প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ পিএম
নিহত কৃষকদল নেতা রাজু মোল্লা। ছবি : সংগৃহীতকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লা নিহত হওয়ার ঘটনার ৫দিন পর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে এই মামলা করেছেন। রোববার (২২ নভেম্বর) বিকেলে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এই মামলায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে ১ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের অন্তত ৯৬ জন নেতাকর্মীসহ অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৭ নভেম্বর সকাল ৭টা ২০ মিনিটে নিজের মোটরসাইকেলে করে ভাঙ্গার দিকে রওনা হয়েছিলেন রাজু মোল্লা। হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছানোর পর এজাহারভুক্ত আসামিদের পাশাপাশি অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন পলাতক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সক্রিয় কর্মী তার পথ আটকান।
এজাহারে দাবি করা হয়েছে, প্রধান আসামি মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের নির্দেশ ও অর্থায়নে হাইওয়ে মহাসড়ক অবরোধ করে মশাল জ্বালিয়ে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা রাজু মোল্লার মোটরসাইকেল থামান। এরপর তাকে রাস্তায় টেনেহিঁচড়ে নিয়ে বেধড়ক মারধরসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন।
সময়ের আলো/আতা