ছবি : সময়ের আলো চট্টগ্রামের ফটিকছড়িতে চলতি মৌসুমে আমনের ভালো ফলনের সম্ভাবনায় কৃষকদের মুখে হাসি ফুটেছিল। কিন্তু ধান কাটার ভরা মৌসুমে কয়েক দিনের গুঁড়ি বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় সেই আনন্দে ভাটা পড়েছে। পাকা ধান কাটতে দেরি হওয়া, কেটে রাখা ধান বৃষ্টিতে ভিজে যাওয়া এবং মাড়াই করা ধান শুকাতে না পারায় বাড়তি খরচের শঙ্কায় পড়েছেন কৃষকেরা। পাশাপাশি ধানের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে। নিম্নাঞ্চলের জমি পানিতে তলিয়ে থাকায় কোথাও পাকা ধানে পচন ধরেছে। কোথাও জমিতে পড়ে আছে কাটা ধানের আঁটি, আবার কোথাও মাড়াই করা ধান শুকানোর অপেক্ষায়। প্রতিকূল আবহাওয়ায় সময়মতো ফসল ঘরে তুলতে না পেরে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৈরী আবহাওয়ার মধ্যেও ফসল ঘরে তোলার চেষ্টা করছেন কৃষকেরা। আধুনিক যন্ত্রের সাহায্যে ধান মাড়াইয়ের কাজ চললেও বৃষ্টিতে ভেজা ধান শুকানো নিয়ে বিপাকে পড়েছেন তারা।
কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ফটিকছড়িতে ২২ হাজার ৩২০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২৩ হাজার ৫৮০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ বেড়েছে ১ হাজার ২৬০ হেক্টর। উপজেলায় আমন ধান চাষ করেছেন ২৯ হাজার ৫৬০ জন কৃষক।
কৃষকেরা জানান, বৃষ্টির কারণে ধান কাটা ও শুকানোর কাজ পিছিয়ে গেছে। নিম্নাঞ্চলের অনেক ধানি জমি এখনো পানিতে ডুবে রয়েছে। এতে জমি সময়মতো প্রস্তুত করা সম্ভব হচ্ছে না। ফলে আমন কাটার পর সবজিসহ পরবর্তী ফসলের আবাদেও দেরি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে বাড়তি আয়ের সুযোগ হারানোর পাশাপাশি আমন ধানেও লোকসানের মুখে পড়তে পারেন তারা।
পাঁচপুকুরিয়া গ্রামের কৃষক মুহাম্মদ এনাম বলেন, ‘এবার ভালো ফলনের আশায় আমরা বেশি জমিতে আমন চাষ করেছি। কিন্তু বৃষ্টির কারণে পাকা ধান কাটা ও কেটে রাখা ধান শুকানো নিয়ে সমস্যায় পড়েছি। কিছু জমি এখনো পানিতে নিমজ্জিত। সময়মতো জমি খালি করতে না পারলে আলু, মরিচ ও শিমের মতো আগাম রবিশস্যের আবাদ ব্যাহত হবে। এতে বাড়তি খরচের শঙ্কায় রয়েছি সবাই।’
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে সারা দেশ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রতি কেজি ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে। গত ১৪ নভেম্বর থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক বলেন, ‘উপজেলায় ২৯ হাজার ৫৬০ জন কৃষক আমন ধানের আবাদ করেছেন। গত কয়েক দিনের বৃষ্টিতে কৃষকদের মধ্যে অস্বস্তি ও শঙ্কা দেখা দিয়েছে। তারপরও উপসহকারী কৃষি কর্মকর্তারা তাদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। বৃষ্টিতে পাকা ধান কাটার কাজে কিছুটা বিলম্ব হলেও আমরা এখনো আশাবাদী।’
সময়ের আলো/এসএকে