ছবি : সময়ের আলোপোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়িভাড়া বাড়িয়ে শ্রমিকদের নতুন করে চাপে না ফেলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মজুরি বোর্ডের মাধ্যমে বেতন বাড়ার পরপরই কোনো বাড়ির মালিক ভাড়া বাড়ালে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার সাভার পৌরসভার হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি যেমন যৌক্তিক, তেমনি মালিকপক্ষও তাদের অবস্থান তুলে ধরছে। নিরপেক্ষ মজুরি বোর্ড উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে একটি বেতন কাঠামো নির্ধারণ করবে। শ্রমিকদের বেতন বাড়বে, এটা নিশ্চিত। তবে বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িভাড়া বাড়ানো হলে শ্রমিকরা আবারও দিশাহারা হয়ে পড়বেন।
বাড়ির মালিকদের উদ্দেশে তিনি বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে বেতন বৃদ্ধি হওয়ার পরপরই দয়া করে বাড়িভাড়া বাড়াবেন না। আপনাদেরও যদি যৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধির বিষয় থাকে, সেটি বিবেচনা করবেন। কিন্তু শ্রমিকদের বেতন বাড়ার সঙ্গে সঙ্গে ভাড়া বাড়ালে তাদের কষ্ট আরও বেড়ে যাবে।
প্রতিমন্ত্রী জানান, আগামী এক-দুই দিনের মধ্যে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও মজুরি বোর্ড একসঙ্গে বসে বেতন কাঠামো নির্ধারণ করতে পারে। সেই সিদ্ধান্তের মাধ্যমে পোশাকশিল্পে কর্মচাঞ্চল্য ফিরিয়ে এনে দেশের অর্থনীতির চালিকাশক্তিকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।
পোশাকশিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অস্থিরতা সৃষ্টির পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশের বাইরে অবস্থানরত নেতাকর্মীদের উসকানি রয়েছে বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। তার দাবি, বিদেশে অবস্থান করে কিছু লোককে উসকানি দেওয়া হচ্ছে, আর সেই প্ররোচনায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার মানবিক বিবেচনায় আন্দোলন ধৈর্যের সঙ্গে মোকাবিলা করছে। সরকার গুম, হত্যা কিংবা গুলি করে মানুষ হত্যার রাজনীতি করতে চায় না।
সম্প্রতি গোপালগঞ্জে সহিংসতার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, দেশের সব অঞ্চলের সমান উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সরকার দায়িত্ব নিয়েছে। গোপালগঞ্জের উন্নয়নে ইতোমধ্যে ১ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তবে কোনো এলাকার মানুষ যদি সেখানে থানা, উপজেলা পরিষদ কিংবা সরকারি অফিস রাখতে না চায়, তাহলে সরকার জোর করে প্রশাসনিক ব্যবস্থা চাপিয়ে রাখার প্রয়োজন মনে করে না বলেও মন্তব্য করেন তিনি।
সভায় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, পোশাক কারখানার মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আতা