প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৩৪ পিএম
হালুয়াঘাট থানায় আগুন, পুড়ে গেছে গোপনীয় নথিপত্র। ছবি : সময়ের আলোময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ দাফতরিক ও গোপনীয় নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে থানার সেরেস্তা কক্ষে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা পুলিশ সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে কক্ষে সংরক্ষিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় তারা ক্ষতিগ্রস্ত কক্ষ ও পুড়ে যাওয়া নথিপত্রের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান খন্দকার জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য সিআইডির বিশেষায়িত ক্রাইম সিন দল কাজ করছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এদিকে, আগুনে ঠিক কতটুকু নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিরূপণের কাজ চলছে। পুড়ে যাওয়া নথির মধ্যে মামলাসংক্রান্ত কাগজপত্র, গুরুত্বপূর্ণ দাফতরিক রেকর্ড কিংবা গোপনীয় নথি রয়েছে কি না, তা যাচাই করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখনো ক্ষতিগ্রস্ত নথিপত্রের পূর্ণাঙ্গ তালিকা ও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
সিআইডির আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে থেকে জানা গেছে।
সময়ের আলো/আতা