প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:৩৩ পিএম আপডেট: ২২.১১.২০২৬ ৯:৩৩ পিএম
নিহত মো. বোরহান উদ্দিন। ছবি : সংগৃহীত চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে মো. বোরহান উদ্দিন (২৮) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত বোরহান উদ্দিন মঘাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজির তালুক গ্রামের মো. মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে দিঘিরপাড়া এলাকায় মোজাম্মেল হোসেনের বাড়ির বাউন্ডারি ওয়ালের নির্মাণাধীন তোরণ ধসে অন্তত ১৫ ফিট নিচে ইট কংক্রিটের ভেতর চাপা পড়েন ওই শ্রমিক। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে তিনি মারা যান। অভিযোগ রয়েছে, তোরণটি নির্মাণে ঢালাই দেওয়া হয় গত বৃহস্পতিবার সকালে। তিন দিনের মাথায় সেন্টারিং খোলায় তা ধসে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, সকালে কিছু বুঝে উঠার আগে বিকট শব্দে এলাকা কেঁপে উঠে। বের হয়ে দেখি নির্মাণাধীন তোরণটি ভেঙে কাজ করতে আসা একটি লোক সেখানে চাপা পড়ে আছে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করা হয়। ততক্ষণে তিনি মারা যান।
তিনি আরও বলেন, তোরণটি ঢালাই দেওয়া হয় বৃহস্পতিবারে। তিন দিনের মাথায় সেন্টারিং খোলার নিয়ম না থাকলেও কাজের ঠিকাদার উদাসীন হয়ে তা খুলে ফেলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইয়াকুব বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। পরবর্তীতে মরদেহ মিরসরাই থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, নির্মাণাধীন গেটের তোরণের ছাদ ধসে এক শ্রমিক মারা গেছেন। মরদেহ থানায় আনা হচ্ছে। যদি এ ঘটনায় পরিবার মামলা করতে চায়, তাহলে আইনি প্রক্রিয়া শুরু করব।
সময়ের আলো/এনএন