প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:৩৬ পিএম আপডেট: ২২.১১.২০২৬ ৮:৩৬ পিএম
উৎসবকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ছবি : সময়ের আলো পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের শত বছরের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব রাস মেলা। পাঁচ দিনব্যাপী এ উৎসবকে ঘিরে কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছে নতুন সাজে। উৎসবকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতি বছর রাস উৎসবকে ঘিরে দুই থেকে তিন লাখ পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটে। এবারও এর ব্যতিক্রম হবে না বলে আশা করছে উপজেলা প্রশাসন। বিপুলসংখ্যক পুণ্যার্থীর আগমন উপলক্ষ্যে তাদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এদিকে উৎসবকে বরণ করে নিতে মন্দির প্রাঙ্গণে চলছে সাজসজ্জার কাজ। কারিগরদের নিপুণ রং-তুলির আঁচড়ে নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে ১৭ জোড়া যুগল প্রতিমা। সোমবার রাতে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হবে সঙ্গীতানুষ্ঠান, ভাগবত পাঠ ও মহানাম কীর্তন। মঙ্গলবার ভোরে কুয়াকাটা সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী গঙ্গাস্নান বা পুণ্যস্নান।
এরপর মঙ্গলবার বিকেল থেকে কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে শুরু হবে তিন দিনব্যাপী রাসমেলা। এ উৎসবকে কেন্দ্র করে কুয়াকাটা সমুদ্রসৈকতে বসবে সহস্রাধিক অস্থায়ী দোকান। দেশ-বিদেশের পুণ্যার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে কুয়াকাটাসহ পুরো পর্যটন এলাকা।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, রাস উৎসবে আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সময়ের আলো/এনএন