প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৩৬ পিএম
গ্রেফতার আতাউস সামাদ বাবু। ছবি : সংগৃহীতহবিগঞ্জে পুলিশের এএসআই’কে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ বলে হুমকিদাতা নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের আবদুর রউফের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. ইকতার মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। থানায় পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা এবং সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আতাউস সামাদ। ওই বছরের ৬ ডিসেম্বর পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। পরে জামিনে মুক্তি পান তিনি।
জামিনে মুক্ত হওয়ার পর গত ১৭ অক্টোবর পুলিশের এক এএসআই’কে উদ্দেশ্য করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আতাউস সামাদ। সেখানে তিনি লেখেন, ‘দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না ইনশাআল্লাহ।’
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, তাকে গ্রেফতার করতে এএসআই দেলোয়ার হোসেন তার বাড়িতে গিয়েছিলেন। তবে ওই সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে ছাত্রলীগ নেতা সিরাজ গ্রেফতার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। রাজনীতি করতে গিয়ে কয়েকবার কারাগারে যেতে হয়েছে বলেও স্ট্যাটাসে দাবি করেন আতাউস সামাদ। তার এই স্ট্যাটাস নিয়ে জেলাজুড়ে আলোচনার সৃষ্টি হয়।
উল্লেখ্য, এএসআই দেলোয়ার হোসেন মাধবপুর থানার অধীন কাশিমনগর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
সময়ের আলো/এনএন