেন, অনেক আশা নিয়ে পাকা ধান ঘরে তোলার অপেক্ষায় ছিলেন। ধান বিক্রি করে ধার-দেনা পরিশোধের পরিকল্পনাও ছিল। কিন্তু অসময়ের বৃষ্টিতে সেই আশা ভেঙে গেছে। খেতের অনেক ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তিনি। একই উদ্বেগের কথা জানিয়েছেন সাম্রাজ্য এলাকার মো. মনির হোসেন ও আমিনাবাদ এলাকার কৃষক মো. নাফিস উদ্দিন।

মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের কৃষক আবদুল হাশিম জানান, উপজেলার অধিকাংশ আমনখেতের পাকা ধান বৃষ্টি ও বাতাসে নুয়ে পড়েছে। খেতে পানি জমে থাকায় ধানের শিষ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

উত্তর সাকুচিয়া ইউনিয়নের কৃষক মিরাজ ও রাসেল জানান, তাদের ইউনিয়নে ৫৯০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। অসময়ের বৃষ্টিতে অধিকাংশ জমির পাকা ধান নুয়ে পড়েছে। অনেক খেতে পানির নিচে ডুবে আছে ধানের শিষ। ফলে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা।

কৃষকদের আশঙ্কা, বৃষ্টি অব্যাহত থাকলে ধান কাটা ও শুকানো কঠিন হয়ে পড়বে। সময়মতো ধান শুকাতে না পারলে এর রং লালচে হয়ে যেতে পারে। এতে বাজারে ধানের দাম আরও কমে যাওয়ার শঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টিতে জমিতে পড়ে থাকা খড় নষ্ট হলে তা বিক্রি করাও কঠিন হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মনপুরার পাঁচটি ইউনিয়নের ১৫টি ব্লকে মোট ৮ হাজার ৯০৯ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে হাজিরহাট ইউনিয়নের তিনটি ব্লকে ১ হাজার ৯৮২ হেক্টর, উত্তর সাকুচিয়ায় ১ হাজার ৮৩৩ হেক্টর, দক্ষিণ সাকুচিয়ায় ১ হাজার ৮৬২ হেক্টর, মনপুরা ইউনিয়নে ১ হাজার ৬৬০ হেক্টর এবং কলাতলী ইউনিয়নে ১ হাজার ৭৩৮ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ২৪৭ মেট্রিক টন।


সম্প্রতি হাজিরহাট, মনপুরা, উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন আমনখেত ঘুরে দেখা গেছে, অধিকাংশ জমির পাকা ধান নুয়ে পড়েছে। কোথাও কোথাও আধাপাকা ধান বৃষ্টির পানিতে ডুবে আছে। আবার কিছু জমিতে পাকা ও আধাপাকা ধান পাশাপাশি রয়েছে। প্রায় সব খেতেই পানি জমে থাকতে দেখা গেছে।

দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কৃষক জামাল উদ্দিন, সাইদুর, রাসেল ও আব্বাস জানান, ধার-দেনা করে তারা আমন ধানের চাষ করেছেন। এবার ফলনও ভালো হয়েছে। কিন্তু হঠাৎ বৃষ্টি ও ঝোড়ো বাতাসে খেতের ধান নুয়ে পড়েছে। এখন সময়মতো ধান কাটা ও শুকানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। নতুন করে বৃষ্টি হলে তাদের সারা বছরের পরিশ্রম পণ্ড হওয়ার আশঙ্কা রয়েছে।

মনপুরা উপজেলা কৃষি কর্মকর্তা আহসান উল্লাহ জানান, অসময়ের বৃষ্টিতে আমনখেতের ধান নুয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় উপজেলার ১৫টি ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি মুঠোফোন ও অনলাইনেও কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. খাইরুল ইসলাম মল্লিক বলেন, অসময়ের বৃষ্টিতে ধানগাছ নুয়ে পড়লেও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। তবে বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ক্ষতি হতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণে কৃষি বিভাগের কর্মকর্তারা সচেতন রয়েছেন।

সময়ের আলো/এনএন


  বিষয়:   বৃষ্টি  আমন ধান  দুশ্চিন্তা  কৃষক  চরফ্যাশন  ভোলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: