প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:০৩ পিএম
সংগৃহীত ছবিচট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে পুলিশের সোর্স হিসেবে পরিচিত মো. আবছার চৌধুরী (৩২) নামের এক যুবককে চার রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় তেমুহনী বাজারের পূর্ব পাশে তার ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। তিন মোটরসাইকেলে আসা ৫-৬ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার শরীরের বিভিন্ন অংশে চার-পাঁচটি জখম হয়।
আবছার কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সাহাব উদ্দিন চৌধুরীর ছেলে। পেশায় তিনি স্থানীয়ভাবে একটি দোকানে ব্যবসা করেন। তবে তিনি থানা পুলিশের সোর্স হিসেবে এলাকায় পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর আবছার তার ব্যবসা প্রতিষ্ঠানে বসা ছিলেন। এ সময় তেমুহনী বাজারের দিক থেকে তিনটি মোটরসাইকেলে ৫-৬ জন অস্ত্রধারী দুর্বৃত্ত সেখানে আসে। পরে মুহূর্তেই তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আবছার চৌধুরী হামলায় জড়িত হিসেবে মো. কাদের ও মো. হারেছ নামে দুইজনের কথা উল্লেখ করে তিনি জানান, তাকে গুলি করে তারা দ্রুত পালিয়ে গেছে। এ ঘটনায় হামলার কারণ এবং অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে আবছারের পূর্ব-বিরোধ রয়েছে কি-না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) ডা. মো. রাশেদুল ইসলাম জানান, তার হাত, পা ও পেটে গুলির আঘাত রয়েছে। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, আবছার নামের এক যুবকের দোকানে এসে কয়েকজন অস্ত্রধারী এসে গুলি ছুঁড়ে সটকে পরে। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়।
তবে আবছার চৌধুরী পুলিশের পেশাদার সোর্স নয় দাবি করে তিনি বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। অপরাধীদের ধরতে অভিযান শুরু করা হয়েছে।
সময়ের আলো/আতা