প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:৪৬ পিএম আপডেট: ২২.১১.২০২৬ ৯:২০ পিএম
ছবি : সময়ের আলো চট্টগ্রামে ইউটিউব দেখে এবং চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির দায়ে তৌহিদুল আলম আকিব (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ইয়াবা তৈরির লাখ টাকার সরঞ্জাম। শনিবার রাতে ইয়াবা তৈরিতে জড়িত ওই তরুণকে গ্রেফতার করে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) সিএমপির চান্দগাঁও থানার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরা হয়।
ইয়াবা তৈরি করতে নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে আনা হয়। জেলার হাটহাজারীর কুয়াইশ এলাকায় ভাড়া বাসায় বসানো হয় সেই মেশিন। সেটিই মূলত ভিন্ন কৌশলের ইয়াবা তৈরির কারখানা। এই কারখানায় নিয়মিত ইয়াবা তৈরি করা হতো। পরে বিভিন্ন স্থানে বিক্রি করা হতো। পুলিশের হাতে ধরা পড়ার এমন বক্তব্য তুলে ধরেন তরুণ ইয়াবা কারবারি আকিব।
পুলিশের হাতে গ্রেফতারের সময় নিজের কৌশলে তৈরি করা দুই পিস ইয়াবাও জব্দ করে পুলিশ। পরে দুই হাটহাজারীর ভাড়া বাসায় অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে ইয়াবা তৈরির মেশিন, কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। তিনি বলেন, গত ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় মেহেরাজ খান চৌধুরী ঘাট সিএনজি গ্যাস পাম্পের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন আকিব। এ সময় মোবাইল ডিউটিতে থাকা পুলিশের একটি দল তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আকিব তার ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা জানান। পরে তাকে সঙ্গে নিয়ে হাটহাজারী থানার কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে একটি ইয়াবা তৈরির মেশিন, কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং ইয়াবার আকার নির্ধারণের একটি স্লাইড ক্যালিপার্স জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ আরও বলেন, জিজ্ঞাসাবাদে আকিব বলেছেন ইউটিউব দেখে ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল আয়ত্ত করেছে। পরে নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে ভাড়া বাসায় স্থাপন করেন। ব্যবসার উদ্দেশ্যে ইয়াবা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন।
এদিকে জব্দ করা ইয়াবা তৈরির মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় গ্রেফতার আকিবের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সময়ের আলো/আতা