পুলিশের পিকআপ ভ্যান চুরির ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

চট্টগ্রামে পুলিশের টহল পিকআপ চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চুরির

2026-11-23T02:00:24+00:00
2026-11-23T02:00:24+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
পুলিশের পিকআপ ভ্যান চুরির ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:০০ এএম 
পুলিশের টহল পিকআপ ভ্যান। ছবি : সংগৃহীত
চট্টগ্রামে পুলিশের টহল পিকআপ চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চুরির সময় গাড়িটির দায়িত্বে থাকা সদস্যদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

রোববার (২২ নভেম্বর) এক অফিস আদেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। সিএমপির জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৮ নভেম্বর দুপুর পৌনে ৩টার দিকে নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইন্সের সামনের সড়ক থেকে টহল পিকআপটি চুরি হয়। ওই সময় গাড়িতে থাকা হালিশহর থানার তিন পুলিশ সদস্য ও চালক পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। প্রায় ১০ মিনিট পর ফিরে এসে তারা পিকআপটি আর দেখতে পাননি।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে দুই কনস্টেবল ওই টহল দলে ছিলেন। তারা পিকআপটি জেলা পুলিশ লাইন্সের গেটসংলগ্ন পুনাক ক্যান্টিনের সামনে রেখে খাবার খেতে যান। পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ।

ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি নকল চাবি ব্যবহার করে পিকআপটি চালু করেন এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। চুরির আগে সন্দেহভাজনদের গতিবিধিও ক্যামেরায় ধরা পড়ে। মোটরসাইকেলে করে দুজন এসে পিকআপটির আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় মোটরসাইকেলচালক রুবেলের সঙ্গে প্রায় সাত সেকেন্ড কথা বলেন। পরে রুবেল পিকআপটি নিয়ে চলে যান।


চুরির প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফকিরনিরহাট এলাকা থেকে পিকআপটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রুবেল নামে এক ব্যক্তিকে একই দিন রাতে নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, চুরির পর পুলিশের গাড়ির পরিচয় ব্যবহার করে একটি নির্ধারিত পেট্রলপাম্প থেকে বিনা মূল্যে ২৮ লিটার জ্বালানি নেন রুবেল। পরে গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি একটি গ্যারেজে নিয়ে মেরামতের চেষ্টা করেন।

দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া চার সদস্যের মধ্যে এসআই দেলোয়ার হোসেন ও গাড়িচালক আক্তার রয়েছেন। উদ্ধার হওয়া পিকআপটি এখনো হালিশহর থানার দায়িত্ব পালনে ব্যবহার করা হচ্ছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গাড়িটি পুরোনো হওয়ায় অন্য চাবি দিয়েও চালু করা গেছে। পুলিশের কিছু পুরোনো গাড়ি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি গাড়িটি নিজেদের হেফাজতে রাখার দায়িত্ব ছিল সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের। তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   পুলিশ  পিকআপ ভ্যান  এসআই  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: