পরীক্ষা ছাড়াই কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ ভোক্তা অধিদফতরের কর্মকর্তার বিরুদ্ধে

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

পরীক্ষাগারে নমুনা পরীক্ষা ছাড়াই কাঁচামালকে ভেজাল আখ্যা দিয়ে দুই লাখ টাকা জরিমানা এবং প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ

2026-11-22T22:49:51+00:00
2026-11-22T22:49:51+00:00
 
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সারাদেশ
পরীক্ষা ছাড়াই কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ ভোক্তা অধিদফতরের কর্মকর্তার বিরুদ্ধে
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ পিএম 
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের জামালপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম। ছবি : সংগৃহীত
পরীক্ষাগারে নমুনা পরীক্ষা ছাড়াই কাঁচামালকে ভেজাল আখ্যা দিয়ে দুই লাখ টাকা জরিমানা এবং প্রায় এক কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ উঠেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের জামালপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামের বিরুদ্ধে। একই সঙ্গে ভয়ভীতি দেখিয়ে ফাঁকা ফরমে স্বাক্ষর নেওয়ার অভিযোগও করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গ্রিন বায়োটেকনোলজি।

এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, প্রশাসনিক প্রতিকার, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, আদায় করা জরিমানার টাকা ফেরত এবং ধ্বংস করা কাঁচামালের ক্ষতিপূরণ চেয়ে রোববার সকালে অধিদফতরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, আমি ওই কারখানায় গিয়ে কাঁচামালগুলো মেয়াদোত্তীর্ণ পেয়েছি। মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের সুযোগ নেই। তাই কাঁচামালগুলো পরীক্ষা করা হয়নি। সেগুলো ধ্বংস করা হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরও বলেন, আমি কোনো জব্দ তালিকা করিনি। আমি কোনো ফাঁকা ফরমে স্বাক্ষর আদায় করিনি। আমি সেখানে কাউকে গ্রেফতারের হুমকিও দিইনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সি নাংলায় অবস্থিত গ্রিন বায়োটেকনোলজির উৎপাদন কারখানা পরিদর্শনে যান সহকারী পরিচালক শরীফুল ইসলাম। এ সময় কারখানায় সংরক্ষিত কিছু কাঁচামাল তার নজরে আসে।

প্রতিষ্ঠানটির দাবি, এসব কাঁচামাল নিজস্ব মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে পুনঃপরীক্ষার আওতায় ছিল। প্রতিটি পাত্রে ‘পুনঃপরীক্ষিত’ লেবেল লাগানো ছিল এবং নির্ধারিত মেয়াদও শেষ হয়নি। কিন্তু কোনো ধরনের নমুনা পরীক্ষা বা পরীক্ষাগারভিত্তিক প্রমাণ ছাড়াই সেগুলোকে ভেজাল ঘোষণা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় এক কোটি টাকার বিভিন্ন পণ্যের কাঁচামাল ধ্বংস করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক মো. নজরুল ইসলাম বলেন, কাঁচামালগুলো সরকারি বা অন্য কোনো পরীক্ষাগারে পরীক্ষা করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলেও তা করা হয়নি। বরং তাৎক্ষণিক জরিমানা পরিশোধে বাধ্য করা হয়। জরিমানার সুনির্দিষ্ট ভিত্তি ও পূর্ণাঙ্গ লিখিত আদেশও দেওয়া হয়নি।

প্রতিষ্ঠানটির দাবি, তাদের সব পণ্যের বিএসটিআইয়ের বৈধ লাইসেন্স রয়েছে। অধিকাংশ পণ্য বিসিএসআইআর কর্তৃক ডার্মাটোলজিক্যালি পরীক্ষিত ও নিরাপদ।

সময়ের আলো/আতা
  বিষয়:   পরীক্ষাগার  নমুনা পরীক্ষা  কাঁচামাল  ভেজাল  জরিমানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: