গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান, অধরা বড় কারবারিরা

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর সীমান্তবর্তী গোদাগাড়ী উপজেলায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। হেরোইন, ইয়াবা ও গাঁজার কেনাবেচা, প্রকাশ্যে মাদক সেবন এবং সন্দেহজনক যানবাহনের

2026-11-23T06:51:38+00:00
2026-11-23T06:51:38+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান, অধরা বড় কারবারিরা
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:৫১ এএম 
ছবি : সময়ের আলো
রাজশাহীর সীমান্তবর্তী গোদাগাড়ী উপজেলায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। হেরোইন, ইয়াবা ও গাঁজার কেনাবেচা, প্রকাশ্যে মাদক সেবন এবং সন্দেহজনক যানবাহনের আনাগোনা নিয়ে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের চলাচল দেখা যায়। মাদকবিরোধী অভিযানে সেবনকারীরা আটক হলেও ব্যবসার মূল হোতারা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।

স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী এলাকা থেকে উপজেলার বিভিন্ন জনপদের অলিগলি পর্যন্ত মাদক কেনাবেচার বিস্তার ঘটেছে। সীমান্তপুর, সুগেট, লস্করহাটি, সুলতানগঞ্জ, কামারপাড়া, হাটপাড়া, হলের মোড়, মহিশাবাড়ী, মাদারপুর, ভগবন্তপুর, মাটিকাটা, ফুলতলা, বিদিরপুর, কালিদিঘি, রাজাবাড়ীহাট ও আলিপুরসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের আনাগোনা রয়েছে।

বাসিন্দাদের ভাষ্য, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এসব এলাকায় দামি প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল এসে দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যেই নির্দিষ্ট ব্যক্তিদের মাধ্যমে মাদক লেনদেন হয়। কখনো কখনো যানবাহনের ভেতরে বসেই মাদক সেবন করা হয়। এসব ঘটনা চোখে পড়লেও নিরাপত্তার কারণে অনেকে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না।

স্থানীয় এক দোকানদার বলেন, প্রতিদিন বিভিন্ন ধরনের গাড়ি এলাকায় আসে। তরুণদের আনাগোনাও বেড়েছে। তার দাবি, গাড়ির জানালা দিয়ে মাদক লেনদেনের ঘটনা দেখা যায়। তবে এসব বিষয়ে কথা বলতে গেলে বিপদে পড়ার আশঙ্কা থাকে।

স্থানীয়দের অভিযোগ, মাদকসংশ্লিষ্ট তৎপরতা শুধু প্রত্যন্ত এলাকায় সীমাবদ্ধ নয়। গোদাগাড়ী থানার পাশেও এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মাদক কেনাবেচা ও সেবনের ঘটনা ঘটছে। থানা থেকে অল্প দূরত্বে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এমন তৎপরতার অভিযোগ ওঠায় উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।

গত ১২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় গোদাগাড়ী পৌরসভা-সংলগ্ন পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের পাশে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে তিনজনকে মাদকসংক্রান্ত অপরাধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।

এর দুই দিন পর, ১৪ নভেম্বর শনিবার রাতে গোদাগাড়ী মডেল স্কুল অ্যান্ড কলেজের পেছনের মাঠে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। স্থানটি গোদাগাড়ী মডেল থানা থেকে মাত্র ৫০ গজ দূরে বলে স্থানীয়রা জানিয়েছেন। ওই অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

প্রশাসনের এসব অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, ইউএনও ইসরাত জাহান মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

স্থানীয় এক শিক্ষক বলেন, মাদক তরুণদের ভবিষ্যৎ নষ্ট করছে। শিক্ষার্থী ও যুবকদের একটি অংশ মাদকে আসক্ত হয়ে পড়ছে। মাদক সহজলভ্য হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।


ওই শিক্ষক আরও অভিযোগ করেন, গোদাগাড়ী মডেল থানা-পুলিশের মাদকবিরোধী কার্যক্রম বা দৃশ্যমান ভূমিকা নিয়ে এলাকাবাসীর মধ্যে সন্তোষজনক ধারণা নেই।

গোদাগাড়ী সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানে মাদক চোরাচালানের ঝুঁকি রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সীমান্তের বিভিন্ন পথ দিয়ে মাদক দেশে প্রবেশের পর ছোট ছোট চালানে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালানো হলেও সরবরাহের উৎস ও বড় কারবারিদের শনাক্ত করা যাচ্ছে না।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞা বলেন, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে তার যোগদানের পর এখন পর্যন্ত বড় ধরনের কোনো মাদকের চালান আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   গোদাগাড়ী  মাদকবিরোধী  অভিযান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: